বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা

ডিএনবি নিউজ ডেস্ক:

৬ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে এই মেলায়। স্যামসাং, অপ্পো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে এখানে।

এ ছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও এক্সেসরিজ নিয়ে থাকবে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন। থাকছে প্রথমবারের মতো ৫জি এক্সপিরিয়েন্স জোন।

মেলায় দর্শকরা ঢুকতে পারবেন বিনামূল্যে। তবে মাস্ক না পরলে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। মেলার প্রবেশদ্বারে তাপমাত্রা মেপে তা গ্রহণযোগ্য হলেই প্রবেশ করা যাবে মেলায়।




পথ পাঠাগার’কে বই ও অর্থ সহায়তা দিলেন ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্যের ধারক ও বাহক ‘‘পথ পাঠাগার’’কে বই ও নগদ অর্থ প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান। ২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পথ পাঠাগার’কে এ সামগ্রী প্রদান করা হয়।

পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার  প্রতিনিধি কে বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি মানুষ যখন ফেসবুক সহ নানান বিষয় নিয়ে সময় কাটাচ্ছে, তখনই সাহিত্যের সকলকে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের সেলুন, হোটেল ও রেস্তোরায় প্রতিষ্ঠা করেছি ‘‘পথ পাঠাগার’’।

এ পর্যন্ত ১৫টি পাঠাগার উদ্বোধনের মাধ্যমে ছড়িয়ে দেয়ার চেস্টা করছি পুঁথিগত বিদ্যা। উপজেলা প্রশাসনের এই মহান উদ্দ্যেগ পাঠাগারের পাঠকদের উপস্থিতি অনেকটা বেড়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন, পথ পাঠাগার এর সাধারণ সম্পাদক মাসুদ রানা, আদিবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপুর্ব রাংসা প্রমুখ।

ইউএনও রাজীব বলেন, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তার অনন্ত জিজ্ঞাসা, অসীম কৌতূহল বিষয়ে সকল প্রশ্নের সমাধান ধরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে বই। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সকল জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। আর সেই বইয়ের আবাসন্থল হলো পাঠাগার। মানুষের হাজার বছরের ইতিহাস পুঞ্জিভূত হয়ে রয়েছে পাঠাগারের একেকটি তাকের ভেতর। পাঠাগার হলো সময়ের খেয়াঘাট, যার মাধ্যমে মানুষ বইয়ের প্রতিটি পাতায় পাতায় ভ্রমন করতে পারে। দুর্গাপুরে ‘‘পথ পাঠাগার’’ নামক সংগঠন দীর্ঘদিন ধরে সাহিত্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে। সে লক্ষ্যে সংগঠনটির অদম্য উদ্দ্যেগ বাড়িয়ে দিতে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষহতে জাতীয় গ্রন্থাগার থেকে বই ও পাঠাগারের রেগ কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। আমি পথ পাঠাগারের সাফল্য কামনা করি।




ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে শ্রমিকরা

ডিএনবি নিউজ ডেস্ক:

ভোগড়া বাইপাস এলাকায় আজ রোববার সকাল ৯টার দিকে প্রায় ১২ শ’ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও আফিসগামী মানুষ। গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইন্টারলিংক ড্রেসেস কারখানার প্রায় ১২ শ শ্রমিক সেপ্টেম্বর মাসের বেকেয়া বেতনের দাবিতে সকালে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।




