আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ডিএনবি নিউজ ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথম শহিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেপ্তার আছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়। তারা পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ-রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ এ মামলার আসামি মোট ৩০ জন। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন। তারা হলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো.আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ এ মামলার ২৪ আসামি পলাতক আছেন। পলাতক আসামির মধ্যে রয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, বিশ্ববিদ্যালয়টির সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মন্ডল, সাবেক এমএলএসএস এ কে এম আমির হোসেন, সাবেক নিরাপত্তা প্রহরী নুর আলম মিয়া এবং সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মাহাবুবার রহমান।

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) সাবেক কমিশনার মো.মনিরুজ্জামান, আরপিএমপির সাবেক উপকমিশনার মো. আবু মারুফ হোসেন, সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. শাহ নূর আলম পাটোয়ারী, সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ও সাবেক এসআই (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়ও পলাতক রয়েছেন।

আবু সাঈদ হত্যা মামলার আসামি চিকিৎসক মো. সরোয়ার হোসেনও (চন্দন) পলাতক। এ ছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়টির সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান, সহসভাপতি মো. ফজলে রাব্বি, সহসভাপতি মো. আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার, দপ্তর সম্পাদক বাবুল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুল হাসান এ মামলার পলাতক আসামি।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত বছরের ২৪ জুন ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ২৭ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন আবু সাঈদের বাবা মকবুল হোসেন এ মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। চলতি বছরের ১৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক শেষ হয় গত ২৭ জানুয়ারি।




দুর্গাপুরে শিক্ষার্থীদের নিয়ে ওসির সচেতনতামূলক সভা

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামুলক ও উন্মুক্ত আলোচনা সভা করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান। বুধবার (০৮ এপ্রিল) সকাল থেকে পৌরশহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরে (ওসি) কামরুল হাসান বলেন, মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল সারের দিক নির্দেশনায় আমরা এ ধরনের উদ্দ্যেগ গ্রহন শুরু করেছি। বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, তাদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। নিজ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক দিক এবং ইভটিজিংয়ের ফলে মেয়েদের জীবনে নেমে আসা করুণ বাস্তবতার চিত্র তুলে ধরে কামরুল হাসান বলেন, মাদক এখন আমাদের সমাজের সবচেয়ে বড় হুমকি। তোমাদের মাধ্যমেই আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে। তাই নিজেদের ভবিষ্যৎ গড়তে সঠিক পথে থাকতে হবে এবং সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিহার করতে হবে। উন্মুক্ত আলোচনা সভায় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুর্গাপুর থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন এবং প্রতিটি পরীক্ষায় অংশগ্রহন সহ নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ওসির এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসিত হয়েছে।




নেত্রকোনার দুর্গাপুরে কাঠমিলে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা




কর্মচারীদের দাবি কাল মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন সচিবেরা

ডিএনবি নিউজ ডেস্ক:

বাংলাদেশের সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এমন পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচি আগামীকাল এক দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।

আজ (মঙ্গলবার) দুপুরের পর সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিবের সঙ্গে আন্দোলনকারী কর্মচারী নেতারা বৈঠক করেন।

বৈঠক শেষে ভূমিসচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনিসহ কয়েকজন সচিবকে আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দেন। সে অনুযায়ী আজ তারা আন্দোলনকারীদের কথা শুনেছেন। তাদের কথা আগামীকাল সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবকে তারা জানাবেন। এ অবস্থায় কর্মচারীরা আগামীকাল কোনো কর্মসূচি করবেন না।

আন্দোলনকারীদের একজন নেতা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা. নুরুল ইসলাম এ সময় জানান, তারা আগামীকাল কোনো কর্মসূচি পালন করবেন না।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এর পর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আজসহ টানা চার দিন সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। নিজেদের দপ্তর ছেড়ে বিপুলসংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।

কর্মচারীদের বিক্ষোভকে কেন্দ্র করে আজ সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন করা হয়। এ ছাড়া বিজিবি, র‍্যাবও মোতায়েন করা হয়। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই আজ সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন কর্মচারীরা।#

