তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তিতে কী ছিল?

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ

শুক্রবার তারা দেশটির দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাতের নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর এসেছে। এ অবস্থায় কাবুল থেকে দূতাবাস খালি করার তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

গত মে মাসে নতুন করে সংঘাত শুরুর পর তালেবান বাহিনী এত দ্রুত এত বেশি সাফল্য পেয়ে যাবে, তা ছিল বাইডেন প্রশাসনের ধারণার বাইরে। এখন মার্কিন গোয়েন্দা বিভাগের মূল্যায়ন বলছে, শিগগিরই কাবুলেরও পতন ঘটতে পারে তালেবানের হাতে ।

পরিস্থিতির এমন অবনতির পরও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বদলাচ্ছেন না বাইডেন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, দূতাবাসের কর্মী প্রত্যাহারের কাজটি তারা সেনা প্রত্যাহারের সময়সীমা ৩১ আগস্টের মধ্যেই শেষ করতে চান।

তালেবান বাহিনীর এই অগ্রযাত্রার মধ্যে সেই শান্তি চুক্তির বিষয়টি আবারও আলোচনায় আসছে। কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ওই চুক্তির লক্ষ্য ছিল আফগান যুদ্ধের অবসান ঘটানো।

সে সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবানের দোহা মুখপাত্র সোহাইল শাহীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

চুক্তির মূল ধারা চারটি, যেখানে শুরুতেই বলা হয়েছে ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’ নামটিকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় না এবং এরা যুক্তরাষ্ট্রের কাছে তালেবান হিসেবে পরিচিত। এই চুক্তিটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের, যদিও তালেবান নিজেদেরকে চুক্তির নথিতে ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’ হিসেবে উল্লেখ করেছে।

চুক্তির শিরোনাম ছিল – ‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য চুক্তি’। এটি দারি, পশতু এবং ইংরেজি ভাষায় অনূদিত হবে বলেও নথিতে উল্লেখ করা হয়। তারিখ হিসেবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি হিজরি চান্দ্র ও সৌর বর্ষও উল্লেখ করা ছিল।

সমন্বিত ওই শান্তি চুক্তির চারটি ধারা একটি আরেকটির ওপর নির্ভরশীল।

প্রথম ধারায় বলা হয়, আল-কায়েদাসহ কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে তালেবান নিশ্চয়তা দিচ্ছে। এ প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যবস্থাপনাও তারা করবে।

দ্বিতীয় ধারায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়, আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে, এটা বাস্তবায়নের ব্যাবস্থাপনা তারা করবে এবং সেনা প্রত্যাহারের একটি সময়সূচিও ঘোষণা করা হবে।

তৃতীয় ধারায় বলা হয়, আন্তর্জাতিক সাক্ষীর উপস্থিতিতে আফগানিস্তান থেকে বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহারের নিশ্চয়তা এবং এর সময়সূচি ঘোষণার পর, এবং তালেবানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে না দেওয়ার নিশ্চয়তা ঘোষণা করার পর তালেবান পক্ষ আফগানিস্তানের সরকারের সঙ্গে আন্তঃআফগান আলোচনা ও সমঝোতার প্রক্রিয়া শুরু করবে। ২০২০ সালের ১০ মার্চ এই আলোচনা শুরুর তারিখ ঠিক করা হয়।

চতুর্থ ধারায় বলা হয়, আন্তঃআফগান দরকষাকষি ও আলোচনায় আলোচ্যসূচির একটি অংশে থাকবে অস্ত্রবিরতির বিষয়টি। আন্তঃআফগান আলোচনায় অংশগ্রহণকারীরা স্থায়ী ও সমন্বিত একটি অস্ত্রবিরতির তারিখ ও সম্ভাব্যতা নিয়ে আলোচনা করবেন এবং এর বাস্তবায়নে যৌথ ব্যবস্থাপনার বিষয়টিও এর অন্তর্ভুক্ত থাকবে। আফগানিস্তানের ভবিষ্যত রাজনৈতিক রূপরেখা ঘোষণার সময়ই অস্ত্রবিরতি ঘোষণা করা হবে।

