


পাকিস্তানের খনিজ সম্পদের প্রতি মার্কিন সরকারের লোলুপ দৃষ্টি
ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:
আমেরিকান ম্যাগাজিন “ফরেন পলিসি” পাকিস্তানের খনিজ সম্পদের প্রতি মার্কিন সরকারের প্রত্যাশা সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইসনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার সাথে যুদ্ধের সময় কিয়েভে পাঠানো সাহায্যের টাকা ফেরত নেওয়ার অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন যখন ইউক্রেন সরকারের সাথে খনিজ সম্পদ বিষয়ে চুক্তি সম্পাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনও কোন ফল পায়নি, তখন আমেরিকান ম্যাগাজিন “ফরেন পলিসি” পাকিস্তানের খনিজ সম্পদের ব্যাপারে ওয়াশিংটনের আগ্রহের বিষয়টি তুলে ধরেছে।
“ফরেন পলিসি”র প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরিক মেয়ার খনি খাতে বিনিয়োগ সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ইসলামাবাদে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এক বৈঠকে মেয়ার বলেন যে আমেরিকান কোম্পানিগুলি পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগ করতে আগ্রহী।
ফরেন পলিসির মতে, মার্কিন কংগ্রেসের আইন প্রণেতারা পাকিস্তানের খনিজ সম্পদ আহরণে আমেরিকার ইচ্ছা সম্পর্কে ইউক্রেনের মতোই একই রকম সংকেত পাঠাচ্ছেন বলে মনে হচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদে পাকিস্তান পার্লামেন্টের যৌথ কমিটির সভাপতি জ্যাক বার্গম্যান সম্প্রতি বলেছেন যে খনিজ এলাকা পাকিস্তানের সাথে অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।
২০২৩ সালের পর পাকিস্তান সফরকারী মার্কিন কংগ্রেসের কর্মকর্তাদের প্রথম প্রতিনিধি দলের অংশ হিসেবে বার্গম্যান গত সপ্তাহে ইসলামাবাদ সফর করেন।
পাকিস্তানের খনিজ সম্পদের মধ্যে রয়েছে তামা ও সোনার বিশাল মজুদ, সেইসাথে লিথিয়ামের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং অনুমান করা হয় যে এর আয়তন প্রায় ৬০০,০০০ বর্গকিলোমিটার জুড়ে যা যুক্তরাজ্যের আয়তনের দ্বিগুণ। যদিও পাকিস্তানের খনিজ সম্পদের মূল্য বর্তমানে ৮ ট্রিলিয়ন ডলার বলে অনুমান করা হচ্ছে এবং ইসলামাবাদ দীর্ঘদিন ধরে তার খনিজ সম্পদ নিয়ে গর্ব করে আসছে, কিন্তু সেগুলো কাজে লাগাতে ইচ্ছুক বিনিয়োগকারীদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে।
ফরেন পলিসি মনে করে যে এই পরিস্থিতিতে, মার্কিন সরকারের এই ধরনের বিনিয়োগের প্রতি আগ্রহ প্রকাশ ইসলামাবাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে খনি খাতে বিনিয়োগ আন্তর্জাতিক অর্থায়নের উপর দেশের নির্ভরতা কমাতে পারে এবং দীর্ঘমেয়াদী অর্থনীতিকে শক্তিশালী করতে পারে।#
সূত্র: পার্সটুডে

দুর্গাপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত
ডিএনবি নিউজ ডেস্ক :
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিএনপি, সিপিবি, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষক সমিতি, শিল্পকলা একাডেমি, পথ পাঠাগার, সময় সাংস্কৃতিক গোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর অংশগ্রহনে পালিত হয়েছে বাংলা নববর্ষ 1432। সোমবার দিনব্যাপি নানা কর্মসুচীর মধ্য দিয়ে এ দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীত ও বৈশাখের গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসের সুচনা ঘটে। পরবর্তিতে এক বর্ণাঢ্য ‘‘বর্ষবরণ শোভাযাত্রা’’ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকগণ সহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
এছাড়া সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ডন বসকো কলেজ, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, এডভান্স মডেল স্কুল, সিপিবি, পথ পাঠাগার, বিরিশিরি বর্ষবরণ উদযাপন কমিটি, দুর্গাপুর ঘুড়ি প্রতিযোগিতা কমিটি, সময় সাংস্কৃতিক গোষ্ঠী সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দিবসের তাৎপর্য তুলে ধরে পৃথক পৃথক আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানো সহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