সূত্র: পার্সটুডে




আপনাদের দুঃখ-কষ্টে আমরা সমব্যথী: লেবাননবাসীকে আয়াতুল্লাহ খামেনেয়ী

ডিএনবি নিউজ ডেস্ক :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইহুদিবাদী ইসরাইলি পাশবিক হামলায় বিপর্যস্ত লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ করে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি লেবাননের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন।

বার্তায় তিনি বলেন, “আমরা আপনাদের থেকে আলাদা নই। আমরা আপনাদের সঙ্গেই রয়েছি। আমরা একই দেহের অংশ। আমরা আপনাদের বেদনা, কষ্ট এবং ক্লেশের অংশীদার। আপনাদের ব্যথা মানে আমাদের ব্যথা, আপনাদের ভোগান্তি মানে আমাদের ভোগান্তি।”

সর্বোচ্চ নেতার বার্তাটি ইরানের বিশিষ্ট আলেমে দ্বীন মেইসাম মুতিয়ি লেবাননবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। গাজা ও লেবাননের অসহায় জনগণের জন্য সম্প্রতি ইরানের পক্ষ থেকে একটি সাহায্যের কাফেলা নিয়ে লেবানন সফর করেন মুতিয়ি।

গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে ইরান জুড়ে জনসাধারণের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা সাহায্যের চালান হস্তান্তর করার ক্যাম্পেইনের নাম দেয়া হয়েছে ‘ইরান-ই-হামদেল’ যার আক্ষরিক অর্থে সহানুভূতিশীল ইরান। মেইসাম মুতিয়ি ‘ইরান-ই-হামদেল’ ক্যাম্পেইনের মাধ্যমে অর্জিত সর্বশেষ সাহায্যের চালান নিয়ে লেবানন সফর করেছেন।

# পার্সটুডে




ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হলেন চরমোনাই পীরের ভাই অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ মাদানি

ডিএনবি নিউজ ডেস্ক:

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সংস্থাটির বোর্ড অব গভর্নরস নিযুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, বরিশালের চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বড় ভাই মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি।

সোমবার (১৮ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনর্গঠিত বোর্ড অব গভর্নরসে পদাধিকার বলে ধর্ম উপদেষ্টা চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পদাধিকার বলে অন্য গভর্নররা হলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান, ধর্ম সচিব, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

এদিকে মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি ছাড়াও দেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম ওলামাদের মধ্য থেকে সরকার মনোনীত অন্য গভর্নররা হলেন- চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী, পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদাধিকার বলে নিযুক্ত গভর্নরসরা ছাড়া অন্য গভর্নরদের মেয়াদকাল এ প্রজ্ঞাপন জারির দিন থেকে ৩ বছর হবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত তিনি বা তারা দায়িত্ব পালন করে যাবেন। সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকার বলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্যান্য গভর্নর বা গভর্নরদের পরিবর্তন বা তার/তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।




রাশিয়ার গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে বাইডেনের অনুমতি

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:

রাশিয়ার গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেই মার্কিন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

আমেরিকার দুইজন সরকারি কর্মকর্তা এবং এই সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, আমেরিকা ইউক্রেনকে আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএম সরবরাহ করেছে এবং এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর অনেকটা তড়িঘড়ি করে প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্ত দিলেন। নির্বাচনে বিজয়ের আগে ও পরে বহুবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের জন্য দ্রুত পদক্ষেপ নেবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইউক্রেন যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সামরিক সমর্থন অব্যাহত নাও রাখতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সূত্র জানিয়েছেন, ইউক্রেন খুব শিগগিরই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে পারে।

এদিকে, গতকাল (রোববার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র তাদের সাথে কথা বলবে’। বহুদিন আগে থেকেই জেলেনস্কি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর অনুমতি দেয়ার জন্য আমেরিকাকে চাপ দিয়ে আসছেন।

# সূত্র: পার্সটুডে




না ফেরার দেশে শেরপুরের সাংবাদিক রেজাউল করিম বকুল

মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম বকুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বকুলের মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রেজাউল করিম বকুল। শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দশকাহনীয়া দিয়ে তার সাংবাদিকতা জীবন শুরু। এরপর দৈনিক মাতৃভূমি ও দৈনিক আমার দেশ-এর শ্রীবরদী উপজেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন তিনি। আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেলে যোগদান করেন কালের কণ্ঠে।

