চিনি ও পাম অয়েলের নতুন দাম নির্ধারণ

ডিএনবি নিউজ ডেস্ক:

চিনি ও পাম অয়েলের দাম কমিয়ে ‘সর্বোচ্চ খুচরা মূল্য’ নির্ধারণ করে দিয়েছে সরকার। চিনির দাম প্রতি কেজিতে ৬ টাকা এবং পাম অয়েলের দাম প্রতি লিটারে ১২ টাকা কমানো হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন দাম।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন প্রতি লিটার পাম অয়েলের দাম ১৪৫ টাকা। সরকার এ তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে ১৩৩ টাকা। মিলগেটে ১২৮ টাকা এবং পরিবেশক পর্যায়ে ১৩০ টাকায় বিক্রি করা হবে প্রতি লিটার পাম অয়েল।

অন্যদিকে, খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা ও প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর চিনির দাম নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়।

 

-এম আর

 




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জাতিসংঘের জোরালো ভূমিকা চান প্রধানমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক :

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে এবং এই সংকট সমাধানে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতিসংঘকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্ক প্যালেস হোটেলে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

বৈঠকে শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে ইউএনএইচসিআরের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এর পরিপ্রেক্ষিতে ফিলিপো দ্রুত মিয়ানমার সফর করবেন বলে জানান।

প্রধানমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব।

ইউএনএইচসিআর হাইকমিশনারও এ বিষয়ে তার সঙ্গে একমত প্রকাশ করেন।

বৈঠকে তারা বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ইউএনএইচসিআরের বর্তমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে একই স্থানে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ এ খান কিউসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশ ও আইসিসি’র মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী আইসিসি’র প্রসিকিউটরকে আশ্বাস দেন যে, মিয়ানমারে রোহিঙ্গা ভিকটিমদের জন্য ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইসিসি’র চলমান সকল প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে।

এ বৈঠকে করিম এ এ খান আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের ব্যাপারে তার আগ্রহর কথা জানান।

এছাড়া, জাতিসংঘ হ্যাবিটাটের নির্বাহী পরিচালক মায়মুনা মোহম্মদ শরীফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা টেকসই নগরায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।




৯০ হাজার টন টিএসই-ইউরিয়া সার কিনবে সরকার

ডিএনবি নিউজ ডেস্ক:

মরক্কো ও কাতার থেকে ৯০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে টিএসপি ৩০ হাজার টন ও ইউরিয়া ৬০ হাজার টন। এতে মোট খরচ হবে ৬৩৭ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৫০২ টাকা।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সংবাদকর্মীদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি, স্থানীয় সরকার বিভাগের ২টি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি এবং কৃষি মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১১টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৯ শত ৩ কোটি ৮৭ লাখ এক হাজার ৯২৩ টাকা।

তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক ৩০ হাজার টন টিএসপি সার মরক্কোর ওসিপি, এসএ থেকে ২২১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৩৫৭ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কাতারের মুনতাজাত থেকে ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার ২০৬ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৭৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া অপর এক প্রস্তাবে কাতারের মুনতাজাত থেকে ৫ম লটে ২০৯ কোটি ১০ লাখ ৯০ হাজার ৪৯৫ টাকায় আমদানির ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়।




এবার উখিয়া সীমান্তে গোলাগুলির শব্দ

ডিএনবি নিউজ ডেস্ক:

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গোলাগুলির শব্দ শোনা যাছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দ শোনা যায়। বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন, ‘আঞ্জুমান সীমান্ত এলাকার ৩ থেকে ৪ কিলোমিটার পূর্বে গুলির আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাবর্ষণ হয়। এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। কিন্তু আমার সীমান্ত এলাকার মানুষ অনেক বেশি আতঙ্কে রয়েছে।’

পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্তের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আমাদের এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।’

বেশ কয়েকদিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলির শব্দ শোনা যায়। এই প্রেক্ষাপটে একাধিক মর্টার শেল বাংলাদেশে এসে পড়ে। এ নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ পাঠায় মিয়ানমারে। এবার কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেল।




মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

ডিএনবি নিউজ ডেস্ক:

বাংলাদেশ সীমান্তে মর্টার শেল নিক্ষেপে এক রোহিঙ্গা যুবক নিহত ও পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ রোববার মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। এই ঘটনায় ঢাকার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি এ বিষয়ে রাষ্ট্রদূতের বক্তব্য জানতে চাইবে ঢাকা।

এ নিয়ে কয়েকদিনের ব্যবধানে চতুর্থবারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শুক্রবার সন্ধ্যা থেকে গোলাগুলি চলে। ওই ঘটনায় রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাছাড়া, এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।




নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না: মির্জা ফখরুল

ডিএনবি নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এবার আমরা অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছি যে, এ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। একটি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মুক্ত সাংবাদিকতা এ সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা-লিখায় বাধা তৈরি করেছে। সাংবাদিক হত্যা, নির্যাতন এসব এখন অহরহ হচ্ছে। যার কারণে কেউ সাহস করে আর সত্য লিখছে না।