হাড় কাঁপানো শীতেও ইরি-বোরো চাষে ব্যস্ত কৃষকরা
ডিএনবি নিউজ ডেস্ক:

আগামী কাল থেকে গ্রামীণফোনে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না
ডিএনবি নিউজ ডেস্ক:
প্রিপেইড গ্রাহকদের রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। বুধবার ১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবেন। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী, গ্রামীণফোনের গ্রাহকরা ৩০ টাকার চেয়ে কম রিচার্জ করতে পারবেন না।
গ্রাহকদের এসএমএস দিয়ে এ তথ্য জানিয়ে দিচ্ছে গ্রামীণফোন। পাশাপাশি প্রিপেইড গ্রাহকরা তাদের মাইজিপি অ্যাপেও এই সতর্কীকরণ নোটিশ দেখতে পারছেন।
গ্রাহকদের পাঠানো এসএমএসে গ্রামীণফোন বলেছে, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।’
এছাড়া মাইজিপি অ্যাপে ঢুকলেও সতর্কীকরণ বিজ্ঞাপনের মাধ্যমে বলা হচ্ছে, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।’
গ্রামীণফোনের গ্রাহকরা বর্তমানে সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারেন। এর আগে আমল থেকেই গ্রামীণফোনে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। এরপর ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়। এখন ২০২৪ সালে এসে এই সর্বনিম্ন রিজার্চের সীমা ফের বাড়ানো হলো।

এখন থেকে গ্রাহকরা অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে ব্যবহার করতে পারবেন
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে ব্যবহার করা যাবে।
মঙ্গলবার বিটিআরসির একটি সূত্র জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা একই প্যাকেজের সব অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে ব্যবহার করতে পারবেন।
ডাটা থাকলেও মেয়াদ শেষ হয়ে গেলে তা ব্যবহার করতে না পারায় গ্রাহক পর্যায়ে ক্ষোভ ছিল।
উদাহরণ দিয়ে বিটিআরসির একজন কর্মকর্তা জানান, ধরুন কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরও আপনার কাছে ১০০ জিবি ডাটা রয়েছে। আপনি নতুন একই ডাটা প্যাকেজে এ প্যাকেজের ডাটা ও সঙ্গে ১০০ জিবি ব্যবহার করতে পারবেন।

কয়েকদিনের বৃষ্টিতে চরাঞ্চলে সরিষা ক্ষেতে পানি, শঙ্কায় কৃষক
ডিএনবি নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে সরিষা ক্ষেতে পানি জমেছে। অনেক জমির গাছ থেকে ঝরে পড়ছে সরিষা। এতে সরিষার আবাদ নিয়ে ক্ষতির শঙ্কা করছেন কৃষক।
কৃষকেরা জানান, আগাম সরিষা ক্ষেতে ফুল এসেছে। বৃষ্টি ও বাতাসের কারণে অনেক ক্ষেতেই সরিষা গাছ নুয়ে পড়েছে। ফুল ও ফল নষ্ট হয়ে যাচ্ছে।
আজিমনগর, লেছড়াগঞ্জ, সুতালড়ী ইউনিয়নসহ চরাঞ্চলে টানা দুই দিনের বৃষ্টিতে অনেক জমির সরিষাগাছ পড়ে গেছে। কিছু নিচু জমিতে পানিও জমেছে বলেও জানান এসব এলাকার কৃষক।
উপজেলার বয়ড়া ইউনিয়নের মীরডাঙ্গি চরের সরিষাচাষি কুব্বাত বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। বৃষ্টিতে আগাম বোনা কিছু সরিষার ক্ষতি হয়েছে।’
আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের চাষি লতিফ পাল বলেন, ‘ছয় বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। বৃষ্টির ফলে কিছু জমির সরিষার ফুল পড়ে গেছে। ফুল না থাকলে তো আর ফসল হবে না।’
একই এলাকার আরেক চাষি শহিদ ব্যাপারী বলেন, ‘এ বছর একশ দেড় বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। বৃষ্টির কারণে সরিষার চারা গাছগুলো নুয়ে পড়েছে। টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছি।’
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, ‘চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬৪৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষা ভালো হয়েছে। বৃষ্টির কারণে বেশির ভাগ জমি সরিষার জন্য ভালো হয়েছে। তবে আগাম সরিষা কম চাষ হওয়ায় সরিষার ক্ষতিও কম হয়েছে। তবে চরাঞ্চলে কী পরিমাণ সরিষার ক্ষতি হয়েছে, এর প্রতিবেদন এখনো পাইনি। খোঁজ নেওয়া হচ্ছে।’

