প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত  হয়েছে

ডিএনবি নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত  হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই নীতি নির্ধারণী বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, আইন মন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রশাসনিক কার্যক্রম শুরু করেন।




দুর্গাপুর সীমান্ত থেকে বিজিবির অভিযানে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এদিন ভোরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গাজিকোনা এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভরতপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। টহল দলটি ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬৫/২-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজিকোনা নামক স্থানে এ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪৮ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি’র ঊর্ধ্বতন এই কর্মকর্তা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।




নেত্রকোণার দুর্গাপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব

ডিএনবি নিউজ ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইলে সিএনজি চালক আবুল কালাম (৪০) হত্যা মামলার অন্যতম আসামি আল আমিনকে (৩৫) নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ (শনিবার) দিবাগত রাত ১টা ৫ মিনিটে দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও এজাহার সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম পেশায় একজন সিএনজি চালক ছিলেন। নিজের বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় তিনি প্রতিদিন প্রতিবেশী আল আমিনসহ অন্যান্য আসামিদের উঠানে সিএনজিটি রাখতেন। সিএনজি রাখাকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার বাগবিতন্ডা হয়। পরবর্তীতে আবুল কালাম বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরই জেরে গত ২৬ জানুয়ারি দুপুর আনুমানিক ৩টার দিকে নান্দাইল চৌরাস্তা বাজার সিএনজি স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে আল আমিনের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল কালামের পথরোধ করে। এসময় আল আমিনসহ এ হত্যা মামলার অন্যান্য এজাহার নামীয় আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন ২৭ জানুয়ারি নিহতের বড় ভাই মো. ফারুক মিয়া (৫২) বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৪) দায়ের করেন। মামলা রুজুর পর ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে নান্দাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।




নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তিতে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, ওসি মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, মায়ের ভাষাকে রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।




১৫৭ নেত্রকোণা-১ আসনে জামানত হারালেন চার প্রার্থী

ডিএনবি নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭ নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ আলকাছ উদ্দীন মীর, জাতীয় পার্টির আনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল মান্নান সোহাগ, জেএসডি’র ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন।

নির্বাচন কমিশনের পরিপত্র বা তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে দুর্গাপুর উপজেলার ৬১ ও কলমাকান্দা উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ৮৯ জনের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ২৪৯ জন এবং নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৮৩৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৭ হাজার ৯২১ টি। বাতিল ভোট ৬ হাজার ৪২৫টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৪৯৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৭.৩। সে অনুযায়ী একজন প্রার্থীর জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ৩১ হাজার ৪৩৭ ভোট। এখানে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬জন প্রার্থীর মধ্যে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থী তাঁদের জামানত রক্ষা করতে পেরেছেন।

এই আসনে বাকি ৪ জন প্রার্থীর মধ্যে মো. আলকাছ উদ্দিন মীর (কাস্তে প্রতিকে) ৪,৩৫৮, মো. আব্দুল মান্নান (হাতপাখা প্রতিকে) ২,২০১, মো. আনোয়ার হোসেন খান (লাঙ্গল প্রতিকে) ১,০০৭ এবং মো. বেলাল হোসেন (তারা প্রতিকে) ৩৩৪ ভোট পাওয়ায় ওই চার প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আফরোজা আফসানা।




রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিএনবি নিউজ ডেস্ক:

নতুন সরকারের যাত্রা শুরু হলো কঠোর বার্তা দিয়ে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজান উপলক্ষে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা স্পষ্ট করে দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাষ্ট্রপতির আমন্ত্রণে দলটির মহাসচিব ও সংসদীয় দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া তিনজন টেকনোক্র্যাটও অন্তর্ভুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীদের দপ্তর বণ্টন করে। প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও নিজের কাছে রেখেছেন তারেক রহমান।

বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠক ছিল মূলত পরিচিতিমূলক। তবে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে বেশি। বেলা ৩টার দিকে বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান সচিবালয়ে পৌঁছান।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি জানান, সরকার ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। তিনি বলেন, “এই সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।”

