‘যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব’ মন্তব্য-ডা. শফিকুর রহমান

ডিএনবি নিউজ ডেস্ক:

যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (০৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে, বলে মন্তব্য করে, আমির অভিযোগ করেন, ‘শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংগঠিত হয়নি। অভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক করেছে একটি পক্ষ।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে গণভোটের রায়কে আমরা আদায় করেই ছাড়ব। এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করবো।’

তিনি আরও বলেন, ‘জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যু নিয়ে সংসদে কথা বলতে গেলেই আমাদের মুখ বন্ধ করে দেয়া হয়। আমাদের নোটিশ আলোচনার জন্য উত্থাপন করা হয় না। সরকার বলছে, জ্বালানি সংকট নেই। কিন্তু আমি নিজের গাড়ির জন্যই প্রয়োজন মাফিক তেল পাই না।’

বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘সংসদে জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য আমরা লড়াই করে যাব।’




১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ডিএনবি নিউজ ডেস্ক :

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে চান জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য গঠিত হয়েছিল একটি বিশেষ কমিটি। সেই কমিটির পেশ করা রিপোর্ট আপনি (স্পিকার) অনুমোদন করেছেন। সেখানে কিছু অধ্যাদেশ ‘ল্যাপস’ (বিলুপ্ত) করার প্রস্তাব রয়েছে। আমরা আগের নোটিশের সঙ্গে মিলিয়ে দেখলাম, যে অধ্যাদেশগুলো ল্যাপস করার প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ‘জুলাই স্পিরিটের’ সঙ্গে সম্পৃক্ত।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই।

বিরোধীদলীয় নেতা বলেন, আজকের কার্যসূচিতে ‘সম্পূরক কার্যসূচি’ নামে একটি পাতা পেয়েছি। সেখানে কিছু বিল সামনে আনা হয়েছে এবং আমার ধারণা, সেগুলো অধ্যাদেশকে কেন্দ্র করেই আনা হয়েছে। যদি তাই হয়ে থাকে, তবে যে অধ্যাদেশগুলো ল্যাপসের তালিকায় রয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়া হোক।

এমন প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী শুরুতে বলেন, বিরোধীদলীয় নেতা যে দুটি বিলের ব্যাপারে কথা বলেছেন, সেগুলো কোনো অধ্যাদেশ থেকে উৎসারিত নয়। এগুলো মন্ত্রণালয় থেকে পাঠানো একদম নতুন (ফ্রেশ) বিল, যা ওই ১৩৩টি অধ্যাদেশের অন্তর্ভুক্ত নয়। উনারা যেটা বলছেন আমরা ল্যাপস করেছি, কোনো কোনোটা হেফাজত করা হচ্ছে। আমরা পরবর্তীতে বিল আকারে অধিকতর যাচাই বাছাই করে আপনাদের সামনে সেগুলো আনবো। সেটা যথাসময় উত্তর দেব।

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে তিনি পরবর্তীতে বিল আকারে যাচাই-বাছাই করে সংসদে উত্থাপন করার কথা জানান।

এরপর স্পিকার সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের ৯ তারিখের মধ্যে প্রায় ৯৩টি বিল পাস করতে হবে। আপনাদের অনেক বক্তব্য সেখানে থাকবে, আমরা বিষয়টি পরবর্তীতে দেখব।

আছরের নামাজের বিরতির পর আইনমন্ত্রী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তার আগের বক্তব্যের সংশোধনী দেন। তিনি বলেন, একটি ছোট সংশোধন আছে। বিরোধীদলীয় নেতা যে দুটি আইনের কথা বলছেন, সেগুলো ওই ১৩৩টি অধ্যাদেশের মধ্যেই ছিল।

এরপর বিরোধীদলীয় নেতা পুনরায় আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, যে অধ্যাদেশগুলো ল্যাপস করার কথা বলা হয়েছে, আমাদের মতে তার প্রতিটি অতি গুরুত্বপূর্ণ এবং জনগণের অধিকার সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। তাই আমার সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে, এগুলো সংসদে উত্থাপন করা হোক এবং আমরা এতে আলোচনা করতে চাই।

বিরোধীদলীয় নেতার এই প্রস্তাবের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে উত্থাপিত হবে। ফার্স্ট রিডিং ও সেকেন্ড রিডিংয়ের সময় আলোচনার সুযোগ থাকবে। বর্তমানে যে দুটি অধ্যাদেশ বিল আকারে এসেছে, সেগুলোর বিষয়ে বিশেষ কমিটি নিঃশর্তভাবে পাস করার পক্ষে মত দিয়েছিল।




এবার বরিশালের চরমোনাই মাহফিলে অংশ নিতে এনসিপি’র নেতৃবৃন্দ

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বরিশালের চরমোনাই দরবারে পৌঁছেছে। তারা চরমোনাই মাহফিলে অংশ নিতে সেখানে যান।

জানা গেছে, ফজর নামাজের পর পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ানে অংশ নেন। বয়ান শেষে তিনি এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে সংক্ষিপ্ত এক ঘরোয়া মতবিনিময় সভায় অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্র শক্তির নেতা যোবায়ের হোসেনসহ অন্যান্যরা।

এনসিপি নেতারা বৃহস্পতিবার সারাদিন চরমোনাইয়ে অবস্থান করবেন। বাদ জোহর মাহফিলের মূল মঞ্চে বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।




দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত,বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ

ডিএনবি নিউজ ডেস্ক : :

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর পৌরসভা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাব, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পরবর্তিতে ইউএনও আফরোজা আফসানা‘র সভাপতিত্বে সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা প্রশাসন। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার। পরবর্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, সকল দপ্তর প্রধান, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পরবর্তিতে কুচকাওয়াজে অংশনেয়া বিজয়ী প্রতিষ্ঠানদের মাঝে পুরস্কার বিতরণের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন মন্দির ও মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, বিকেলে জাতীয় খেলা হা-ডু-ডু ও সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এছাড়া বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।




দুর্গাপুরকে ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলা হবে: দুর্গাপুর প্রেসক্লাব’র রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার সীমান্তবর্তী ও ঐতিহ্যবাহী উপজেলা দুর্গাপুরকে একটি ‘মানবিক জনপদ’ ও সমৃদ্ধ ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করতে চাই।”

রবিবার (২২ মার্চ) দুপুরে ‘দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী উদ্‌যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন।

অনুষ্ঠানের শুরুতে ডেপুটি স্পিকার দুর্গাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণ করেন এবং তরুণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। সাংবাদিকদের সমাজের ‘দর্পণ’ ও ‘নির্যাতিত মানুষের ঢাল’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “আপনারা নিউজের ভেতরের নিউজগুলো বের করে আনেন। দীর্ঘদিনের পচনশীল রাজনৈতিক কাঠামো ও দূষিত রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে আপনাদের লেখনী জরুরি। সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, আপনাদের তথ্যের ভিত্তিতেই প্রশাসন ও জনপ্রতিনিধিরা ব্যবস্থা নিতে পারবে।”

রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলের তীব্র সমালোচনা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বা বিত্তশালী যদি সাধারণ মানুষের সম্পদ, মসজিদ বা মন্দিরের জায়গা দখল করে, তবে তা মেনে নেওয়া হবে না। আমরা এমন দুর্গাপুর চাই, যেখানে গোরো, হাজং, হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান- সবাই সমান অধিকার ভোগ করবে। আইনের চোখে সবাই সমান, এখানে কেউ কারো অধিকার খর্ব করতে পারবে না।”

দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে ডেপুটি স্পিকার জানান, দুর্গাপুরে নতুন রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগেই দিয়েছিলেন এবং বর্তমানে সেটির ভিত্তিপ্রস্তরের কাজ চলমান রয়েছে। এছাড়া সোমেশ্বরী নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু এবং মহাদেও নদীর ওপর সেতু নির্মাণসহ একাধিক মেগা প্রকল্পের ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, নেত্রকোনা সদর ও পূর্বধলার সংসদ সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় খুব শিগগিরই এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সাধারণ মানুষ দেখতে পাবে।

স্থানীয়দের দীর্ঘদিনের উদ্বেগের বিষয় ‘বালু উত্তোলন’ প্রসঙ্গেও তিনি স্পষ্ট বক্তব্য রাখেন। তিনি বলেন, “অবৈজ্ঞানিক পন্থায় বালু উত্তোলন করে মুষ্টিমেয় কিছু মানুষের পকেট ভারী করার সহজ পন্থা আমরা বন্ধ করতে চাই। যত্রতত্র বালু উত্তোলনের ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে। নদী ও প্রাকৃতিক সম্পদের ভারসাম্য বজায় রেখে, বিজ্ঞানভিত্তিক ও বৈধ উপায়ে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে। যা একইসাথে পরিবেশ রক্ষা করবে এবং অর্থনৈতিক উন্নয়নও ঘটাবে।”

দুর্গাপুরের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ এবং রংছাতি- এই পাঁচটি ইউনিয়নকে কেন্দ্র করে একটি ‘ট্যুরিজম হাব’ বা পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় হাজারো মানুষের কর্মসংস্থান হবে এবং সারাদেশ থেকে পর্যটকরা এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন। এর ফলে উন্নত হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ আনুষঙ্গিক নাগরিক সুবিধা স্বয়ংক্রিয়ভাবেই বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ড. দিবালোক সিংহ।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপালনকারী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




দুর্গাপুরে শেষ হলো ৩দিন ব্যাপি হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয় বারের মতো তিনদিন ব্যাপি ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শেষ হয়েছে। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শনিবার (০৭ মার্চ) বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, মাননীয় ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্যব্যারিস্টার কায়সার কামাল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্দ্যেগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। গতবছরের ধারাবাহিকতায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণপুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করতেই প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করা হয়। এমন সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ ও শিশু-কিশোরদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরও বৃদ্ধি পাবে। দুর্গাপুরে এমন বৃহৎ পরিসরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মাননীয় ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এমন সুন্দর একটি প্রতিযোগিতার ব্যবস্থা করার জন্য।

এ সময় উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, আমন্ত্রিত মেহমান আল্লামা জিয়া উদ্দিন (দা: বা:), মাওলানা আব্দুর রউফ, পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা সাহেব, হাফেজ শাহাবদ্দিন সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমান সহ অন্যান্য উস্তাদগণ, এন্তেজামিয়া কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুফতী হুমায়ুন কবীর, মুফতী এনায়েত উল্লাহ, মুফতী শিব্বীর আহমেদ আকন্দ প্রমুখ। আলোচনা শেষে পবিত্র কুরআন প্রতিযোগিতায় সেরা ১০, আযান প্রতিযোগিতায় সেরা ৫ ও হামদ নাত এ সেরা ৫ জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়।




নতুন এমপিদের হাতে-কলমে সংসদের রীতি-নীতি শেখাচ্ছে বিএনপি

বিএনপি এবার দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকারে এসেছে। তবে দলটির সিংহভাগ সংসদ সদস্যই নতুন। প্রথমবারের মতো তারা বিজয়ী হয়েছেন। এজন্য সদস্যদের সংসদের রীতিনীতি শেখাতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সাংসদরা অংশ নিয়েছেন। বিকালে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা অংশ নেবেন।

সকালের পর্বে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও  সিনিয়র নেতা ওসমান ফারুক প্রমুখ।

গতকাল (শুক্রবার) দু’দিনের এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম দিন সকালে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুরের কয়েকজন সাংসদ অংশ নেন।

কর্মশালায় অংশ নেওয়া এক সংসদ সদস্য বলেন, সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে দলীয় এমপিদের ধারণা দিতেই মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন।




নেত্রকোনার দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয় বারের মতো তিনদিন ব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ০৫ মার্চ (বৃহ:স্পতিবার) সকাল থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্দ্যেগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। গত বছর প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করেছিল উপজেলা বিএনপি। যার ধারাবাহিকতায় এবারও দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ ও শিশু-কিশোরদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরও বৃদ্ধি পাবে। দুর্গাপুরে এমন বৃহৎ পরিসরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মাননীয় ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এমন সুন্দর একটি প্রতিযোগিতার ব্যবস্থা করার জন্য।

এ সময় আমন্ত্রিত মেহমান হিসেবে মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা সাহেব, হাফেজ শাহাবদ্দিন সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমান সহ অন্যান্য উস্তাদগণ, এন্তেজামিয়া কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুফতী হুমায়ুন কবীর, মুফতী এনায়েত উল্লাহ, মুফতী শিব্বীর আহমেদ আকন্দ প্রমুখ।




বিএনপির নির্বাচিত এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের নিয়ে দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। আয়োজিত এই কর্মশালা উদ্বোধনের ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এতে সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হচ্ছে। দুদিনের প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হবে।




প্রবীন আলেমেদ্বীন আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

প্রবীন আলেমেদ্বীন আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল পৌনে আটটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

তিনি যুক্তির আলোকে ইসলামের বিধি-বিধান তুলে ধরতেন। এজন্য তার নামের সঙ্গে যুক্তিবাদী শব্দটি যুক্ত হয়। একটা সময় তিনি সারাদেশে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম ঘটত। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে তিনি ইসলামের প্রচারে বয়ার করেছেন। এক সময় তাঁর বয়ানের ক্যাসেট খুব জনপ্রিয় ছিল।

মাওলানা যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ছারছীনা দরবারের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন। নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাস করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদরাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে পাস করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী কোরআন, হাদিস, নবি, সাহাবি ও আওলিয়াদের জীবনী তার সুললিত ও দরাজ কণ্ঠে বয়ান করতেন। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ধর্মীয় আলোচনার প্রসার ঘটিয়েছেন। তিনি ইসলাম প্রচারে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বহুবার সফর করেছেন।