চুক্তিটির পরের তিনটি অংশের প্রথম অংশে যুক্তরাষ্ট্রের কী কী করণীয় তার বিবরণ রয়েছে। বলা হয়েছে, চুক্তি স্বক্ষরের ঘোষণার দিন থেকে পরের ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে। প্রথম অংশে সেখানে ছয়টি বিষয়ের উল্লেখ রয়েছে।

এর প্রথমটিই সেনা প্রত্যাহার নিয়ে। যেখানে বলা হয়, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই চুক্তি ঘোষণার প্রথম ১৩৫ দিনের মধ্যে আট হাজার ৬০০ সেনা সরিয়ে নেবে। এবং একই সময়ের মধ্যে তারা সেদেশের পাঁচটি সেনাঘাঁটি থেকেও সেনা প্রত্যাহার করবে।

দ্বিতীয়টিতে বলা হয়, পরের সাড়ে নয় মাসের মধ্যে বাকি বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে। এবং বাকি সেনাঘাঁটিগুলো থেকেও সৈন্য সরিয়ে নিতে হবে।

তৃতীয়টি মূলত বন্দি বিনিময় সংক্রান্ত। যেখানে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সময় বন্দি ৫ হাজার তালেবানকে মুক্তি দেবে এবং এর বিনিময়ে তালেবান গোষ্ঠী তাদের হাতে বন্দি ১ হাজার জনকে মুক্তি দেবে বলে ঐকমত্য হয়।

চতুর্থ বিষয়টি হল, আন্তঃআফগান আলোচনা শুরুর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু করবে এবং তালেবানের যেসব সদস্যকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেই তালিকাও পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু করবে। ২০২০ সালের ২৭ অগাস্টের মধ্যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নেবে।

পঞ্চমটি হল, আন্তঃআফগান আলোচনা শুরুর পর যুক্তরাষ্ট্র জাতিসংঘে তালেবানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া চালুর জন্য সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে এবং ২০২০ সালের ২৯ মের মধ্যে তারা এ কাজটি করবে।

ষষ্ঠ বিষয়টি হল, যুক্তরাষ্ট্র এবং মিত্ররা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং আফগানিস্তানকে বিভক্ত করতে হুমকি দেওয়া বা বল প্রয়োগ থেকে বিরত থাকবে।

চুক্তির দ্বিতীয় অংশে তালেবানের করণীয়গুলো উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, পাঁচটি দফা বাস্তবায়ন করবে তালেবান।

প্রথমটি হল, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে নিজেদের কোনো সদস্য বা আল-কায়েদাসহ অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তি যাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করবে তালেবান।

দ্বিতীয় দফাটিও প্রায় একই ধরনের, যেখানে বলা হয়েছে, তালেবান পক্ষ যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে সক্রিয় কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করতে পারবে না, যারা যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য হুমকি স্বরূপ।

তৃতীয় দফাটি হল, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী কোনো গোষ্ঠী বা ব্যক্তি যাতে সদস্য ও তহবিল সংগ্রহ এবং তাদের প্রশিক্ষণের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করবে তালেবান।

চতুর্থ ও পঞ্চম দফায় যথাক্রমে শরণার্থী, আশ্রয়প্রার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক বিধি মেনে চলার অঙ্গীকার করেছে তালেবান এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি সৃষ্টিকারী গোষ্ঠী ও ব্যক্তিকে ভিসা না দেওয়া, অন্য কোনো ভ্রমণ অনুমতি না দেওয়া বা অন্য কোনো আইনি নথি না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

চুক্তিটির তৃতীয় অংশে আরও তিনটি দফা রয়েছে, যার প্রথমটিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদনের জন্য চেষ্টা করার কথা বলা হয়েছে।