পাশাপাশি জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন মোহনা টেলিভিশনে। এছাড়াও তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রীবরদী উপজেলার সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীবরদী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মময় জীবনে তিনি ছিলেন নিরহংকার, সহজ-সরল ও একজন চারণ সাংবাদিক। দায়িত্বশীল সংবাদ ও ফিচারের খোঁজে তিনি চষে বেড়াতেন পথে-প্রান্তরে।

শনিবার রাত আটটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ নেয়ার পথে নকলা এলাকায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।




গাজায় একদিনের ইসরাইলি পাশবিকতায় আরো ৪৯ অসহায় ফিলিস্তিনির শাহাদাত

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকার বাস্তুহারা অসহায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা থামছেই না। গতকাল (শনিবার) এই উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার সেনাদের বোমাবর্ষণে অন্তত ৪৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু।

কাতারের আল-জাযিরা টিভি জানিয়েছে, মূলত উত্তর গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শনিবার হামলা চালায় ইসরাইলি সেনারা। গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরের একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী অসহায় মানুষদের ওপর হামলার ফলে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে চালানো ওই হামলায় ১০ ফিলিস্তিনি নিহত ও অপর ২০ জনেরও বেশি আহত হয়।

এছাড়া, মধ্য গাজার দুই শরণার্থী শিবির আর-বুরেইজ ও আন-নুসেইরাতের কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ওপর নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। পাশাপাশি এই উপত্যকায় খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ঢুকতে না দিয়ে সেখানকার মানবিক পরিস্থিতিকে সংকটময় করে তুলেছে তেল আবিব।

কিন্তু তারপরও ইহুদিবাদী সরকার একথা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে, ১৩ মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়েও তারা তাদের গাজা যুদ্ধের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। হামাসকে ধ্বংস করে গাজা থেকে নিজেদের পণবন্দিদের জীবিত উদ্ধার করে নিয়ে যাওয়া ছিল এই উপত্যকায় আগ্রাসন চালানোর পেছনে ইহুদিবাদী সরকারের ঘোষিত দু’টি প্রধান লক্ষ্য।

# পার্সটুডে




দুর্গাপুরে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন : ব্যারিস্টার কায়সার কামাল

ডিএনবি নিউজ ডেস্ক :

‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় নেত্রকোনার দুর্গাপুরে বিনামুল্যে ঔষধ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

গাঁওকান্দিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে, ভাদুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ময়মনসিংহ থেকে হৃদরোগ, চক্ষু সেবা, গাইনী, অর্থোপেডিক্স, ডায়াবেটিস, শিশু রোগ, নাক কান গলা, চর্ম ও মেডিসিন সহ প্রায় ১৫টি রোগের ২৯জন বিশেষজ্ঞ ডাক্তার এই মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পরবর্তিতে প্রায় ২ হাজার গরীব ও দুঃস্থ্য রোগীদের মাঝে বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মাঝে, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক জামাল উদ্দিন মাস্টার, সদস্য সচিব আবদুল আওয়াল, পৌর বিএনপি‘র আহবায়ক ফরিদ আলী, সদস্য সচিব হারেজ গণি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রিপন, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব সম্রাট গনি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলার মানুষের ওপর যে নির্যাতন চালিয়েছে, তারই প্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট সরকারের কোন কর্মসুচী এই বাংলায় আর প্রতিষ্ঠিত হবে না। দেশের স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপি‘র নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার, এ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রাম বাংলা ও শহরের আনাচে-কানাচে প্রতিটি মানুষের রক্ত চুষে খেয়েছে। বিএনপি সেই রাজনীতির আমুল পরিবর্তন করে, মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। বিএনপি‘র পক্ষ থেকে জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সাধারণ মানুষ যেন বুঝতে পারে বিএনপি মানে জনকল্যাণমূলক রাজনীতি, বিএনপি মানে দেশমাতৃকা ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। সেই লক্ষ্য নিয়েই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়, মানবতার কল্যানে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি।

উল্লেখ্য : গত অক্টোবরে আকস্মিক বন্যায় দুর্গাপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাঁওকান্দিয়া ইউনিয়ন। অত্র এলাকার সাধারণ মানুষ, বাড়িতে থেকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ পেয়ে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দুর্গাপুর-কলমাকান্দা এলাকার মানুষের আস্থার প্রতিক, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।