টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম ফিফটি বঞ্চিত হলেও তাদের চল্লিশ ছাড়ানো দুটি ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারালো পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতলো তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে দুর্দান্ত বোলিং করেছিল পাকিস্তান। ৬৫ রানেই তারা সফরকারীদের ৭ উইকেট তুলে নেয়। কিন্তু ডেভিড মিলার ঝড়ে ৮ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৫ বলে ৫ চার ও ৭ ছয়ে ৮৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

পাকিস্তানের পক্ষে অভিষেক ম্যাচে লেগস্পিনার জাহিদ মাহমুদ সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান মোহাম্মদ নওয়াজ ও হাসান আলী।

লক্ষ্যে নেমে রিজওয়ান ও হায়দার আলীর ৫১ রানের জুটি ভালো শুরু এনে দেয়। হায়দার ১৫ রানে বিদায় নেওয়ার পর রিজওয়ানকে ৪২ রানে এলবিডাব্লিউ করেন তাবরাইজ শামসি। দ্রুত ফিরে যান হুসেইন তালাত (৫)। ৩০ বলে ৫ চার ও ১ ছয়ে ইনিংস সেরা ৪৪ রানে ডোয়াইন প্রিটোরিয়াসের শিকার হন বাবর। তখন ১৪ ওভারে দলের স্কোর ৪ উইকেটে ১১২ রান।

পরের তিন ওভারে আরও দুটি উইকেট হারায় পাকিস্তান। তবে মোহাম্মদ নওয়াজ ও হাসান ঝড় তোলেন। তাতে শেষ ওভারে ১৬ রান দরকার ছিল দলের। প্রথম বলে নো হয় এবং ছয় মারেন হাসান। পরে আরও একটি এক্সট্রা রানে শেষ চার বলে ৬ রান দরকার ছিল তাদের। তৃতীয় ও চতুর্থ বলে চার ও ছয় মেরে দলকে জেতান হাসান। ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে পাকিস্তান।

ঢাকা/আলো 




শচীনপুত্র অর্জুনের ছক্কা বৃষ্টি, খেললেন বিধ্বংসী ইনিংস

হাত পাকিয়ে বিধ্বংসী ইনিংস খেললেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার।

রোববার মুম্বাইয়ের স্থানীয় টুর্নামেন্টে ৩১ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে ৪১ রানে ৩ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার। তার অলরাউন্ড পারফরম্যান্স দল জিতেছে ১৯৫ রানের বিশাল ব্যবধানে।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে চলছে ৭৩তম পুলিশ আমন্ত্রণ শিল্ড ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে এমআইজি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন অর্জুন। রোববার এ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ইসলাম জিমখানা ক্রিকেট একাডেমি। আগে ব্যাটিং করে এমআইজি ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান তোলে। জবাবে জিমখানা ক্রিকেট একাডেমি ৪১.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায়।

অর্জুন অপরাজিত ৭৭ রানের ইনিংসে ৫ চার ও ৮ ছক্কা হাঁকান। অফস্পিনার হাসির ডাফেদারকে এক ওভারে ৫ ছক্কা উড়ান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে আড়াল হয়েছে ওপেনার কেভিন ডি’ আলমেডিয়ার ৯৬ ও চার নম্বরে নামা প্রাগনেস কানদিলেয়ারের ১১২ রানের ইনিংস।

অর্জুনের এ পারফরম্যান্স নিশ্চিতভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোকে ভাবাবে। প্রথমবার অর্জুন আইপিএলের নিলামের উঠেছেন। তার বেইস প্রাইজ ধরা হয়েছে ২০ লাখ রূপি। সম্প্রতি মুম্বাইয়ের সিনিয়র দলের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নিয়েছেন তিনি।

 

ঢাকা/আলো