লক্ষ্মীপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ডিএনবি নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরে ফেসবুকে অভিমানি স্ট্যাটাস দিয়ে ইউছুফ কামাল নামে এক ব্যবসায়ী রাতের অন্ধকারে না ফেরার দেশে চলে গেলেন। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ময়নাতদন্ত শেষে সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ইউছুফ সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আবদুর রহমান মাস্টার বাড়ির আবুল হাশেমের ছেলে। তিনি ঢাকার রায়েরবাগ এলাকায় স্যানাটারি দোকানির ব্যবসায়ী ছিলেন।

খবর পেয়ে সকালে পুলিশ বাড়ির পাশের একটি নির্জন বাগান থেকে কামালের মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাতের কোন একসময় গলায় ফাঁস লাগিয়ে তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, কামাল মাদক সেবনের সঙ্গে জড়িয়ে অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকবার তাকে ঢাকাসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করানো হয়। মঙ্গলবার বিকেলে মায়ের কাছ থেকে কামাল টাকা চেয়েছে। কামাল রোজা রাখেনি৷ এতে মা তাকে ভাত খাওয়ানোর পর ৫০০ টাকা দেয়৷ এরপর বাড়ি থেকে বের হলে আর ফেরেনি। ইফতারের সময় ভাই ইব্রাহিম ফোন দিয়ে তাকে বাড়িতে আসার জন্য বললেও আসেনি। সকালে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাগানে গিয়ে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে নিজ ফেসবুক আইডিতে অভিমান করে একটি স্ট্যাটাস দেন। তা হল- ‘এখন আর কেউ ভালোবাসে না। এই পৃথিবীতে যার টাকা আছে, তার দাম সবার কাছে আছে। হয়তো অভিমান করে চলে যাবো। আর আসবো না ফিরে’।

কামালের ভাই ওমান প্রবাসী মো. ইব্রাহিম বলেন, ঢাকা সিটি কলেজ থেকে আমার ভাই অনার্স পাশ করে রায়েরবাগ এলাকায় ব্যবসা করে। এরমধ্যে কামাল মাদক সেবন করে অসুস্থ হলে কয়েকবার তাকে চিকিৎসা করানো হয়েছে। ৩ বছর আগে বিয়ে করেছে। ব্যবসায়ীক কারণে স্ত্রীকে নিয়ে সে ঢাকাতেই থাকতো। বাড়িতে মাঝে মধ্যে আসতো। কি কারণে সে আমাদের ছেড়ে এভাবে চলে গেলো, তা বুঝতে পারছি না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।




দুর্গাপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের চাপায় সোহাগ মিয়া নামের ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেরচর এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায়  ঘটনাস্থলে নিহত হয় শিশু সোহাগ। নিহত শিশু সোহাগ উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের মোঃ হেলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় ১২ এপ্রিল মঙ্গলবার সকালের দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেরচর বাজার সংলগ্ন রাস্তা পার হচ্ছিল সোহাগ।

এমন সময় দুর্গাপুরের দিকে আসা একটি দ্রুতগামী খালিট্রাক সোহাগ মিয়া’কে চাপা দেয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ঐ ট্রাকটি ভাংচুর সহ সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যানচলাচল স্বাভাবিক করে দেয়।
দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ(ওসি)ভার: মীর মাহবুবুর রহমান বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




পুলিশের সামনে কৃষককে কুপিয়ে হত্যা, এসআই প্রত্যাহার

ডিএনবি নিউজ ডেস্ক:

শেরপুরের শ্রীবরদীতে পুলিশের সামনে এক কৃষককে কুপিয়ে হত্যার একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

তবে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছে নিহতের পরিবার। তারা বলছে, পুলিশ তাদের সঙ্গে আছে। দ্রুত আসামি ধরায় তারা পুলিশের ওপর খুশি।

গত রবিবার রাতে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। চার মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। সেখানে পুলিশের তিন সদস্যও ছিলেন। গত ২৩ মার্চ শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে ঘটনাটি ঘটে। যাকে হত্যা করা হয় তিনি হালুয়াহাটি গ্রামের কৃষক শেখবর আলী।