দ্বিতীয় দফায় বলা হয়েছে, তালেবান পক্ষ ও যুক্তরাষ্ট্র পরস্পরের সঙ্গে ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠায় সচেষ্ট হবে এবং নতুন পরিস্থিতিতে আন্তঃআফগান আলোচনা ও সমঝোতার মাধ্যমে একটি আফগান ইসলামিক সরকার গঠনের চেষ্টা করবে যা থেকে প্রতীয়মান হবে আন্তঃআফগান আলোচনা ইতিবাচক হয়েছে।

তৃতীয় দফায় বলা হয়েছে, আন্তঃআফগান আলোচনার মাধ্যমে গঠিত আফগান ইসলামিক সরকারকে অর্থনৈতিক সহযোগিতা করার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র এবং তারা ওই সরকারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

চার পৃষ্ঠার ওই চুক্তির নথি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আছে।




আসামে পাস হয়ে গেল বিতর্কিত গো-সংরক্ষণ বিল

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আসাম রাজ্যের বিধান সভায় শুক্রবার পাস হয়ে গেল বিতর্কিত গো সংরক্ষণ বিল। এই বিল অনুসারে গরু নিয়ে যাওয়া, গো হত্যা, গরুর গোশত বিক্রির ক্ষেত্রে নানা নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে সূত্রের খবর। গরুর গোশতের ব্যবসাকে নিষিদ্ধ করা হয়নি এই বিলে। তবে অনেকের মতে এটি খাতায় কলমে না করলেও গরুর গোশত বিক্রিতে ব্যাপক কড়াকড়ি করা হবে আসামে। এদিন প্রায় দু ঘণ্টা আলোচনার পর বাজেট সেশনের শেষ দিনে দি আসাম ক্যাটল প্রিজারভেশন বিল ২০২১ পাস করা হয়।

এদিকে এই বিলটিতে সিলেক্ট কমিটির কাছে পাঠানোর আবেদন করেছিলেন বিরোধীরা। কিন্তু তা মানা হয়নি বলে অভিযোগ। এরপরই এদিন বিরোধীরা ওয়াক আউট করেন।

বিরোধীরা এই বিলে ৭৬টি সংশোধনী আনতে চেয়েছিলেন। আন্তঃজেলা গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ তুলে দেয়া, মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ করার নির্দেশে শিথিলতা আনা, আইন না মানলে ৮ বছর পর্যন্ত কারাবাসের সিদ্ধান্ত তুলে নেয়ার আবেদন করেছিলেন বিরোধীরা। তাদের দাবি ছিল প্রায় ২০ হাজার কোটি টাকার ব্যবসা এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ‘মহিষকে ছাড় দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, তথ্য বলছে লোয়ার আসামে বিফকে ঘিরে প্রচুর সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে বার বার। আমাদের লক্ষ্য সম্প্রীতি। কিছু নিয়ম মেনে গরুর গোশত খেতে পারবেন। তবে যারা গরুর গোশত খান না তাদের আবেগকে সম্মান জানানোর কথা বলা হয়েছে। প্রকৃত মুসলিমরা এর বিরোধিতা করবেন না।’

কংগ্রেস দলনেতা দেবব্রত সইকিয়া বলেন, ‘গরুর ব্যবসার সাথে যুক্তদের প্রচণ্ড সমস্যা হবে। এটা সিলেক্ট কমিটিতে পাঠানো দরকার ছিল।’

সূত্র: হিন্দুস্তান টাইমস




নেত্রকোনায় ৪০ দিন ‘তাকবীর উলা’র সঙ্গে নামাজ পড়ে সাইকেল পেল ২১ শিশু-কিশোর

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় টানা ৪০ দিনব্যাপী মসজিদে ‘তাকবীর উলা’র সঙ্গে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ২১ জন শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার গ্রিদান টেংগা জামে মসজিদ প্রাঙ্গণে বিজয়ী শিশুদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল তুলে দেন মসজিদ কমিটির সদস্যরা।

গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একত্ববাদ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে-এসব লক্ষ্যকে সামনে রেখে গ্রিদান টেংগা গ্রামের মাওলানা আব্দুল লতিফ (রহ.)-এর কাতার প্রবাসী সন্তান মাওলানা মাহমুদুল হাসানের উদ্যোগে ‘মাওলানা আব্দুল লতিফ (রহ.) ফাউন্ডেশন’ এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করে। সহযোগী উদ্যোক্তা হিসেবে ছিলেন মাওলানা মাহমুদুল হাসানের আরো দুই ভাই কাতার প্রবাসী মাওলানা এনামুল হাসান আরিফ এবং আরেক ভাই মাওলানা নাজমুল হাসান তারিফ।

প্রতিযোগিতায় শর্ত ছিল ১২ থেকে ২৫ বছর বয়সী শিশু-কিশোরদের স্থানীয় গ্রিদান টেংগা জামে মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে টানা ৪০ দিন ধারাবাহিকভাবে নামাজ আদায় করা এবং নামাজে অধিক প্রয়োজনীয় ১০ টি সুরা সহীহ-শুদ্ধ ভাবে মুখস্থ করা। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল প্রদান করা হবে।

প্রতিযোগিতায় সাড়া দিয়ে প্রথম দিকে অন্তত ৪৫ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করলেও চূড়ান্ত পর্যায় পর্যন্ত ২১ জন শিশু-কিশোর টিকে থেকে বিজয়ী হয়েছে। স্থানীয় ও ঢাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বুধবার সকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনের প্রধান উদ্যোক্তা কাতার প্রবাসী মাওলানা মাহমুদুল হাসান জানান, বর্তমান আধুনিক যুগে অধিকাংশ শিশুরাই মোবাইল, টিভি এবং ল্যাপটপের স্ক্রীনে নিজেকে সীমাবদ্ধ করে ফেলছে। শিশুদের মোবাইল আসক্তি ভয়াবহ আকার ধারণ করায় বর্তমানে বেশিরভাগ শিশুদের মধ্যেই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে অনীহা সৃষ্টি হয়েছে।

শিশুরা যাতে নিয়মিত মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের ফজিলত সম্পর্কে জানতে পারে এবং শিশুদের মধ্যে যাতে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে আগ্রহ সৃষ্টি হয়-এমন উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এমন কর্মসূচি হাতে নেওয়া। এতে প্রায় অর্ধ শতাধিক শিশু অংশগ্রহণ করলেও তাদের থেকে ২১ জন বিজয়ী হয়েছে।

সহযোগী উদ্যোক্তা নাজমুল হাসান তারিফ অনুভূতি জানিয়ে বলেন, পুরস্কার হিসেবে পাওয়া সাইকেল চালিয়ে শিশুদের শারীরিক ব্যায়ামের কাজ সম্পন্ন হবে এবং শিশুরা সুন্দর সময় কাটাতে পারবে-এতে তাদের মাঝে মোবাইল, অনলাইন গেম, টিভি আসক্তি কিছুটা হলেও কমবে এবং শিশুরা শারীরিক ও মানসিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ!

সর্বোপরি নৈতিকতায় আমরা আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখি-সেই থেকেই এই আয়োজন। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আমরা আরো সামাজিক কল্যাণমূলক কাজ করবো-এজন্য সবার নিকট দোয়া কামনা করি।




স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করুন: রাষ্ট্রপতি

ডিএনবি নিউজ ডেস্কঃ

মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।

বঙ্গভবনের বার্তায় বলা হয়, “রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।”

করোনাভাইরাস মহামারীর মধ্যেই বুধবার কোরাবানির ঈদ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এবার এমন এক সময়ে ঈদ এসেছে যখন মহামারীর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের মানুষকে।

গত বছরের মত এবারও ঈদের দিন বঙ্গভবনেই ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি। পরে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা বক্তব্য দেবেন।

