জনকন্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই

জনকন্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।

আজ সোমবার ভোরে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। জনকণ্ঠের এক্সিকিউটিভ ডিরেক্টর তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি তপন কুমার বিশ্বাস জানান, আতিক উল্লাহ খান মাসুদের শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আতিক উল্লাহ খান মাসুদ। তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হসপিটালে নেয়া হয়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার।




কোয়ারেন্টাইন থেকে পালানো ৯ প্রবাসী ছয় ঘণ্টা পর ফিরে এলেন

সিলেটে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর ফের হোটেলে এসেছেন যুক্তরাজ্য ফেরত একই পরিবারের ৯ সদস্য। রোববার বেলা ২টার দিকে হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় তারা। বিষয়টি নজরে আসার পর তাদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। হোটেল কর্তৃপক্ষের দীর্ঘ চেষ্টার পর রাত আটটায় ফিরে আসেন তারা।হোটেল অবস্থানরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিভিল সার্জনের প্রতিনিধিরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে গত ১৮ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে এসে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল ওঠেন তারা। আগামী ২৬ মার্চ কোয়ারেন্টাইন শেষে তাদের হোটেল ছাড়ার কথা। তাদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। এদিন ওই হোটেলে ৩৫ জন প্রবাসী কোয়ারেন্টাইনে যান।

কোয়ারেন্টাইন ভেঙে পালিয়ে যাওয়ার পর ফেরত আসা প্রবাসীরা হলেন আবদুল মালিক, রুনা আক্তার, তামিমা আক্তার, তায়্যিবা আক্তার, রুবাবা আক্তার , রাহিমা বোগম, রাদিয়া আক্তার, সায়মা বেগম ও এম তাহমিদ চৌধুরী। তারা সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।

হোটেল ব্রিটানিয়ার মার্কেটিং ম্যানেজার কাওসার খান বলেন, ১৮ মার্চ একই পরিবারের ওই নয় সদস্য হোটেলের ২০৩ ও ২০৪ নম্বর কক্ষে ওঠেন। প্রতিদিন দুইবার কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের চেক করা হয়। রোববার সকালে চেক করার সময় তারা হোটেলে ছিলেন। দুপুরে ফের তাদের চেক করতে গেলে ওই পরিবারের ৯ সদস্যের কাউকেই পাওয়া যায়নি। পরে তাদের দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে তারা জানান একজন মুমূর্ষু রোগীকে দেখতে তারা বাড়িতে চলে গেছেন। পরে ফোন দেয়া হলে তারা এক ঘণ্টার মধ্যে আসছেন বলে জানান। পরে অসংখ্যবার যোগাযোগ করে রাত আটটার দিকে তারা হোটেলে আসেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমশিনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, রাত আটর দিকে কোয়ারেন্টাইন ভেঙে পালিয়ে যাওয়া একই পরিবারের ৯ সদস্য হোটেলে ফিরে এসেছেন। কি কারণে তারা পালিয়ে গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি বলেন, ওই হোটেলে আমাদের একজন এএসআইসহ চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। কিন্তু কিভাবে তারা পালিয়ে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।




দুর্গাপুরে পুলিশের মাক্স বিতরণ

বাংলাদেশ পুলিশ দুর্গাপুর থানার উদ্যোগে বর্তমান করোনা কালীন সময়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতাবৃদ্ধির লক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করেছে। রোববার পৌরশহরের ব্যস্ত এলাকা প্রেসক্লাব মোড় থেকে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) মাহমুদা শারমীন নেলী, ওসি শাহ নুর-এ আলম, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম-রফিক, সাবেক সভাপতি মো. মোহন মিয়া, নির্মলেন্দুর সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, এইচ. এম সাইদুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

বিতরণ পুর্ব আলোচনায় পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রানঘাতি করোনা পুনরায় আমাদের মাঝে হানা দেয়া শুরু করেছে, গ্রামের সাধারণ মানুষ অনেকেই এ খবর রাখেন না। সে বিষয়টি মাথায় রেখে গ্রামে কৃষক, শ্রমিক, অসচেতন হতদরিদ্র মানুষদের করোনা কালীন সময়ে আমাদের কি করনীয় সে বিষয়ে ধারণা দেয়া সহ বিনা মুল্যে মাস্ক বিতরণ কার্যক্রম চলবে। এ কাজে সহযোগিতা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।




বিশৃঙ্খলার অপচেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে : সেতুমন্ত্রী

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে, সেজন্য দল প্রস্তুত রয়েছে ।

আজ শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই।

আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায় উল্লেখ করে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সাথে নিয়ে তাদের বিষ দাঁত ভেঙে দেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, কোন ব্যক্তি বিশেষকে নয়।