এ ঘটনায় ২৪ মার্চ সকালে শেখবরের ছোট ভাই মাহফুজ ৩৯ জনের নামে শ্রীবরদী থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় হালুয়াহাটি গ্রামের জিকু মিয়াকে।

এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাই জজ মিয়া ও জিকু মিয়ার সঙ্গে শেখবরের বিরোধ চলছিল। এ নিয়ে ২২ মার্চ জিকুসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন শেখবরের মা মাহফুজা বেগম। ২৩ মার্চ বিকেলে শ্রীবরদী থানার এসআই ওয়ারেছ আলীসহ তিন পুলিশ সদস্য ঘটনা তদন্তে হালুয়াহাটি গ্রামে যান।

এরপর পুলিশের সামনেই জজ মিয়া ও জিকু মিয়া তাদের লোকজন নিয়ে শেখবরকে কুপিয়ে হত্যা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জিকুর স্ত্রী, জজ মিয়া ও জজ মিয়ার স্ত্রীকে আটক করা হয়। পরদিন শেখবরের ভাইয়ের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১৪ রাণীশিমুল ইউনিয়নের বালিঝুড়ির পাহাড় থেকে জিকুকে এবং রাত ১১টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান রাজাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। মো. সাইফুল নামের একজনকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়।

মাহফুজ বলেন, ‘জিকু, জিকুর ছেলে স্বাধীন, সাইফুল, জজ মিয়া আমাদের সামনেই আমার ভাইকে নির্মমভাবে কুপাইয়া খুন করে। বাঁচাইতে গেলে আমাগো প্রতিবেশী সরাফত আলীরেও কোপ দেয়। আমারেও কোপায়। পুলিশ বাধা দিতে গেলে স্বাধীন, সাইফুলরা পুলিশের ওপর আক্রমণ করতে যায়।

‘পরে শ্রীবরদী থানা থাইক্কা আরও পুলিশ যাইয়া তিনজনরে ধইরা আনে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। পুলিশ আমাগো সঙ্গে আছে। তারা খুব তাড়াতাড়ি অনেক আসামি ধরছে। আর যাদের ধরা বাকি তাদেরও যেন তাড়াতাড়ি ধরে।’

ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তবে শেখবরের ছেলে মিনার হোসেন বলেন, ‘পুলিশের তো জানের ভয় ছিল। এরাও রক্ষা করতে পারে নাই। পুলিশ আমাদের সঙ্গেই আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আসামিদের বিচার চাই।’

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান, হত্যা মামলার প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিকু ও সাইফুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সেদিন ঘটনাস্থলে এসআই ওয়ারেছ আলীসহ কয়েকজন পুলিশ ছিল। তারা থাকার পরও কীভাবে, কেন এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। ২৫ মার্চ ওয়ারেছকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

‘পুরো বিষয়টি পুলিশ সুপার মহোদয় দেখছেন। এ বিষয়ে যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’




পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা, ২ ফি’লিস্তি’নি নারী নিহত

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (১০ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা’র।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বেথেলহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি ছয় সন্তানের মা।

এদিকে, ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণের শহর হেবরনে এক নারী সীমান্ত এলাকায় দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই নারীও মারা যান।

এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে, রোববার জেরিকো এবং তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।




সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া ও নূর আলমের ছেলে নয়ন সর্দার। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।

সৌদির বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত তিন শ্রমিক হাইওয়ের পাশে ফার্মে কাজ করছিলেন। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।




রাবি শিক্ষক হত্যা : সহযোগী অধ্যাপকসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং বাসার কেয়ারটেকার মোঃ জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সাথে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। তারা হলেন কেয়ারটেকার মোঃ জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর ভাই আব্দুস সালাম।

মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ রায় দেন। গত ১৬ মার্চ উভয়পক্ষের (রাষ্ট্র ও আসামি) করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য আজ (৫ এপ্রিল) দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অবন্তী নুরুল। বাদিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। এ ছাড়া ছিলেন অধ্যাপক ড. এস তাহেরের মেয়ে আইনজীবী সাগুফতা।অন্যদিকে আসামিপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান ও অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম।

