সাংবাদিক রোজিনার জামিনে প্রমাণিত হলো আদালত সম্পূর্ণ স্বাধীন: ওবায়দুল কাদের

ডিএনবি নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি।

শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যতঃ কিছুই করেনি।

রোববার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা যুক্ত হয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়া কান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।

গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। এ বিষয়ে যাত্রীসাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যতই বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন হোক না কেন সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরে না আসলে জনগণ এর সুফল পাবে না।

সেতুমন্ত্রী বলেন, গত দশ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যে উন্নয়ন সাধিত হয়েছে বিগত কোনো সময়ে হয়নি। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হয়েছে, যা এই সরকারের আরো একটি সাফল্য।

তিনি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মত বড় প্রকল্পগুলো চলমান। আশা করা হচ্ছে আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে।




সাংবাদিকদের সাথে নেত্রকোণা জেলা পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

ডিএনবি নিউজ ডেস্ক:

সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি। শনিবার (২২ মে) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক এম. মুখলেছুর রহমান খান এর সঞ্চালনায় জেলা প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে প্রত্যেকের মতামত ও অভিযোগ শোনেন পুলিশের এই কর্মকর্তা। এ সময় বক্তব্য রাখেন নেত্রকোণা সদর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুল হান্নান রঞ্জন, যুগ্ম সম্পাদক এ.কে.এম আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ আলতাবুর রহমান কাসেম, ম কিবরিয়া চৌধুরী হেলিম, দপ্তর ও লাইব্রেরি সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান, মাই টিভির আনিসুর রহমান, যমুনা টেলিভিশনের কামাল হোসাইন, জনকণ্ঠের সঞ্জয় সরকার, গোলাম কিবরিয়া সোহেল, পাপ্পু মজুমদার প্রমুখ।

সাংবাদিকরা এসময় পুলিশ সুপারকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ও ট্রাফিক সমস্যা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে সকল সাংবাদিক দের প্রশ্নের উত্তরে আইনশৃংখলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানান।




বাড়ি ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের চালান

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনে পৌঁছছে প্রথম ত্রাণের চালান। ইসরায়েলি বাহিনী সীমান্ত খুলে দেওয়ার পর জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণের ট্রাক ঢুকছে গাজায়। এসব ট্রাকে খাবার, জ্বালানি ও ওষুধ রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর হাজারো ফিলিস্তিনি আশ্রয়শিবির থেকে বাড়ি ফিরছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছে, এই এলাকার এক লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। সেখানকার আট লাখ মানুষ খাবার, পানি ও জ্বালানির সংকটে রয়েছে।

চলতি মাসে শেখ জারাহ দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। তারপর শুরু হয় ইসরায়েলের ওপর দমন-পীড়ন। অনেকে এলাকা ছাড়েন। অনেকের নামেই মামলা হয়, যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে।




মাহমুদ আব্বাসকে সৌদি বাদশাহর ফোন, জানালেন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় টানা ১১ দিন বিমান হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। শুক্রবার রাত ২টায় ইসরাইল ও হামাস দুই পক্ষই যুদ্ধবিরতিতে যায়।

একইদিন (শুক্রবার) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এছাড়া ইসরায়েলি হামলায় নিহত নিরস্ত্র ফিলিস্তিনিদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সৌদি বাদশাহ।

মাহমুদ আব্বাসকে সালমান বিন আব্দুল আজিজ আশ্বস্ত করেন, সৌদি আরব দখলদার ইসরায়েলি সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান অব্যাহত রাখবে। আমরা জেরুসালেমে মুসলিমদের ওপর হামলা ও উচ্ছেদ বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সৌদি আরব সব সময় ফিলিস্তিনের জনগণের সুরক্ষা ও শান্তি কামনা করে।

জবাবে সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে সৌদি আরব বিশ্ব সম্প্রদায়, মুসলিম বিশ্ব ও আরব সংগঠনগুলোকে একত্রিত করতে কাজ করেছে। এজন্য ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে আমি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।




সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তির দাবীতে দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিবাদ

ডিএনবি নিউজ ডেস্কঃ

দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব এর আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, চারণ গোপাল রনি রিফাত আহমেদ রাসেল,কলি হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ রোজিনা ইসলাম কে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

এর আগে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নারী সাংবাদিক সংগঠন (নাসাস) এর উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক রাখী দ্রং এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।




সাংবাদিক রোজিনা ইসলামের মামলা ডিবিতে স্থানান্তর

ডিএনবি নিউজ ডেস্ক:

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার আজিমুল হক।

এদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়। মঙ্গলবার (১৮ মে) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেফতার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন। সেই সঙ্গে বুধবার (১৯ মে) সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় প্রতিবাদকারীরা অনুসন্ধানী রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা করার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে তার মুক্তির দাবি করেন সাংবাদিকরা। একই দাবিতে গোপালগঞ্জ, ঝিনাইদহ, ফেনী ও ময়মনসিংহে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন সংবাদমাধ্যমকর্মীরা। উল্লেখ্য, সোমবার (১৭ মে) বিকেল ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। নিজের ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাড়ে পাঁচ ঘণ্টা পর তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়। সকালে রোজিনাকে আদালতে তুলে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। অন্যদিকে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




