বাগেরহাটে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

ডিএনবি নিউজ ডেস্ক:

বাগেরহাটের শরণখোলায় অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে শরণখোলা উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক মো. মামুন, চালকের সহকারী মিলন ও শিমুল। তিনজনেরই দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়।

অ্যাম্বুলেন্স চালক মো. মামুন বলেন, রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকায় নুরুল ইসলাম মীর নামে এক শ্বাসকষ্টের রোগীর জন্য অ্যাম্বুলেন্সে করে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাই। বাড়ির সামনে পৌঁছালে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, অগ্নিদগ্ধ তিনজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিন জনেরই দুই হাত পুড়ে গেছে। একজনের মাথায় সামান্য ক্ষত হয়েছে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




দুর্গাপুরের বিজয়পুর স্থলবন্দর চালু এখন সময়ের দাবী

ডিএনবি নিউজ ডেস্ক :

পর্যাপ্ত অবকাঠামো থাকার পরও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অবস্থিত বিজয়পুর স্থলবন্দর। এক সময় এই বন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানী করা হলেও ২০১৬ সনে ভারতের পরিবেশবাদী সংগঠনের করা মামলায় তা বন্ধ হয়ে যায়। স্থলবন্দর বন্দ থাকায় অত্র এলাকার ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ভারতের ব্যবসায়ীদের কাছে পড়ে থাকায় দিশেহারা হয়ে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা। এনিয়ে মঙ্গলবার সরেজমিনে গেলে কয়লা ব্যবসায়িরা যুগান্তর কে এমনটাই জানিয়েছেন।

স্থলবন্দর পরিদর্শন করে দেখাগেছে, প্রায় ৫বছর ধরে স্থলবন্দরটি বন্ধ থাকায় নষ্ট হচ্ছে আমদানী কারকদের অফিসের আসবাবপত্র। ওই বন্দরে কর্মরত অনেক কয়লা শ্রমিকগন বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দাবী আমরা সীমান্ত এলাকার থেটে খাওয়া মানুষ, আইনী জটিলতার কারনে আমরা অতি কষ্টে জীবন-যাপন করছি। এক সময় এই বন্দর দিয়ে কয়লা ও পাথরসহ বিভিন্ন পণ্য আমাদানি হতো। কিন্তু ভারতীয় অংশে উন্মুক্ত কয়লা তোলার বিরুদ্ধে পরিবেশবাদীরা মামলা করায় তা বন্ধ হয়ে যায়। বন্দরটি পুনরায় চালু হলে দু‘দেশই অর্থনৈতিক সুবিধা ভোগ করবে।

ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর প্রচেষ্টায় দুর্গাপুর এলাকার কয়লা ব্যবসায়ীন এবং ওই এলাকার আদিবাসী সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা সহ ভারতের রপ্তানী কারকদের সাথে দফায় দফায় বৈঠক করে যাচ্ছেন। এতে নতুন করে বন্দরটি চালুর সম্ভাবনাও রয়েছে। বন্দরটি পুনরায় চালু হলে স্থানীয়ভাবে অর্থনীতির উন্নয়নের পাশাপাশি সরকারি রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিসহ মানুষের জীবিকায় নতুন সম্ভাবনা যুক্ত হবে। সেই সঙ্গে অল্প সময়ে সারাদেশে কয়লা, পাথরসহ কমপক্ষে ১৮টি পণ্য আমদানি করা সম্ভব হবে।

বিজয়পুর বিজিবি ক্যাম্প ইনচার্জ বলেন, ভারতের করা মামলায় আটকে গেছে কয়লা আমদানী। আমাদের দেশের কম করে হলেও ২৫টি অফিস ও তার আসবাবপত্র নষ্ট হচ্ছে। আমাদের ব্যবসায়ীদের বহু টাকা ভারতে আটকা পড়ে আছে। এ নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। আমাদের বর্ডার দিয়ে কোন সমস্যা নাই, আশা করছি এবার চালু হতে পারে।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান যুগান্তর কে বলেন, বাংলাদেশের মধ্য দিয়ে কয়লা আমদানী করতে কোন সমস্যা নাই। ভারতের আইনী জটিলতার কারনে তা বন্ধ রয়েছে। বিগত সময়ে নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দেশের প্রশাসনের কাছে পত্র প্রেরণও করা হয়েছে, ইতোমধ্যে বন্দর চালুর বিষয়ে নানা বৈঠকও অব্যহত রয়েছে, আশা করছি এবছরই বন্দর চালু হতে পারে।

