‘‘নজরুল বর্ষ’’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

সারাদেশে একযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট এবং ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’- এর লোগো উন্মোচন করেন। এ কার্যক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মধ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার অন্তরজুড়ে ছিল সমগ্র বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষও তাকে পরম মমতায় ভালোবেসেছে। তিনি বলেন, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথমবার ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধরে রাখতে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার সম্ভাব্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ। এ দেশের মানুষও তাকে হৃদয়ে ধারন করেছে। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে প্রধান দিশারী তিনি। দেশের সব আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টি ছিলো প্রধান প্রতিপাদ্য। “আমি হবো সকাল বেলার পাখি” অথবা “থাকবো নাকো বদ্ধ ঘরে” এ ধরনের কবিতা প্রজন্মের কাছে আশার আলোকবর্তিকা হতে পারে। শুধু মানুষের নিরাপত্তাই নয় কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সরকার সেটি নিশ্চিত করতে চায়। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে রোববার (২১ জুন) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীকে ঘিরে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন প্রজন্মের শিশুদের কাছে নজরুল চেতনা ছড়িয়ে দিতে, আগামী বছরের ২৫ মে পর্যন্ত কার্যকর থাকবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক নজরুল বর্ষ উদ্বোধন কালে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার, ওসি খন্দকার শাকের আহমেদ, পৌরবিএনপি সাধারণ সম্পাদক হারেছ গণি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন সহ বিভিন্ন দফতরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সকল শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে জাগিয়ে রাখতে, উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে প্রথমদিন কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা, ২য় দিন কবিতা আবৃতি ও নৃত্য প্রতিযোগিতা এবং ৩য় দিন রচনা প্রতিযোগিতা ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিশেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে ১মদিনের অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন ইউএনও আহমেদ সাদাত।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম