অর্ধেক যাত্রীতে চলবে বাস ট্রেন লঞ্চ

ডিএনবি নিউজ ডেস্ক:

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সর্বপ্রকারের যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে টিকা সনদ নিতে হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকায় সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করে সরকার।

সোমবার এ নির্দেশনায় বলা হয়, গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহণ করা যাবে না। আগামী ১৩ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে , করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

এতে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শান্তির সম্মুখীন হতে হবে।



সামাজিক-ধর্মীয়-রাজনৈতিক সমাবেশ বন্ধের নির্দেশ

ডিএনবি নিউজ ডেস্ক:

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকায় সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার এ নির্দেশনায় বলা হয়, কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসমূহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে , করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।




এ মাসের মধ্যে ভ্যাকসিন পাবে দেশের ১ কোটি ১৬ লাখ শিক্ষার্থী: শিক্ষামন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

৩১ জানুয়ারির মধ্যে এক কোটি ১৬ লাখ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কোনো পরিকল্পনা নেই জানিয়ে আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে মোট শিক্ষার্থীর ৪৪ লাখকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্যেই সব শিক্ষার্থীর টিকার প্রথম ডোজ সম্পন্ন করব। টিকা নিতে না পারা শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে না। তারা বাসায় অনলাইনে ও টিভিতে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। যাদের টিকা নেওয়া সম্পন্ন হয়েছে, তারাই ক্লাসে আসবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবুবকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ।




‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে তুরস্ক’

Dnb News ডেস্ক:

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়, তুরস্ক পাশে আছে বলে মন্তব্য করেছেন এক দিনের সফরে আসা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে গেল বছরের ২২ মার্চের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বক্তব্য রাখেন।

পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকাণ্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্য নির্মাণাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা যুবকদের সঙ্গে কিছুটা সময় খেলায় মাতেন আর বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলেন।

পরে তিনি ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গা দ্বারা সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন।

এ সময় তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার খালিল বল দামির, তুরস্কের দুজন সাংসদ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।




শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না: দীপু মনি

Dnb News ডেস্ক:

বর্তমান করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার পক্ষেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে, তার ব্যবস্থা করা হচ্ছে।‘

আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের আরও অনেক বেশি সজাগ থাকতে হবে। করোনার সংক্রমণ বাড়ছে। গত দেড় বছরে শিক্ষাখাতে যে ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে সশরীরে ক্লাস করাটা সবচেয়ে বেশি জরুরি। কিন্তু দেখা যাচ্ছে অনেকই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যেভাবে চলছে, তাতে শিক্ষাখাতের সমস্যাটাই বেশি হবে। সন্তানদের কথা মাথায় রেখে আমরা প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি।

তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।




২০২১ সালে দেশে দুর্ঘটনায় নিহত ৫৬৮৯ জন: নিসচা

ডিএনবি নিউজ ডেস্কঃ

২০২১ সালে সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে ৪ হাজার ৯৮৩টি দুর্ঘটনায় ৫ হাজার ৬৮৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫ হাজার ৮০৫ জন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পরিসংখ্যান এসব তথ্য উঠে এসেছে।

শনিবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ পরিসংখ্যান তুলে ধরেন।

এতে বলা হয়, ২০২১ সালে বিগত দুই বছরের তুলনায় দুর্ঘটনা বেড়েছে। ২০২১ সালটিও ছিল করোনা মহামারির বছর। প্রায় ৬ মাস জরুরি যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। যে কারণে সড়ক দুর্ঘটনা আরও কম হওয়া উচিত ছিল। কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হচ্ছে গেল বছর সংঘটিত সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে।

সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হিসাব তুলে ধরে বলা হয়, ২০২১ সালে সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে ৪ হাজার ৯৮৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৬৮৯ জন। এছাড়া আহত হয়েছেন ৫ হাজার ৮০৫ জন। নিহতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫০৭ জন এবং ১ হাজার ১৮২ নারী। আহতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৩১ ও নারী ১ হাজার ২৭৪ জন।

এর মধ্যে সড়কপথে ৩ হাজার ৭৯৩টি দুর্ঘটনায় নিহত হন ৪ হাজার ২৮৯ জন। আহত হন ৫ হাজার ৪২৪ জন।

রেলপথে ২৭০টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫৪ জন, আহত হয়েছেন ৪২ জন।

নৌপথে ৯০টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৮ জন, নিখোঁজ হয়েছেন ১৮৬ জন ও আহত হয়েছেন ৩৩৯ জন।

এছাড়াও অপ্রকাশিত তথ্য ও হাসপাতালে ভর্তির পর এবং হাসপাতাল থেকে রিলিজের পর ৯৪৮ জনের মৃত্যু হয়েছে।

গত বছর সংঘটিত সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ও কারণ হিসেবে নিশচা জানায়, সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি ও মহাসড়কের নির্মাণ ত্রুটি।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




দু’একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ: স্বাস্থ্যমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্কঃ

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংক্রমণ ঠেকাতে কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী দু’একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুণ বেশি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিত এখনো হয়নি। আক্রান্তের হার অতিরিক্ত বৃদ্ধি পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

জাহিদ মালেক বলেন, “চলমান ইউপি নির্বাচনসহ ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিয়ম না মানলে দেশকে হুমকির মুখে ঠেলে দেয়া হবে।”

তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “ওমিক্রন রোধে জাতীয় কমিটির সুপারিশ মানা হবে।”




দুর্গাপুরে শীতবস্ত্র বিতরণ

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ে বসবাসকারী ৪শ আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। (০৭ জানুয়ারি) শুক্রবার দুপুরে বিরিশিরি কালচারাল একাডেমি মিলনায়তনে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং, গুলশান-বনানী সার্বজনীন পূঁজা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক অলক সাহা, ওসি শাহ নুর-এ আলম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি পাভেল চোধুরী প্রমুখ।




ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা: সমাবেশের চেষ্টা বিএনপির, ঢুকতে পারেননি রুমিন

ডিএনবি নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা ভেঙে সমাবেশের চেষ্টা করছে বিএনপি।

এদিকে সমাবেশে যাওয়ার পথে আশুগঞ্জে আটকে দেওয়া হয়েছে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে। বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারসংলগ্ন এলাকায় শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

তবে দুপুর সাড়ে ১২টার পর শহরের উপকণ্ঠে বটতলী বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। তারা বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্লোগান দিচ্ছেন।

এদিকে পাল্টা সমাবেশের ঘোষণা দিলেও মাঠে নামেনি ছাত্রলীগ। এর আগে আরও কয়েকটি জেলায় ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনগুলো পাল্টা কর্মসূচি ঘোষণা দিলে বিএনপির সমাবেশে ঘিরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, ১৪৪ ধারা জারিকৃত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে যাওয়ার পথে আশুগঞ্জের উজানবাড়ি এলাকায় আটকে দেওয়া হয় ব্যারিস্টার রুমিন ফারহানাকে।

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিএনপির ওই নেত্রীকে সেখানে যেতে দেওয়া হয়নি। দুপুরে খাওয়া-দাওয়া করে তিনি ঢাকা ফিরে যাবেন।




নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: অবশেষে কিছু বললেন শামীম ওসমান

ডিএনবি নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এখন এত মুখোশ পরা মানুষ, এত নেকাব পরা মানুষ, সেই মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা বীভৎস চেহারা যখন দেখি তখন আতঙ্কিত হই।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা দেখেছি বঙ্গবন্ধু যেদিন দেশে ফিরে এসেছিলেন তখন বেঈমান মোশতাক কী সুন্দর কান্না করছিলেন। তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন তাজউদ্দীন চান নাই আপনি দেশে ফিরেন। সেই মুখোশ পরা লোকগুলি আমাদের আশেপাশেই আছে। অনেক কিছুই দেখছি, অনেক কিছুই শুনছি। অনেক কিছুই বলার আছে। সময় হলে সব কিছুই বলা হবে।

নগরীর পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শামীম ওসমান বলেন, সততার কোনো রূপ বা চেহারা যদি থাকে সেটি হলো আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমি সৎ মানুষগুলোকে বেশি ভালোবাসি কারণ আমি একজন সৎ মানুষের ঘরে জন্মেছি। আমার দাদা খান সাহেব ওসমান আলী ১৯২২ সালে রোলস রয়েস গাড়ি কিনেছিলেন। আমার প্রয়াত বড় ভাই নাসিম ওসমানের বিয়ের রাতে ছিলেন প্রয়াত শেখ কামাল। বঙ্গবন্ধুকে হত্যার পর নববধূকে রেখে আমার ভাই নাসিম ওসমান চলে গিয়েছিলেন বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে।

তিনি বলেন, আমার বাবা একেএম সামসুজ্জোহাকে খুনি মোশতাক তার মন্ত্রী পরিষদে যোগ দিতে বলেছিল কিন্তু তিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন এবং গ্রেফতার হয়েছিলেন। আমরা ১ বেলা খেয়েছি, ৯শ টাকার জন্য কলেজে ফরমফিলাম করতে পারিনি। আমার বাবা একটি টাকাও রেখে যাননি ।

শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যার সময় আমার বাবাও সেখানে জেলখানায় ছিলেন। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী চাচাকে ওজুও করতে দেয়া হয়নি। সেদিন তারা বলেছিলেন, আমাদের হত্যা করো আমরা মরেও প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক ছিলাম। সেই রকম সৎ লোকগুলোর বড় অভাব এখন।

শামীম ওসমান বলেন, আমি রাজনীতি করি মানুষকে ভালবেসে, ইবাদত হিসেবে। ১৬ জুন বোমা হামলায় আমার ২০ জন লোক মারা গেছে। আমার চন্দন শীলের পা নেই তিনি এখনও ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করে খান। কোনো ধান্দাবাজি করেন না। এতেই আমার গর্ব লাগে। বোমা হামলায় আমি রক্তের মধ্যে শুয়েও বলেছিলাম, আপনারা শেখ হাসিনাকে বাঁচান। আমরা ওই রকমের রাজনীতিই করি।

শামীম ওসমান এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শেখ রেহানা তার বুকে হিমালয়সম কষ্ট চেপে আছেন। তিনি নিজের নামে কোনো স্থাপনা তো দুরে থাক একটি গাছও লাগাতে দেননি। আমি ডিও লেটার দিয়েছিলাম শেখ রেহানার নামে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ হোক। প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন শেখ রেহানাকে রাজি করাও। উনি দয়া করে , স্নেহ করে সেই অনুমতি দিয়েছিলেন। নারায়ণগঞ্জে শেখ রেহানা মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে।

শামীম ওসমান এ সময় অনুষ্ঠানে উপস্থিত নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, তোমরা জীবনে যদি ভালো কিছু করতে চাও, তবে বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করো। যে সন্তান তার মা-বাবার প্রতি দায়িত্ব পালন করবে, তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আর যদি তোমার কারণে তোমার বাবা মাকে কেউ অপমানিত করে তবে অন্তত পক্ষে প্রতিবাদ করতে না পারলেও সেই অপমানকারীর সঙ্গে আপোষ কোরো না। তবে তুমি তোমাকে তুমি ক্ষমা করতে পারবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কাশেম হুমায়ুন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিকেএমইএর সাবেক পরিচালক মাসুদুজ্জামান প্রমুখ।