স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার বলেন, ভারতের পরিবেশবাদীদের করা মামলার বিষয় সহ অন্যান্য নানা বিষয়ে বিগত সময়ে ভারতের শিলং এ দু‘দেশের জেলা প্রশাসনের কর্মকর্তাগন সভা করেছেন। বিজয়পুর সীমান্তের বন্দরটির গুরুত্ব তুলে ধরে ইতোমধ্যে দু‘দেশের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছি। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আমাদের আশ্বাসও দিয়েছেন। অচিরেই মামলা জটিলতা নিরসন করে পুনরায় বন্দরটি চালু হবে বলে আমি আশাবাদী।




নিবন্ধন ছাড়া অনলাইনে ব্যবসা করা যাবে না

ডিএনবি নিউজ ডেস্কঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সব অনলাইন প্লাটফর্মে ব্যবসার শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালু করা হচ্ছে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) নম্বর। যারা অনলাইনে ব্যবসা করতে চান; সবাইকে এই ইউবিআইডি নম্বর নিবন্ধনের আওতায় আসতে হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সকাল ১০টায় প্রথমে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা হবে। এরপর অ্যাপটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সভায় উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডাক অধিদপ্তরসহ মোট ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জানা গেছে, ইউবিআইডিসহ নিবন্ধিত অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য চালু করা হবে সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস)। ইউনিক আইডি উদ্বোধনের পর এটি চালু হলে রেজিস্ট্রেশনবিহীন কোনো কোম্পানি আর অনলাইনে ব্যবসা করতে পারবে না।

এছাড়া ‘বিনিময়’ নামে একটি ডিজিটাল আন্তলেনদেন প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে। এ অ্যাপের মাধ্যমে বিকাশ, নগদ, উপায় বা যেকোনো মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) থেকে যেকোনো ব্যাংক হিসাবে টাকা পাঠানো যাবে।

এ দুই সেবাও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কয়েক সপ্তাহের মধ্যে। এ দু’টির পর চালু করা হবে সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি), তার কাজও চলছে।




দুর্গাপুরে ইউড্রেন নির্মানের আগেই বিল উত্তোলন

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনাস্থ দুর্গাপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে গ্রামীন অবকাঠামো উন্নয়নের অংশ হিসাবে ফারংপাড়া গ্রামের ইনসাফ মাদ্রাসার পাশের রাস্তায় একটি ইউড্রেন বা কালবার্ড নির্মান করে বিল উত্তোলনের কথা থাকলেও তা না করে অগ্রিম বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে ঐ ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর আলম সাজু’র বিরদ্ধে।

প্রকল্প কমিটির সভাপতি ঐ ওয়ার্ডের প্রাক্তন মেম্বার আঃ বারেক বলেন এসকল প্রকল্পের কাজ চেয়ারম্যান সাহেব করে থাকেন বিলও উত্তোলন করেন তিনি,আমাদেরকে শুধু নামে মাত্র প্রকল্প কমিটির সভাপতি করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে ২ ফেব্রæয়ারী বুধবার সরেজমিনে গেলে প্রত্যক্ষ করা যায় যে, উক্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে তরিগড়ি করে অত্যন্ত নি¤œমানের উপকরন দিয়ে নামকাওয়াস্তে একটি ইউড্রেন বা কালবার্ড নির্মান কাজ চলতে ছিলো। যা নকসা ও ইস্টিমিটি এর সাথে কোন মিল নাই।

সূত্রে জানাযায় ২০২১-২২ অর্থ বছরের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য এই প্রকল্পে ১লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্ধ হয়, কিন্তু কাজ সম্পন্ন করার অনেক আগেই ঐ কাজের পুরো বিল উত্তোলন করে নেন ঐ চেয়ারম্যান।

প্রতিবেশিরা জানান, আমাগো মেম্বার কইছিল এইহানে একটা কালবার্ড অইবো,পরে হুনি ঐ কালবার্ডের টেহা চেয়ারম্যান সাব খাইয়া ফালাইছে। একটি মহল বলেন চেয়ারম্যান শাহিনুর আলম সাজু নির্বাচনে ফেল করায় বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যই তরিগড়ি করে নামমাত্র কাজ সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন। এগুলি জনগনের টাকা এই টাকা ইউনিয়ন পরিষদের অনুকুলে ফেরত দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে আমরা জোর দাবী জানাই।

চেয়ারম্যান শাহিনুর আলম সাজু’র মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকের কল কেটে দেন।




মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন দিলো রিক্সাচালক তারা মিয়া

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিলো রিক্সাচালক তারা মিয়া।

শুক্রবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চকলে্ংগুরা বায়তুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এছাড়াও একই এলাকার মসজিদে জুমা’র নামাযে আসা মুসুল্লিদের মাঝে মাস্ক বিতরণ করে রিক্সাচালক তারা মিয়া।

মাদ্রাসার শিক্ষক বলেন, তারা মিয়া দীর্ঘ দিন যাবত এই মাদ্রাসা শিক্ষার্থীদের খাতা কলম সহ শিক্ষা উপকরণ দিয়ে আসছে, আমরা তারা মিয়ার মঙ্গল কামনা করি।

রিক্সাচালক তারা মিয়া জানায়, আমি রিক্সাচালিয়ে যা রোজি করি তা থেকে অর্ধেক অংশ গরীর অসহায় শিক্ষার্থীদের জন্য রেখে দেই। আর তা থেকেই এসব দিয়ে থাকি,আমি সকলের কাছে দোয়া চাই।




ঝড়ে ১৮টি ট্রলারডুবি, ২ জেলে নিখোঁজ

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮টি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মো. শাহিনুর ও মো. মোতাচ্ছির নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে।বন বিভাগের দুবলা ফরেস্ট স্টেশনের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত নভেম্বরে দেশের বিভিন্ন জায়গা থেকে শুঁটকি প্রক্রিয়া করতে দুবলায় সামুদ্রিক মাছ ধরতে আসেন প্রায় ৩০ হাজার জেলে। এসব জেলেরা দুবলাসহ প্রায় আটটি চরে অস্থায়ী বসতি গড়ে তোলেন। সেখানে থেকেই তারা সাগরে মাছ ধরেন। শুক্রবারও মাছ ধরতে তারা সাগরে যান। কিন্তু হঠাৎ ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয় ১৮টি ফিশিং ট্রলার। এ সময় দুবলায় আটটি এবং তার পার্শ্ববর্তী এলাকা আলোরকোল এলাকায় আরও ১০টি ফিশিং ট্রলার ডুবে যায়।

পরে অন্য ট্রলারের সাহায্যে ১৫৪ জেলে ফিরে আসতে পারলেও রামপালের দূর্গাপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. শাহিনুর ও ইসলামাবাদ গ্রামের মো. ছোট্টোর ছেলে মো. মোতাচ্ছির নিখোঁজ রয়েছেন বলে ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান। জেলেদের উদ্ধারে দুবলার ১০০ ট্রলার এবং কোস্টগার্ডের দুটি জাহাজ অভিযানে নেমেছে বলেও জানান তিনি। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুবলার চরের প্রায় দুই কোটি টাকার শুঁটকি মাছ নষ্ট হয়েছে বলেও জানান দুবলা ফরেস্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায়।

 




এলপি গ্যাসের দাম আরও বাড়ল

ডিএনবি নিউজ ডেস্কঃ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও বেড়েছে। এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা করা হয়েছে। আগের চেয়ে ৬২ টাকা বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের নতুন এই দর ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল আমদানি নির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। সৌদির দর উঠানামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। এরপর থেকে প্রতিমাসে গ্যাসের নতুন দর নির্ধারণ করা হয়।

জানুয়ারি মাসে সৌদি সিপির দর ছিল প্রোপেন ৭৪০, বিউটেন ৭১০ ডলার। যা চলতি মাসে বেড়ে মেট্রিক টন ৭৭৫ ডলারে বিক্রি হচ্ছে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। কিন্তু বাস্তবে সেই দরের পুরোপুরি প্রতিফলন হচ্ছে না। কোথায় বেশি দরে আবার ক্ষেত্র বিশেষে কম দরে বিক্রি খবর মিলেছে। ১২ এপ্রিলের আগে পর্যদন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন।




বাণিজ্যমেলা শেষ হচ্ছে আজ

ডিএনবি নিউজ ডেস্ক:

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম আসরের শেষ দিন আজ। মেলার স্থায়ী ভেন্যু পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রথমবারের মতো বসেছে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা।

রোববার শেষের আগের মেলায় ছিল ছুটির দিনের মতো ভিড়। তবে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না সেখানে। মেলায় প্রবেশে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও দর্শনার্থী বিক্রেতাদের মতো কর্তৃপক্ষও ছিল উদাসীন।

শেষের দিকে কম দামে পণ্য কেনার আশায় মেলায় এসেছেন অনেকে। তাদের বেশিরভাগই গৃহস্থালি, কাপড় ও ইলেকট্রনিক পণ্যের স্টলে ভিড় করেছেন। দামে ছাড় আর হোম ডেলিভারির অফারে অনেকেই কিনছেন পণ্য।