দুর্গাপুরে সাহিত্য সমাজের সভাপতি সারোয়ার, সাধারন সম্পাদক জীবন রংদী
ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সমাজের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর শহরের পথ পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল হুদা সারোয়ারকে সভাপতি ও জীবন কুমার নন্দীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্য্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মঞ্জুরুল হক সৌরভ, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল রানা, অর্থ সম্পাদক বাচ্চু মিয়া, সাহিত্য সম্পাদক গোপাল চক্রবর্তী, নির্বাহী সদস্য সজীম শাইন, মো. জালাল রনি, নির্মল রবিদাস।
প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোযার বলেন, দুর্গাপুর সাহিত্য সমাজ ২০০৬ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। আমাদের সংগঠন সমাজের মানুষকে সচেতন করতে বিভিন্ন বিষয় নিয়ে সাহিত্য চর্চা এবং লেখালেখি করার প্রেরণা যোগায়।

ময়মনসিংহে চলন্ত অবস্থায় খুলে গেল বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি
ডিএনবি নিউজ ডেস্ক :
ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে জামালপুর চট্টগ্রাম রেলপথের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুরের উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে সোমবার রাতে ট্রেনটি জামালপুর-চট্টগ্রাম রেলপথের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর ট্রেনের সর্বশেষ ১৬ ও ১৭ নম্বর বগির হুক খুলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনের পরিচালক গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এসে টের পায়।
পরে ওই ট্রেনের পরিচালক উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি ট্রেনের সাথে যুক্ত করে নিয়ে গৌরীপুর স্টেশনে এসে যাত্রাবিরতি করে। পরে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনের দুটি বগির হুক খুলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেন থামানের পর উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি যুক্ত করে গৌরীপুর স্টেশনে নিয়ে আসি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্গাপুরে হিমু পাঠাগার পদক পেলেন গীতিকবি সুজন হাজং
ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বাংলা কথাসাহিত্যের কিংবদন্তি লেখক ও কালজয়ী অসংখ্য চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদ এর ৭৫তম জন্মদিন ও হিমু পাঠাগার এর প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান।
বিরিশিরির ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে সোমবার বিকেলে এ আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক কবি আসলাম সানী। এ আয়োজনে হিমু পাঠাগার পদক প্রদান করা হয় বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংকে। প্রধান অতিথির হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।
এর আগে কবি মামুন রণবীর এর সঞ্চালনা ও হিমু পাঠাগারের প্রতিষ্ঠাতা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। পরে হুমায়ূন আহমেদের জন্মদিনের কেক কাটেন অতিথিরা।
এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন স্বর্ণালী আক্তার। হিমু পাঠাগারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন পলাশ সাহা এবং নূর আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, লেখক-উপস্থাপক এডভোকেট শিমুল পারভীন,শিশু সাহিত্যিক মামুন সারোয়ার,ডক্টর আব্দুর রাশিদ, লেখক ও গবেষক স্বপন হাজং,কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, গীতিকার সঞ্জীবন চক্রবর্তী,কবি অনিন্দ্য জসীম,রফিকুল ইসলাম মিরাজী,স্বপন হাজং,কবি জীবন চক্রবর্তী,কবি দুনিয়া মামুন,এম নূর আলম,কবি আবুল কালাম আজাদ,ফাদার পাওয়েল,কবি জন ক্রসওয়েল খকসী,কবি তোফাজ্জল হোসেন প্রমুখ।