সাকি আরও বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সময় নষ্ট না করে মূল কাজে মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে। “অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা কমিয়ে ইশতেহারের অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নে এগোতে হবে,” বলেন তিনি। দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট অবস্থান নিয়েছেন বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী। তার ভাষায়, “তিনি একটি ক্লিন গভর্নমেন্ট গড়ার কথা বলেছেন। কেউ যেন ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির সুযোগ না পায়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।”

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “জনগণ আমাদের কাছ থেকে সুশাসন ও জবাবদিহিতা চায়। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, আমরা যেন স্বজনপ্রীতি ও প্রভাবমুক্ত থেকে কাজ করি।”

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির বিষয়েও আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড চালু করা এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য উদ্যোগ নেওয়ার বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। নুরুল হক নুর জানান, মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রাথমিক অগ্রাধিকারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ চেইন মনিটরিং এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি জানান, ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। একই সঙ্গে গণমাধ্যম কমিশন সংক্রান্ত প্রস্তাব নিয়েও কাজ এগিয়ে নেওয়ার কথা হয়েছে।

বৈঠকে সরকারের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি ও প্রশাসনিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উঠে আসে আলোচনায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রাথমিক প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

নতুন সরকারের প্রথম বৈঠকেই রমজানকে কেন্দ্র করে বিদ্যুৎ, বাজার ও সুশাসনকে অগ্রাধিকার দেওয়ার বার্তা স্পষ্ট হলো। এখন নজর বাস্তবায়নের দিকে।




ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের পর এবার পীর সাহেব চরমোনাই এর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান

ডিএনবি নিউজ ডেস্ক :

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামি আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।




এবারের মন্ত্রিসভায় কে হচ্ছেন নতুন ধর্মমন্ত্রী?

ডিএনবি নিউজ ডেস্ক :

ভূমিধস বিজয় পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যাত্রা করতে যাচ্ছে নতুন সরকার। মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এর মধ্যে ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের প্রসঙ্গটি। কে আসছেন এই মন্ত্রণালয়ে সেটা নিয়ে রয়েছে কৌতূহল। অন্তর্বর্তীকালীন সরকারের মতো তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও কোনো আলেমকে এই পদে বসাচ্ছে কি না সেটা নিয়েও রয়েছে আলোচনা।

মন্ত্রিসভায় কে বা কারা স্থান পাবে সেটা নির্ধারণের সম্পূর্ণ এখতিয়ার তারেক রহমানের। যেহেতু বিএনপি একাই দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে সেজন্য এককভাবে বিএনপি-প্রধানই সিদ্ধান্ত নিচ্ছেন সব।

ইতোমধ্যে হবু প্রধানমন্ত্রী দলের সিনিয়র নেতাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। মন্ত্রিসভার প্রকৃতি কী হবে, কারা কারা স্থান পেতে পারেন, সেসব বিষয় অনেকটা চূড়ান্ত হওয়ার পথে। শেষ মুহূর্তে কিছু পরিবর্তন-পরিবর্ধন আসতে পারে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসতে পারেন সে ব্যাপারে সর্বপ্রথম যে নামটি রয়েছে তিনি হলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। দীর্ঘদিন বিদেশে নির্বাসন থেকে ফিরে কুমিল্লা-৩ আসন থেকে তিনি ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। এই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকেন তাকে নানা ইস্যুতে ইসলামপন্থীদের সঙ্গে সরকারের সমন্বয় করতে হয়। এই কাজে অনেকটা পারদর্শী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আলেম-উলামা ও দীনদার মানুষদের সঙ্গে তার বিশেষ সংযোগ রয়েছে। এ হিসেবে তিনি ধর্মমন্ত্রী হিসেবে আলোচনায় অনেকটা এগিয়ে আছেন। শেষ পর্যন্ত ধর্মমন্ত্রী অন্য কেউ হলেও তিনি মন্ত্রিসভায় থাকতে পারেন। এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

কায়কোবাদ না হলেও বিএনপি দলীয় অন্য কেউও হতে পারেন ধর্মমন্ত্রী। আবার বিএনপির শরিক জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের আলোচনাও আছে কোনো কোনো মহলে। তবে বিএনপির মন্ত্রিসভায় কোনো আলেম না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