তিনি বলেন, আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবন যাত্রার দিক থেকে অনেক ভালো ছিলাম। তারপরেও পাকিস্তান সরকার যেহেতু আমার অধিকার ও সম্পদহরণ করতো সে কারণে আমরা যুদ্ধ করেছি। কিন্তু এখন তার থেকেও খারাপ অবস্থায় আছি। এখন দেশে এক লাখ ৯২ হাজার কোটিপতি রয়েছে। গরিব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে। ৪২ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে রয়েছে।




আইজিপি হচ্ছেন র‌্যাব ডিজি আবদুল্লাহ আল-মামুন

ডিএনবি নিউজ ডেস্ক:

বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নতুন আইজিপির তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও আবদুল্লাহ আল-মামুন অনেকটাই এগিয়ে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া র‌্যাবের পরবর্তী মহাপরিচালকের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। র‌্যাবের ডিজির তালিকায় পুলিশ সদর দপ্তরে কর্মরত একজন অতিরিক্ত আইজিপির নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমান আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এরপরই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব নেবেন। তিনি র‌্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর বিসিএস অষ্টম ব্যাচে যোগ দেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগামী ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা। গত বছরের ১৮ অক্টোবর আবদুল্লাহ আল-মামুন গ্রেড-১ পদে পদোন্নতি লাভ করেন।

পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন।

অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি (অপারেশনস), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত আইজিপির (এইচআরএম) দায়িত্ব দেওয়া হয়।




সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই: চরমোনাই পীর

ডিএনবি নিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মুসলিম উম্মাহ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ঢাবিতে ছাত্র-ছাত্রীদের নামাজের জায়গা ভেঙ্গে দেয়া হয়েছে। ইসলামী শিক্ষাকে ঐচ্ছিক করে দিয়ে ইসলামী শিক্ষা ধ্বংসের পাঁয়তারা চলছে। অপরদিকে ডারউইনের মতবাদ শিক্ষা সূচিতে পাঠ্য হিসেবে অর্ন্তভূক্ত করে জাতিকে নাস্তিক বানানোর চক্রান্ত চলছে।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ ও জাগ্রত বিবেক, নায়েবে নবী। সমাজ ও রাষ্ট্রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ দীনে হক তথা কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে আলেমদেরকেই নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র্রের অবস্থা অত্যন্ত করুন। সুশাসনের অভাবে মানুষ অসহায় জীবন যাপন করে। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পেতে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। অত্যাচারিত অসহায় ও মজলুম মানুষের আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। এ প্রচলিত সমাজ ব্যবস্থার পরিবর্তন করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ওলামায়ে কেরামগণকেই নেতৃত্ব দিতে হবে। সমাজের নেতৃত্ব দেয়ার দায়িত্ব আলেমদের।

‘আজ যেখানে আলেম সমাজ তথা আল্লাহভীরু জনপ্রতিনিধি নেতৃত্ব দিচ্ছেন সেখানকার মানুষ অনেক ভাল আছেন। আজ যদি রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আলেম সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, তখন সব শ্রেণি ও পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ওলামায়ে কেরামগণ পিছিয়ে থাকায় নেতৃত্ব দিচ্ছেন দুর্নীতিবাজ নেতানেত্রীগণ। ফলে যা হবার তাই হচ্ছে। এ উপলব্ধি যত তাড়াতাড়ি আলেমগণ করতে পারবেন, ততই সমাজ, রাষ্ট্র ও জনগণের কল্যাণ হবে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি আলেম সমাজের অবদান রাখতে হবে।’




সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা

ডিএনবি নিউজ ডেস্ক:

সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনি আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার সাজেদা চৌধুরীর নির্বাচনি এলাকা ফরিদপুর-২ আসনকে শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও একাদশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ১১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের-২১২ ও ফরিদপুর-২ আসনটি ওই দিন (১১ সেপ্টেম্বর) শূন্য হয়েছে।

প্রসঙ্গত, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা।




২ লাখ ইভিএম কিনতে প্রস্তাব উঠছে

ডিএনবি নিউজ ডেস্ক:

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে ইসির হাতে দেড় লাখ ইভিএম রয়েছে। যার ফলে আরও প্রায় ২ লাখ ইভিএম প্রয়োজন।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কমিশনের বৈঠকে এ- সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাবের খসড়া তোলা হবে। কমিশনের মতামত নিয়ে প্রস্তাবটি চূড়ান্ত করার পর তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, ইভিএমের নতুন প্রকল্প প্রস্তাব বৈঠকের আলোচ্য সূচিতে রাখা হয়েছে। আলোচনায় প্রস্তাবটি অনুমোদন হলে পরিকল্পনা কমিশনে পাঠানো হবে প্রকল্প অনুমোদনের জন্য।

জাতীয় নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। যার ফলে প্রকল্প দ্রুত পাস না হলে ১৫০ আসনে ইভিএমে ভোট করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় আর থাকবে না নির্বাচন আয়োজনকারী সংস্থাটির হাতে।