ওবায়দুল কাদের মনে করেন, এখন স্পষ্ট যে কারা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে। এই হামলা ও লুটপাট পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র তিনি মনে করেন।

কাফন নিয়ে শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার পুনরাবৃত্তির হুমকি ও নরেন্দ্র মোদীর সফর প্রতিহত করার ঘোষণা এবং ইতিমধ্যেই সাম্প্রদায়িক এই অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উগ্র সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।




শাল্লায় হিন্দুদের গ্রামে হামলা: ‘মূল আসামি’ স্বাধীন মেম্বার গ্রেপ্তার

শনিবার ভোর রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিলেটে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. খালেদ উজ জামান জানান।

তিনি বলেন, “শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলায় মূল আসামি শহীদুল ইসলাম স্বাধীন। গ্রেপ্তার করার পর তাকে কুলাউড়া থেকে পিবিআইয়ের সিলেট কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।”

শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পাশের দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর হামলাকারীদের ‘মদদদাতা’ হিসেবে স্বাধীন মেম্বারের নাম আসে।

হামলার পরদিন স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়ের করা মামলাতেও স্বাধীনকে আসামি করা হয়।

ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বুধবার সকালে হামলা চালিয়ে ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করা হয়। স্থানীয়দের বরাতে পুলিশ সে সময় বলেছিল, ‘হেফাজতে ইসলামীর অনুসারীরা’ ওই হামলা চালায়।

শাল্লা থানার ওসি নাজমুল হক বলেছিলেন, গত সোমবার দিরাই উপজেলায় হেফাজতে ইসলাম আয়োজিত সম্মেলনে যান হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সম্মেলনে মামুনুল হকের দেওয়া বক্তব্যের সমালোচনা করে স্থানীয় এক হিন্দু যুবক ফেইসবুকে একটি পোস্ট দেন।

“ওই ঘটনাকে ধর্মীয় উসকানি আখ্যায়িত করে ওই এলাকার মামুনুল হকের অনুসারীরা মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল করে। এরপর বুধবার সকালে কাশিপুর, নাচনী, চণ্ডিপুরসহ কয়েকটি মুসলিম অধ্যুষিত গ্রামের হেফাজত নেতা মামুনুল হকের কয়েক হাজার অনুসারী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা চালায়। হাজারো মানুষের আক্রমণে গ্রাম ছেড়ে আত্মগোপনে যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই সুযোগে হেফাজত নেতার অনুসারীরা গ্রামে প্রবেশ করে তছনছ করে। লুটপাট করে বিভিন্ন বাড়িতে।”

পরদিন শাল্লা থানায় দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে পুলিশের করা মামলায় ‘অজ্ঞাতপরিচয়’ দেড় হাজার জনকে আসামি করা হয়। আর হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের করা মামলায় ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীদের বেশিরভাগই আসে স্বাধীনের গ্রাম দিরাইয়ের নাচনি থেকে। স্বাধীনের ‘উপস্থিতিতেই’ সেদিন হামলা হয়।

তদন্তকারীরা বলছেন, স্বাধীন মেম্বারের সাথে জলমহাল নিয়ে নোয়াগাঁওবাসীর পুরনো বিরোধ রয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তির কথায় স্বাধীন মেম্বারের নাম এসেছে।

শহীদুল ইসলাম স্বাধীনসহ মোট ২৩ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।




মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ১১ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আগামী সোমবার দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা এ পদক্ষেপে অনুমোদন দেবেন।

ইউরোপের কূটনীতিকদের বরাতে আলজাজিরা বলছে, জাতিসংঘের এক কর্মকর্তা শনিবার অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্র সংক্রান্ত অনুপ্রবেশ বন্ধে আরজি জানিয়েছেন। এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে মিয়ানমারের সামরিক ও অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্যবস্তু করতে সম্মত হয় ২৭ দেশের এই জোট।

এর আওতায় ১১ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের ইউরোপের থাকা সম্পত্তি জব্দ ও ভিসা কালো তালিকাভুক্ত করা হবে। তবে শুরুতেই সেনা বাহিনীর সঙ্গে থাকা বাণিজ্য চুক্তিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। তবে সামনে এ ধরনের পদক্ষেপ আসতে পারে। এক কূটনীতিকের বরাতে এ খবর জানানো হয়।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত টম অ্যান্ড্রুজ শনিবার দেশটিতে চলমান সহিংসতা রোধে অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্র সংক্রান্ত অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানান।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দেশটিতে চলমান সহিংসতা রোধে ঐকমত্যে পৌঁছতে বিশ্ব নেতাদের একাধিকবার আহ্বান জানিয়েছেন।




সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস অসুস্থ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি ও বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস অসুস্থ। বিষয়টি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও ফরিদপুরের বিভিন্ন মাদরাসার খতমে বুখারী ও আলোচনায় অংশ নেয়ার পর নিজ বাড়ী যশোরে ফিরেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। দীর্ঘ দিনের সফরের ক্লান্তির কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে মেনিস্টোক রোগ ধরা পড়েছে তার।

জানা গেছে, ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। খুব শীঘ্রই যশোর থেকে ঢাকায় এনে চিকিৎসা করা হবে তার।




বিনা ভুলে পুরো কুরআন শরীফ শুনিয়ে আলোড়ন সৃষ্টি করলো হাফেজ যাকারিয়া

এক বৈঠকে বিনা ভুলে পবিত্র কুরআনুল কারিমের পুরো ৩০ পারা তার উস্তাদকে শুনিয়েছেন মৌলভীবাজার নুরুল কুরআন মাদরাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র হাফেজ শরীফ আহমদ যাকারিয়া।

প্রিয় ছাত্রের এ অনন্য দক্ষতায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাফেজ যাকারিয়ার উস্তাদ হাফেজ মাওলানা লোকমান আল মাহমুদ বলেন, ‘নামাজের সময়টুকু আর খাবারের সংক্ষিপ্ত বিরতি ছাড়া ফজরের পর থেকে টানা ১৭ ঘন্টায় পূর্ণ কুরআনুল কারিম শুনালো শরীফ আহমদ যাকারিয়া। হদর শুনেছি। গড়ে প্রতি পারায় ২৫ মিনিটের মতো সময় লেগেছে।

তিনি বলেন, তাকে শর্ত দেওয়া হয়েছিল, খতম শুরু করলে শেষ হবার আগ পর্যন্ত কুরআন শরীফ আর দেখতে পারবে না। আর আমি মনে মনে নিজেকে শর্ত দিয়েছিলাম, নিজের হিফজ বা মুখস্তের উপর ভিত্তি নয়; বরং হারফান হারফান দেখে দেখে তার পূর্ণ কুরআন শরিফ শুনবো। আলহামদুলিল্লাহ সর্বাত্মক চেষ্টা করেছি।




মসজিদের ইমামকে মুসল্লিদের পক্ষ থেকে মোটরসাইকেল উপহার

কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের মুলাগুল সাউদগ্রাম জামে ইমামকে মোটরসাইকেল উপহার দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে এলাকার যুব সমাজ ও মহল্লাবাসী।

গত শনিবার (১৩ মার্চ) এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেলের চাবি তুলে দেয়া হয়।

জানা যায়, ওই মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে ইমামতির দায়িত্ব পালনের ফলে তার প্রতি এলাকার সর্বসাধারণের একটি আলাদা ভালবাসা গড়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ইমাম সাহেবকে সবসময়ই সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে মহল্লাবাসী ও যুব সমাজ।

সর্বশেষ গত শনিবার ইমাম সাহেবের চলাফেরার সুবিধার্থে মহল্লাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে একটি মোটরসাইকেল উপহার দিয়ে তাদের ভালোবাসার জানান অব্যাহত রাখে। যুব সমাজের এই ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে তাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ কামনা করেন ইমাম সাহেব।




বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন আজ। প্রতি বছর বঙ্গবন্ধুর জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়। এ উপলক্ষে আজ একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এবার জাতির পিতা শেখ মুজিুবর রহমানের জন্মশতবার্ষিকী হিসেবে ‘মুজিববর্ষ’ জাতীয়ভাবে পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি ও বিভিন্ন পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের এদিন তৎকালীন ভারতবর্ষের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন। বাঙালির অবিসংবাদিত এই নেতা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে স্ব-পরিবারে নিহত হন।

পাকিস্তানি শাসকদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু তার গতিশীল নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেন। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়।

২০২০ সাল ছিল বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। বছরব্যাপী জাতির জনকের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান সরকারি এবং বেসরকারিভাবে উদযাপিত হয়ে আসছে। কিন্তু করোনার প্রকোপে অনেক কর্মসূচি স্থগিত করা হয়, যা এবার উদযাপিত হতে যাচ্ছে। এছাড়া মুজিববর্ষের কলেবরও কিছুদিন বাড়ানো হয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ পালিত হবে।

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার পালিত হতে যাচ্ছে টানা ১০ দিনের অনুষ্ঠান। যাতে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিদেশি অতিথিরা অংশ নেবেন। ‘মুজিব চিরন্তন’ শিরোনামে এ ১০ দিনের অনুষ্ঠান চলবে।