২০১৩ সালের ২১ এপ্রিল রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং অন্য দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট।

অধ্যাপক তাহের হত্যা মামলায় ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে ফাঁসির আদেশ ও দু’জনকে বেকসুর খালাস দেন। খালাসপ্রাপ্ত চার্জশিটভুক্ত দুই আসামি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও আজিমুদ্দিন মুন্সী।

২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন পুলিশ। পরে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরাও আপিল করেন।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবির কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক তাহেরের লাশ। ৩ ফেব্রুয়ারি নিহত অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যা মামলা করেন।




পিয়াজ ভর্তি পিকআপ ভ্যানে ৩৮ হাজার পিস ইয়া’বা: আটক ২

ডিএনবি নিউজ ডেস্কঃ

আশুলিয়ায় পিয়াজ ভর্তি পিকআপ ভ্যান থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।




আবারও বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

ডিএনবি নিউজ ডেস্কঃ

ইউক্রেন সংকট নিয়ে সোমবার বৈঠকে বসতে যাচ্ছে মস্কো-কিয়েভ। আগের বার দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি বসলেও এবার ভিডিও কনফারেন্সে বৈঠক হতে যাচ্ছে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইতোমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এর মধ্যে তিনদফা সীমান্তবর্তী বেলারুশে। অন্যটি তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা হয়।

নতুন করে দুই দেশের সংলাপে এবার প্রত্যাশা বেড়েছে। রুশ আলোচক ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের আলোচনা ভিডিও কনফারেন্সে হবে। ক্রেমলিনের বিবৃতিতে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনেস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক।

পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের লভিভের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই আবারও আলোচনায় বসছে দুই দেশের প্রতিনিধি দল।




দুর্গাপুরে আগুনে দুটি দোকান পুড়ে ছাই

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে পৌর এলাকার তেরী বাজার ঘাটে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে একটি গুদাম ও খাবারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৩মার্চ) গভীর রাতে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।

জানা যায়, তেরীবাজার ঘাটে রতন মিয়ার খাবারের গুদামঘর ও ফজলুল হকের খাবারের হোটেলের অবস্থান একই সাথে। অন্যান্য কাজ শেষে রতনের কর্মীরা গুদাম ঘরে ঘুমাতে গেলে, গুদামে থাকা একটি গ্যাস সিলিন্ডারের লাইন খুলতে গেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওইসময় কিছু বুঝে ওঠার আগে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে দুটি দোকানে। এরপর তাদের চিৎকারে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার পুর্বেই দোকানের অনেক কিছুই পুড়ে ছাই হয়ে যায়

ব্যবসায়ী রতন মিয়া জানান, আমার এই গুদামে আটার বস্তা, তেলের টিন সহ অনেক কিছু মালামাল ছিলো। এছাড়া মালামাল পরিবহনের জন্য আমার নিজস্ব একটি অটো গাড়ি,সাইকেল গুলোও পুড়ে গেছে। আগুনে সব মিলিয়ে ২ লাখ টাকার মালামাল ক্ষতিয়ে হয়েছে বলে জানায় রতন।

দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। গ্যাসের সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




দুর্গাপুর পৌর মেয়র মোঃ আলা উদ্দিনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুর পৌর মেয়র মোঃ আলা উদ্দিন’কে জড়িয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র মোঃ আলা উদ্দিন বলেন, আমি শহীদ পরিবারের সন্তান, আমার রাজনৈতিক শিক্ষা আমার আওয়ামী পরিবার থেকে। ছোট্র ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে বিভিন্ন গনমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আদৌ সঠিক নয়। আমার ভাতিজা হিসেবে সাংবাদিক রিফাত আহমেদ রাসেল কে আমি গালমন্দ করেছি। তাকে শাসন করার অধিকারও আমার আছে। কে বা কাহার যোগ সাজসে প্ররোচিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে যে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার পরেও আমি চাই বিষয়টি না বাড়িয়ে স্থানীয় ও জেলা প্রেসক্লাবের নেতাকর্মীদের নিয়ে বিষয়টি সমাধান করুন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী অঞ্জন সরকার লিটন প্রমুখ।