আগে প্রতি ঈদে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন রাষ্ট্রপ্রধান। করোনাভাইরাস সঙ্কটে দুবছর ধরে বঙ্গভবনে কোন ধরনের আয়োজন আর রাখা হচ্ছে না।




দুর্গাপুরে হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

দুর্গাপুরে হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

ডিএনবি নিউজ ডেস্কঃ

আসন্ন পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের মরহুম আব্দুল সামাদের ২য় মৃত্যুবার্ষিকীতে উনার পরিবারের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার সকালে ফুলপুর আলিয়া মাদ্রাসা মাঠে ফুলপুর ও আলমপুর গ্রামের ৫০০জন অসহায় ও অতি দরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেন মরহুমের মেঝো ছেলে মো. আসাদুজ্জামান নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চন্ডিগড় ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আব্দুল হামিদ, মো. দুলাল মিয়া, রায়হান মিয়া, সবুজ মিয়া, শহিদ মিয়া, আতাউর রহমান, আতিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আসাদুজ্জামান নয়ন বলেন, আমার পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার আত্মার মাগফেরাত কামনায় অসহায় ও অতি দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছি। পাশাপাশি করোনাকালীন দূর্যোগের সমাজের দানশীল ব্যক্তিদের অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।




মুমিন হৃদয়ে কাবার জন্য ব্যাকুলতা

মুহাম্মাদ হেদায়াতুল্লাহ

স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কোনো মাধ্যমহীন সম্পর্ক ইসলামের অনন্য বৈশিষ্ট্য। তাই নিবিষ্ট মনে কেউ মহান আল্লাহর কাছে আকুতি জানালে তিনি তার ডাকে সাড়া দেন।

তবে দৃশ্যমান বস্তুর প্রতি মানবপ্রকৃতির আগ্রহও দমবার নয়। তাই মহান আল্লাহ দিকদিগন্তে ছড়িয়ে থাকা নিদর্শনাবলি পরিদর্শন করতেও বলেছেন। আল্লাহ বলেন, ‘আর কেউ আল্লাহর নিদর্শনাবলির প্রতি সম্মান জানালে নিশ্চয়ই তা অন্তরের আল্লাহভীতির অন্তর্ভুক্ত। ’ (সুরা হজ, আয়াত : ৩২)

 

সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ ফরজ : হজ ইসলামের অন্যতম ফরজ বিধান। মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসার অনুপম নিদর্শন। তাই সামর্থ্যবানের জন্য হজ পালন করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম বাক্কায় ঘর প্রতিষ্ঠিত হয়, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। তাতে মাকামে ইবরাহিমসহ বহু সুস্পষ্ট নিদর্শন আছে, যে কেউ তাতে প্রবেশ করবে সে নিরাপদ, মানুষের মধ্যে যে সামর্থ্যবান তার ওপর আল্লাহর সন্তুষ্টি লাভে ওই ঘরের হজ করা কর্তব্য। ’ (সুরা আলে ইমরান, আয়াত : ৯৬-৯৭)

হজের প্রতিদান : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘দুই ওমরা উভয়ের মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে। আর মকবুল হজের বিনিময় শুধু জান্নাত। ’ (সহিহ বুখারি, হাদিস : ১৭৭৩)

ভালো-মন্দ ইচ্ছার কারণে পাপ-পুণ্য : আবু কাবশাহ আল আনমারি (রা.) বর্ণনা করেছেন, তিনি রাসুল (সা.)-কে বলতে শুনেছেন, ‘দুনিয়া চার ধরনের ব্যক্তির জন্য :

এক. আল্লাহ তাআলা যাকে সম্পদ ও ইলম দান করেছেন। সে সম্পদের বিষয়ে রবকে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং সম্পদে আল্লাহর হক সম্পর্কে অবগত। সে সর্বশ্রেষ্ঠ মানুষ;

দুই. আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছেন, সম্পদ দেননি। তবে সে দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমি সম্পদশালী হলে তার মতো আমিও ভালো কাজ করতাম। নিয়তের কারণে সে সওয়াব পাবে। তাই উভয়ের সওয়াব সমান হবে;