দুর্গাপুরে খাস খতিয়ান থেকে ভুমি কর কমানোর দাবীতে সংবাদ সম্মেলন

ডিএনবি নিউজ ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরী বাজার এলাকায় প্রায় ৫০ বছর ধরে সরকারি ভুমিতে বসবাসরত প্রায় ১৫০টি নিম্নআয়ের পরিবার, সরকারী ভুমি কর কমানোর দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাজাহান সরকার। তিনি জানান, ১৯৬৫ সন থেকে তেরীবাজার এলাকায় সরকারের কাছ থেকে প্রাথমিক বন্দোবস্ত নিয়ে প্রতি শতক ভুমি ২০ টাকা হারে কর পরিশোধের মাধ্যমে বসবাস করে আসছেন। কিন্তু ভুমি মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন মোতাবেক এখন থেকে প্রতি শতকের কর ৬ হাজার ৫শত ২৫ টাকা হারে পরিশোধ করতে বলা হলে চরম বিপাকে পড়তে হয় তাদের। এ থেকে পরিত্রান পেতে তাদের মাথা গোঁজার জায়গা গুলো অর্পিত সম্পত্তির খাত থেকে সরকারের খাস খতিয়ান খাতে নিয়ে স্থায়ী ব্যবস্থা করে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান ভুক্তভোগীরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. রুস্তম আলী, মো. বাবুল ভান্ডারী, খুদিরাম সাহা, জোবেদা খাতুন, মো. মুকুল ভান্ডারী, মো. নাজিম উদ্দিন, আয়েশা খাতুন, মোশারফ সরকার, সঞ্জিবন সরকার, শাজাহান মিয়া, জব্বার আলী, রহিমা খাতুন প্রমুখ।



১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে গণপরিবহন

ডিএনবি নিউজ ডেস্ক:

আগামী ১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে বাস, ট্রেন ও লঞ্চ। অর্ধেক আসনে খোলা যাবে পর্যটন, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টারগুলো।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।

‘সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বাংলাদেশে সর্বশেষ যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সে অনুযায়ী ১১ আগস্ট থেকে কিছু শর্ত মেনে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। খুলেছে শপিংমল সহ অন্যান্য দোকানপাটও।

তবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদনকেন্দ্রগুলো খোলার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল না। আজকের প্রজ্ঞাপনে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।




১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

ডিএনবি নিউজ ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে। তিনি জানান, তবে এসময় মাস্ক পরাসহ কঠোর ভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি।

আজ রোববার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগের সভায় মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী সভাপতিত্ব করেছেন। সেখানে সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা। ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত। যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দুইশ’র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে।

তিনি আরও বলেন, আগামীতে কী পর্যায়ে শিথিল করবো সেটা আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পেলে কাল জানাতে পারব।

এর আগে মঙ্গলবার আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠকের পর মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের সময় আরও পাঁচদিন, অর্থাৎ ১০ই অগাস্ট পর্যন্ত বাড়ানো কথা জানায়।

সেসময় তিনি বলেছেন, ১১ই অগাস্ট থেকে দোকানপাট, অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলবে। সেই সময় থেকে শর্ত সাপেক্ষে যানবাহন চলাচলও করবে। ১১ই অগাস্ট থেকে বিধিনিষেধ শিথিল থাকবে, তবে ১৮ বছরের বেশি বয়সীরা টিকা নেয়া ছাড়া রাস্তায় বের হতে পারবে না।




খুলছে পোশাক কারখানা, কাজে যোগ দিচ্ছেন কর্মীরাও

ডিএনবি নিউজ ডেস্কঃ

স্বাস্থ্য অধিদফতর চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করলেও খুলে দেয়া হয়েছে দেশের পোশাক কারখানাগুলো। রোববার (১ আগস্ট) সকাল ৮টার মধ্যে নিজ নিজ কারখানায় যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক। তবে বড় বড় কারখানায় কঠোর স্বাস্থ্যবিধি মানা হলেও কোথাও কোথাও তা ঢিলেঢালা দেখা গেছে। সব তৈরি পোশাক কারখানায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ কারখানায় তাপমাত্রা মাপা ও হ্যান্ড স্যানিটাইজারের কোনো ব্যবস্থা রাখা হয়নি।