বাণিজ্য মেলা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন ইপিবির সচিব ও বাণিজ্যমেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মেলায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। করোনা সংক্রমণ রোধে মেলায় প্রবেশের সময় দর্শনার্থীরা যাতে মাস্ক পরে প্রবেশ করে সে ব্যাপারে আমরা খুব কঠোর ছিলাম। তবে সাধারণ মানুষ সচেতন না থাকলে তো আর কিছু করার থাকে না।




দুর্গাপুর উপজেলা ভূমি অফিস জনবান্ধবে পরিণত হয়েছে

ডিএনবি নিউজ ডেস্ক:

প্রথমবারের মত নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ভূমি অফিসে সব ধরণের জনদূর্ভোগ দুর হয়ে বর্তমানে জনবান্ধব অফিসে পরিণত হয়েছে। এতে অফিসের অতীতের চেয়ে সব ধরণের সেবার মান বৃদ্ধি পেয়েছে। নেই জনগণের ভীড়, বস্তাবন্দী ফাইল, নেই কোন অনিয়ম ও দুর্নীতি। মঙ্গলবার অফিসে গিয়ে এমনটাই দেখা গেছে।

সরজমিনে গিয়ে জানাগেছে, অফিসে স্বচ্ছতা ফিরিয়ে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের। সেবা দেয়ার মননশীলতায় ফিরিয়ে আনা হয়েছে স্বচ্ছতা। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম এর সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার কথা শোনা গেছে। ওনার কর্মতৎপরতা, ও সৃজনশীলতার মাধ্যমে প্রযুক্তির যথাযথ ব্যবহারের করে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও নামজারিসহ অন্যান্য সেবা এখন মিলছে খুব সহজেই। এছাড়াও অনুমোদিত মিউটেশন খতিয়ান গুলো পৌরসভা/ ইউনিয়ন ভূমি অফিসের মৌজা অনুযায়ী সাজিয়ে ভলিউম আকারে বাঁধাই করা হয়েছে। এতে যেকোন নাগরিক জমির খতিয়ান যাচাই বাছাই করতে পারাসহ জমি ক্রয়ের পূর্বে স্বত্ব যাচাই করতে চাইলে খতিয়ান বা নামজারি কেস নম্বর দিয়ে সহজেই যাচাই করতে পারছেন। কোর্ট ফি যাচাই করে আবেদনপত্র গ্রহণের ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন না। একজন সেবাগ্রহিতা অফিসের সততা স্টোরের নির্ধারিত মুল্যে আবেদন ও কোর্ট ফি কিনে নিতে নিতে পারছেন। অফিসের সামনেই টাঙানো হয়েছে সিটিজেন চ্যাটার এবং এসিল্যান্ড মহোদয়ের মুঠোফোন নাম্বার। এর মাধ্যমে সেবা গ্রহিতারা ভূমি অফিসের যেকোন নিয়ম-কানুন, খাজনা-খারিজ, পর্চা, রেকর্ড সংশোধন, জমি সর্ম্পকিত যাবতীয় তথ্য সম্পর্কে খুব সহজেই জানতে পারছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম বলেন, যোগদানের পর জাতীয় উন্নয়ন মেলায় ভূমি ব্যবস্থাপনায় উন্নয়ন সংক্রান্ত গ্রহিত কার্যক্রম সম্পন্ন করেছি। ভুমি অফিস দালাল ও ঘুষমুক্ত রাখার চেস্টা করছি। অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে দুই মাসে কোন প্রকার উৎকোচ ছাড়াই প্রায় ৬শত‘র উপরে নাম খারিজ দিয়েছি। সরকার হচ্ছে জনগণের সেবক এবং আমরা সরকারে অংশ হিসাবে জনগণের ভূমি সেবা দেয়ার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত করবো ইনশাল্লাহ।




মাস্ক ছাড়া বের হলেই জরিমানা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক: 

মাস্ক ছাড়া বের হলে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, মাস্ক ছাড়া বের হলে এখন থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গ্রামে মাইকিং করে টিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।i

সোমবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি অফিসগুলোতে অর্ধেক জনবল নিয়ে কাজ শুরু হয়েছে। এর আগেও এর চেয়ে কম জনবল নিয়ে অফিস পরিচালনা করা সম্ভব হয়েছে। তাই এতে কোনো সমস্যা হবে না।তিনি আরও বলেন, প্রয়োজন হলে ভার্চুয়ালি অফিস করা হবে। এ সময় আহ্বান জানান তিনি।