তিন. আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ইলম দেননি। ইলম না থাকায় সে সম্পদের অপব্যবহার করে। নিজের রবকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না এবং সম্পদে আল্লাহর হক সম্পর্কেও জানে না। সে সবচেয়ে ঘৃণিত মানুষ;

চার. আল্লাহ যাকে ইলম দেননি ও সম্পদও দেননি। সে মনে মনে ইচ্ছা করে, আমার সম্পদ থাকলে আমিও তার (তৃতীয় ব্যক্তির) মতো কাজ করতাম। সে মন্দ ইচ্ছার প্রতিদান পায়। তাদের উভয়ের পাপ সমান হবে। (তিরমিজি, হাদিস : ২৩২৫)

নিয়মিত আমল ছুটে গেলেও সওয়াব : কেউ অপারগতার কারণে কোনো নিয়মিত আমল ছুটে গেলে আল্লাহ তার পূর্ণ সওয়াব দেন। আবু মুসা আশয়ারি (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেছেন, ‘বান্দা অসুস্থ হলে বা সফরে বের হলে সে সুস্থ অবস্থায় অথবা মুকিম অবস্থায় যেসব আমল করত তখনো তার জন্য ওই সওয়াব লেখা হবে। ’ (সহিহ বুখারি, হাদিস : ২৯৯৬)

হাজিদের সদৃশ্যতা গ্রহণ : সামর্থ্যবান মুসলিমদের জন্য হজ পালন ফরজ। আর অন্যরা এ সওয়াব পেতে হাজিদের সদৃশ্যতা অবলম্বন করবে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল সে যেন তাদের অন্তর্ভুক্ত হলো। ’ (আবু দাউদ, হাদিস : ৩৪০১)

যেসব আমলে মেলে হজের সওয়াব : জিলহজ মাসের শুরু থেকে কিছু আমল সবাই পালন করতে পারে। এর মাধ্যমে রাসুল (সা.)-এর সুন্নত অনুসরণের পাশাপাশি হাজিদের সঙ্গে সদৃশ্যতা লাভ করা যায়। নিম্নে তা তুলে ধরা হলো।

তাসবিহ পাঠ : রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমলের চেয়ে বেশি উত্তম ও প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি ‘লা-ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এবং আলহামদু লিল্লাহ’ পড়ো। (মুসনাদে আহমাদ, হাদিস : ৫৪৪৬)
রোজা পালন : রাসুলুল্লাহ (সা.) জিলহজ মাসের প্রথম ৯ দিন রোজা রাখতেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২৪৩৭)

চুল ও নখ না কাটা : উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, যখন জিলহজের প্রথম দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে সে যেন তার চুল নখ না কাটে। ’ (সহিহ মুসলিম, হাদিস : ১৯৭৭)

আরাফার দিন রোজা রাখা : আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আরাফার দিনের (৯ জিলহজের) রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে তিনি আগের এক বছর ও পরের এক বছরের গুনাহ মাফ করবেন। ’ (সহিহ মুসলিম, হাদিস : ১১৬২)

মুমিনের তৃষ্ণার্ত হৃদয়ে ভালোবাসার নতুন জাগরণ তৈরি করে বায়তুল্লাহ। মনের কালিমা মোচন করে সাদা ইহরাম। বিশ্বের অসংখ্য মুসলিমের প্রেমের সফর থমকে আছে কভিড-১৯ মহামারির কারণে। এ বছর সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার হজযাত্রী নিয়ে হজের কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ ২০১৯ সালেও বিশ্বের ২৫ লাখের বেশি মুসলিম হজ পালন করেছেন। আল্লাহর পবিত্র ঘরের অতিথি হওয়ার আকাঙ্ক্ষায় প্রহর গুনছে অসংখ্য মুমিন। তাদের এ ব্যথা প্রশমিত হওয়ার মতো নয়। আল্লাহ তাদের হজের আশা পূরণ করুন এবং তাদের নিয়তের জন্য সাওয়াব দান করুন। আমিন।




পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

ইসলাম ধর্মের সব থেকে পবিত্র উৎসব গুলির মধ্যে একটি হলো ঈদুল আযহা। ঈদুল আযহা বা কুরবানির ঈদকে ত্যাগের উৎসব বলা হয়। এই দিনে সকলেই তার প্রিয় বস্তুকে আল্লাহর নামে কোরবানি করে থাকে।

প্রতিবছরই দুবার করে ঈদ উৎসব পালন করা হয়। প্রথমবার, পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর পালন করা হয়। আর দ্বিতীয়বার ইসলামি চান্দ্র পঞ্জিকায় জ্বিলহজ্জের ১০ তারিখে “ঈদুল আযহা” পালন করা হয়। ডিএনবি নিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে এর পাঠক, পরামর্শক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী তথা দেশবাসীকে  জানাই পবিত্র ঈদুল আযহা’এর  শুভেচ্ছা




আগামী কাল ঈদ, ফাঁকা হচ্ছে ঢাকা, নাড়ীর টানে গ্রামে ছুটছে মানুষ

ডিএনবি নিউজ ডেস্ক:

গতবারের মতো এবারও করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে ঈদুল আজহা উদযাপন হতে যাচ্ছে।

ঈদের আগের দিন মঙ্গলবার (২০ জুলাই) রাজধানীর গুলিস্তান ও সায়দাবাদ বাসস্টেশনে দেখা গেছে, বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। পরিবারের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে স্রোতের মতো মানুষ বাস, লঞ্চ ও রেলস্টেশনে ভিড় করছেন। পায়ে হেটে, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে বিভিন্ন স্টেশনে যাচ্ছেন। করোনার ঝুঁকির কথা জেনেও সকলেই গ্রামের পথে ছুটছেন। এ ধরনের যাত্রার কারণে করোনা সংক্রমণ ও মৃত্যু আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা সংক্রমণ কমাতে শতভাগ মানুষকে মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেও বেশিরভাগ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেয়া যায়নি।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, লকডাউন শিথিল হওয়ার পর গত কয়েকদিন পাড়া-মহল্লা থেকে শুরু করে সড়কে অসংখ্য মানুষের উপস্থিতি। তবে ঈদের আগের দিন রাস্তায় লোকজন ও যানবাহনের উপস্থিতি কমতে শুরু করে। করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত টানা দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ কার্যকর হয়। এরপর ঈদকে সামনে রেখে গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে গণপরিবহন, মার্কেট ও শপিংমল, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। তবে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার বিধিনিষেধের আগাম ঘোষণা দিয়ে রেখেছে সরকার।




কাবাঘরে স্বর্ণখচিত নতুন গিলাফ স্থাপন

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

কাবাকে আবৃত করে রাখা কাপড়টিকে বলে কিসওয়া বা গিলাফ। প্রতি বছর ৯ জিলহজ কাবা শরিফে পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর রেওয়াজ চালু আঝছ। হাজিরা আরাফাত থেকে ফিরে এসে নতুন গিলাফ দেখে মুগ্ধ হন।

পুরাতন গিলাফটি খুলে তা কেটে বিভিন্ন মুসলিম দেশের সরকারপ্রধানদের উপহার দেওয়া হয়। গিলাফ পরিবর্তনের কাজে মসজিদুল হারামের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক নেতৃত্ব দেন। এ সময় সৌদি বাদশার প্রতিনিধিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাবা শরিফের দরজা ও বাইরের গিলাফ দুটোই মজবুত রেশমি কাপড় দিয়ে তৈরি করা। গিলাফের মোট পাঁচটি টুকরো বানানো হয়। চারটি টুকরো চারদিকে ও পঞ্চম টুকরোটি দরজায় লাগানো হয়। টুকরোগুলো পরস্পর সেলাইযুক্ত। কাবা শরিফের গিলাফের প্রতিটি কাপড়ের জন্য প্রয়োজন হয় ৬৭০ কেজি রেশম, ১৫০ কেজি র্স্বর্ণ ও রুপার চিকন তার। ৪৭ থান সিল্কের কাপড় দিয়ে তৈরি করা হয় এই গিলাফ। এর মোট আয়তন ৬৫৮ বর্গমিটার। প্রতিটি থান এক মিটার লম্বা, ৯৫ সেন্টিমিটার চওড়া, যা পরস্পরের সঙ্গে সেলাই করা।