সকালে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় এ কে এম রহমতুল্লাহ গার্মেন্টস, আর টেক্স ফ্যাশন, জান কম্পোজিট ইউনিট লিমিটেড (ইউনিট-২), ড্রেস ফাই নেটওয়ার্ক, ইনজেক্ট ফ্যাশনসহ বিভিন্ন তৈরি পোশাক কারখানা ঘুরে দেখা গেছে, ৮টার আগেই দলে দলে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। এদের বেশিরভাগই নারী শ্রমিক। আবার কেউ কেউ নতুন কাজের জন্য ভিড় করছেন। তাদের অনেকেই জানিয়েছেন, হঠাৎ গার্মেন্টস খোলার কথা শুনে অনেক কষ্ট করে দূর-দূরান্ত থেকে এসেছেন। আবার কেউ কেউ ঢাকাতেই ছিলেন বলে জানান।




১৫ জুলাই থেকে ‌২৩ জুলাই স্বাস্থ্যবিধি মেনে ‘সব’ চালু

ডিএনবি নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে সর্বাত্মক লকডাউন শিথিল করল সরকার। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকছে। তবে এই সময়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ বিষয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, দেশের আর্থ সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এতে আরও বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এই সময়ে গণপরিবহন চালু থাকবে। দূরপাল্লার গণপরিবহণ, ট্রেন, নেৌপরিবহন চালু থাকবে। মার্কেট, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান চালু থাকবে। এর অর্থ দাঁড়াল, এই সময়ে সবকিছুই চলতে পারবে। ঈদের পর ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে। আজকের আদেশে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

তাতে এখনকার বিধিনিষেধের মতোই সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহনসহ সব যানবাহন বন্ধ এবং শপিংমল ও দোকানপাটও বন্ধ থাকবে। আর এর পাশাপাশি সব ধরনের শিল্প কলকারখানাও বন্ধ থাকবে। চলমান বিধিনিষেধে কলকারখানা খোলা রয়েছে।

গত মে মাসে পবিত্র ঈদুল ফিতরের সময় সরকার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদযাত্রা বন্ধ রাখতে চেয়েছিল। এ জন্য তখন দূরপাল্লার পথে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল, হাজার হাজার মানুষ কড়াকড়ি উপেক্ষা করে বাড়ির অভিমুখে রওনা হন। তাতে পথেঘাটে স্বাস্থ্যবিধি মানা হয়নি। ফেরিঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। তখন দূরপাল্লার বাস বন্ধ থাকায় মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে করে বাড়ি যেতে খরচও বেড়ে যায়। এতে ভোগান্তি দ্বিগুণ হয়।

প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের সর্বাত্মক লকডাউন। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পযর্ন্ত ৮ দিন লকডাউন শিথিল থাকছে।




নোয়াখালীতে মার্কেটে অগ্নিকাণ্ড: ২৫ দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষতি

ডিএনবি নিউজ ইসলাম ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জে ছয়ানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই  গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

স্থানীয় ৫নং ছয়ানী ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন রশিদ জানান, আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারদিকে। এতে ২৫টি দোকান পুড়ে অন্তত দুই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছয়ানী বাজার অনেক বড় হওয়ায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে যায়। এতে বাজারের কসমেটিকস, মুদি, মনোহারি, সেলুনসহ বিভিন্ন ধরণের প্রায় ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।




আলেম-ওলামাদের মুক্তির দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের

ডিএনবি নিউজ ডেস্ক:

আটককৃত সকল আলেম-ওলামাদের মুক্তি দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ রবিবার (৩০ মে) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করিম এ দাবি জানান। বাংলাদেশী পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ বাদ, আসন্ন জাতীয় বাজেট, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী চলমান জেল জুলুম ও মামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণাও করে দলটি।

অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামী ২ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে এবং ৩ জুন দেশব্যাপী প্রতিটি জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এছাড়া পাসপোর্ট থেকে একসেপ্ট ইজরাইল শব্দ বাদ দেয়ার প্রতিবাদে ও সংযোজনের দাবিতে ৫ই জুন শনিবার বিকেল তিনটায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়। এছাড়া টিকা সংগ্রহ ও বিতরণকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি একটি সার্বজনীন কমিটি গঠন করারও দাবি জানান তারা।