তারেক রহমানের মন্ত্রিসভায় কারা আসছেন, আলোচনায় রয়েছে যাদের নাম

ডিএনবি নিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফিরছে বিএনপি। দলটির মূল কান্ডারি তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ইতোমধ্যে সাজাতে শুরু করেছেন তার মন্ত্রিসভা। দুই তিন দিনের মধ্যেই যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন সরকার। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ, নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্রেট কোটায়ও যুক্ত হচ্ছেন কেউ কেউ।

সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির জন্য বিবেচনা করা হচ্ছে। স্পিকার হিসেবে ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনাধীন। এছাড়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থায়ী কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম বিবেচনা করা হচ্ছে।

নতুন মন্ত্রিসভায় নয়া মুখ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী (টেকনোক্র্যাট), জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ (টেকনোক্র্যাট), হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম বিবেচনায় আছে।

চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও আইনজীবী ফজলুর রহমানও আলোচনায় রয়েছেন। ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, ড. রেজা কিবরিয়া ও মোস্তফা জামাল হায়দারের নাম আলোচনায় আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়ী হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপি দুই দশক পর ফের সরকার গঠন করতে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব এখন তার ছেলে তারেক রহমানের কাঁধে। দলীয় প্রধান হিসেবে তিনিই হতে যাচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী।




নেত্রকোনা ১ আসন (দুর্গাপুর-কলমাকান্দা) কে মডেল আসন হিসেবে গড়ে তুলবো-ব্যারিস্টার কায়সার কামাল

ডিএনবি নিউজ ডেস্ক :

সবার আগে বাংলাদেশ, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের পরিবারে ঢাল হিসেবে কাজ করবে, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যানে কাজ করবে, আগামী নির্বাচন তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার নির্বাচন। সেইসাথে মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিংএর মুলোৎপাটন করে দুর্নীতিতে বিদায় জানাতে কাজ করবে বিএনপি, নেত্রকোনা ১ আসন (দুর্গাপুর-কলমাকান্দা) কে মডেল আসন হিসেবে গড়ে তুলতে কাজ করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দুর্গাপুর উপজেলা ও পৌরবিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় এ কথা বলেন, নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার সাধারণ ভোটারগণ তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ ব্যারিস্টার কায়সার কামাল এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন তা তুলে ধরেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি দল সাধারণ মানুষের কাছে জান্নাতে যাওয়ার জন্য ভোট চাইছেন, এই ধরনের নাযায়েজ কথা শোনা থেকে সকলকে বিরত থাকতে হবে। আগামী নির্বাচন আমাদের কাছে একটা চ্যালেঞ্জের নির্বাচন। এই জাতিধর্ম নির্বিশেষে সকলকে রক্ষা করার চ্যালেঞ্জ। তারেক রহমান ঘোষিত উন্নয়ন–ভিশন বাস্তবায়নের মধ্য দিয়ে সীমান্ত অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করার চ্যালেঞ্জ। মুসলমান ভাইদের ঈমান রক্ষার চ্যালেঞ্জ। কাজেই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, অত্র এলাকার তরুণদের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। আমি আপনাদের কাছে যে ওয়াদাগুলো দিচ্ছি, আমাকে নির্বাচিত করুন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ্।

অতীতে কোন সরকার শ্রমিকদের কল্যানে কাজ করেনি, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করে বিভিন্ন সরকারি ভাতা ও কার্ড পেতে দলীয় নেতা বা জনপ্রতিনিধিকে তোষামোদ করতে হবে না। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। যতদিন রাজনীতিতে থাকবো, ততদিন ইনসাফভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম চালিয়ে যাবো। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, নেত্রকোনা- ১ আসনকে একটি শ্রমিকবান্ধব, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবো।

নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক সাধারণ ভোটার, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জমিয়তে ইসলাম ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বীরমুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্য শুনে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ধানের শীষ প্রতিকে ভোট দিবেন বলে প্রতিশ্রুতি করেন ভোটারগণ।