প্রতিবছর একটি সতর্কতামূলকসহ মোট দুটি করে গিলাফ তৈরি করা হয়। হাতে তৈরি করতে সময় লাগে আট থেকে নয় মাস। অন্যটি মেশিনে মাত্র এক মাসে তৈরি করা হয়। মক্কার উম্মুদ জুদ নামক এলাকার বিশেষ কারখানায় এগুলো তৈরি করা হয়।

আজ সোমবার ফজরের সালাতের পরেই মিনা থেকে দলে দলে হাজিরা উপস্থিত হবেন আরাফার ময়দানে। সফেদ-শুভ্র দুই খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিরা সেখানে সূর্যাস্ত পর্যন্ত থাকবেন। আরাফাত ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে খুতবা পাঠ করবেন মসজিদুল হারামের খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা। খুতবা পাঠ শেষে জোহর ও আসরের ওয়াক্তের মাঝামাঝি সময়ে হাজিরা জামাতের সঙ্গে কছর নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলার জিকির-আসকার ও ইবাদতে মশগুল থাকবেন।

এরপর মুজদালিফার উদ্দেশে আরাফার ময়দান ত্যাগ করবেন এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তে একত্রে পড়বেন এবং সারা রাত অবস্থান করবেন। মিনায় জামারাতে নিক্ষেপ করার জন্য ৭০টি কংকর এখান থেকে সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা হবেন। ১০ জিলহজ মিনায় পৌঁছার পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয়।

আগামীকাল মঙ্গলবার ঈদুল আজহার দিন মিনায় হাজির হয়ে তিনটি জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপকালে ভিড় এড়াতে নির্ধারিত দূরত্বে জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে হাজিরা পাথর নিক্ষেপ করবেন। আরব নিউজ ও আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তি হজ করার অনুমতি পেয়েছেন। শুধু ১৫ থেকে ৬৫ বছর বয়সী সৌদি নাগরিক এবং দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন। সবাই দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। গতবারও বিধিনিষেধের মধ্যে ১ হাজার মুসলিমকে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছিল।




হাইয়াতুল উলিয়ার ফল প্রকাশ, গড় পাশ ৭৩.২৫ শতাংশ

ডিএনবি নিউজ ডেস্ক:

আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭৩.২৫। ছাত্রদের পাশের হার ৭৯.৪২ আর ছাত্রীদের পাশের হার ৬৩.৬৩।

আজ (১৮ জুলাই) রবিবার ফলাফল ঘোষণা করেন হাইআতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। এসময় সভায় উপস্থিত ছিলেন হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি রুহুল আমিন, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ড. মুশতাক আহমদ, মাওলানা নূরুল আমিন, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মুফতি জসীমুদ্দীন প্রমূখ।

হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটির সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ যুবায়ের, মুফতি আমিনুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী নাসীরুদ্দীন, মুফতি আহমদ আলী, মুফতী নূরুল ইসলাম, মুফতী ওবায়দুল্লাহ হামজা,মাওলাানা মুহিব্বুলহ হক গাছকাড়ী, মুফতি এনামুল হক কাসেমী, মুফতি এমদাদুল্লাহ কাসেমী, হাইয়াতুল উলইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ঈসমাইল বরিশালী, অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান প্রমুখ।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন। উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১। মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।