কারাবরণ আবেদন নিয়ে থানায় হাজির সাংবাদিকরা

ডিএনবি নিউজ ডেস্ক:

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও তাকে নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে শাহবাগ থানায় অবস্থান নেন। মঙ্গলবার (১৮ মে) বিকেলে শাহাবাগ থানায় তারা অবস্থান নেন। অবস্থানরত সাংবাদিকরা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে সেই একই অভিযোগ যে কোনো অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে আনা যায়। সে কারণে রোজিনা ইসলামকে কথিত যে দোষে দোষী বলে অভিযুক্ত করা হচ্ছে।এমন অসংখ্য অভিযোগ থানায় উপস্থিত সাংবাদিকদের বিরুদ্ধেও আনা যায়। কারণ অনুসন্ধানী সাংবাদিকরা জনস্বার্থে এমন গোপন নথির মাধ্যমে দুর্নীতি উন্মোচন করে থাকেন। তাই তারা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় হাজির হয়েছেন। কারাবরণের আবেদন নিয়ে হাজির হওয়া সাংবাদিকরা হলেন, বদরুদ্দোজা বাবু, মিলটন আনোয়ার, মহিম মিজান, পারভেজ রেজা, মুনজুরুল করিম, আব্দুল্লাহ তুহিন, খান মুহাম্মদ রুমেল, অপূর্ব আলাউদ্দীন, আবদুল্লাহ আল ইমরান, নয়ন আদিত্য, মুক্তাদির রশীদ রোমিও, এস এম নূরুজ্জামান, শাহনাজ শারমিন, কাওসার সোহেলী।




সাংবাদিক হেনস্থা ও গ্রেফতার দুঃশাসনের চূড়ান্ত রূপ: ইসলামী আন্দোলন

ডিএনবি নিউজ ডেস্ক:

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, গ্রেফতার ও জেলে প্রেরণ সরকারের দূর্নীতি ও দুঃশাসনের চূড়ান্ত রূপ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা আব্দুল আউয়াল। আজ (১৮মে) মঙ্গলবার  এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত এসব বলেন নেতৃদ্বয়।

নেতৃদ্বয় আরো বলেন, একটি স্বাধীনদেশে একজন সিনিয়র গণমাধ্যম কর্মীকে পাঁচ-ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্থা ও সুস্পষ্ট কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করে কারাগারে প্রেরণের মাধ্যমে সরকার দেশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্য করেছে। নিজেদের ক্ষমতাকে ধরে রাখতে নতুন নতুন আইনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতার অধিকার হরণ করেছে। যা কোন সভ্য দেশের কালচার হতে পারে না। বিবৃতিতে তারা আরো বলেন, সরকারের প্রতিটি সেক্টরে দূর্নীতি চূড়ান্ত রূপলাভ করেছে। স্বাস্থ্য, শিক্ষাখাতসহ সকল উন্নয়নমূলক কাজে দূর্নীতি চরম আকার ধারণ করেছে।যা দেশের অগ্রগতির জন্য অন্তরায়।

নগর সভাপতি বলেন, সাংবাদিকগণ দেশের আয়না, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা সাংবাদিক মহলের উপর এই ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা জানাই। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করছি। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বর্জন করে গণমাধ্যমকর্মীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান। এভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের সাহসী ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, সরকারকেই নিশ্চিত করতে হবে সকল সাংবাদিকদের স্বাধীনতা, নিরাপত্তা। সেই সাথে সাংবাদিক রোজিনা ইসলামসহ গণমাধ্যম কর্মীদের নামে দায়েরকৃত হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।




দুর্গাপুরে নিজ অর্থায়নে ৭ হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরন

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ অর্থায়নে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭ হাজার অতিদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার মুজিবনগর আবাসন প্রকল্প এলাকায় এ সামগ্রী বিতরন শুরু করেন পৌর মেয়র মো. আলা উদ্দিন।

স্থানীয় আনসার ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে ঈদ সামগ্রীর প্যাকেট পৌর ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, পৌর সচিব তৌহিদুল ইসলাম, প্রকৌশলী নওশাদ আলম, সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার ইব্রাহিম খলিল টিপু, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: পৌর মেয়র আলা উদ্দিন প্রতিবছরই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পৌরবাসীর মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরন করে আসছেন।




১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

ডিএনবি নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের দু’দিন আগে ১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা ছিল।

সাধারণত প্রতি বছরের ১ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়ে চলে পুরো মাস। এবার করোনা ভাইরাস মহামারির কারণে অনিশ্চয়তায় পড়ে বইমেলা। করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছর একুশে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার কথা উঠেছিল। পরে অনিশ্চয়তা কাটিয়ে গত ১৮ মার্চ উদ্বোধন করা হয় ৩৭তম অমর একুশে বইমেলার। গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছিল। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এখন সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়। পরে ৫ এপ্রিল থেকে সাতদিনের বিধি-নিষেধ আরোপ করা হলেও বইমেলা বন্ধ করা হয়নি। এই পরিস্থিতিতেও প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একুশে বইমেলা চলছে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ প্রতিরোধে গত ১ এপ্রিল চলমান বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্র ও অন্যান্য মেলা অবিলম্বে বন্ধের সুপারিশ করেছিল জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।