দুর্গাপুরে মিনিবাস সহ দুই চোর আটক : লাপাত্তা ভাঙারি ব্যবসায়ী সুরুজ

মিনিবান চুরির ঘটনার সম্পৃক্ততায় ফেঁসে যেতে পারেন ইউপি সদস্য মোহাম্মদ আলী

ডিএনবি নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া গ্রাম থেকে সোমবার সকালে মিনি বাস চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালত ওই দুই অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করেন।

মিনিবাস চুরির সন্ধান পেয়ে ঢাকাস্থ তেজগাঁও এলাকার আব্দুল মজিদের পুত্র মালিক আলী আজম দুর্গাপুর থানায় আসেন। পরে মালিককে সাথে নিয়ে পুলিশের এস আই রুকন ঘটনাস্থলে গিয়ে মিনিবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় গত (২৭ মার্চ) শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন আলী আজম। ভুক্তভোগী আলী আজম এর একটি মাত্র মিনিবাস ছিল। সেটি ভাড়া থেকে যা আয় আসতো, তা দিয়ে সংসার কোনমতে চলতো। বেঁচে থাকার সম্ভল হারিয়ে বারবার কান্না করছিলেন তিনি।

গ্রেপ্তারকৃত সুরুজ্জামান (৩০) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বালুর ঘাট এলাকার মুসলীম উদ্দিনের ছেলে,আর রিয়াজ উদ্দিন(২২)গাজীপুর জেলার শ্রীপুর গ্রামের টেপির বাড়ি এলাকার ভাড়াটিয়া বাসায় থাকতেন। সে ওই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
গত শুক্রবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে মাওনা গ্যাস পাম্প থেকে চুরি হয়ে যায়। ওই দুজন অভিযুক্ত ব্যক্তিদুর্গাপুরের জাগিরপাড়া গ্রামের ভাঙারি ব্যবসায়ী সুরুজ এর সহায়তায় ঘটনার পর দিন সকাল সাড়ে ১০টার দিকে জাগিরপাড়া গ্রামে নিয়ে আসে। ইউপি মেম্বার মোহাম্মাদ আলীর বাড়ি থেকে বিদ্যুত সংযোগ এনে মিনি বাসটিকে কেটে টুকরো টুকরো করে সুরুজ আলী। মিনিবাস চুরির ঘটনায় সংশ্লিস্ট ইউপি সদস্য মোহাম্মদ আলীও জড়িত রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিন ঘুরে জানা যায়, গত ২৭ মার্চ সকালে জাগিরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করে। পরে ভাঙারি ব্যবসায়ী সুরুজ আলী স্কুল মাঠ থেকে মেম্বারের বাড়ির দক্ষিণ দিকে ফাঁকা জায়গাতে মিনিবাসটি কাটতে শুরু করে। এ ঘটনাটি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হলে ইউপি চেয়ারম্যান খবর পেয়ে গ্রাম্য পুলিশ দিয়ে বাসটি কাটতে নিষেধ করা হয়। খবর পেয়ে পুলিশ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাঁওকান্দিয়া বাজার থেকে অভিযুক্ত দুজনকে আটক করে। চটকে পড়ে ভাঙারি ব্যবসায়ী সুরুজ আলী। অনেকটা গাঁ ডাকা দেন ইউপি সদস্য মোহাম্মদ আলী।

সোমবার বিকেলে স্থানীয় ইউপি মেম্বার মিনিবাস চুরির সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মুসলমান বিন্দু মাত্র মিথ্যা বলছি না, এ ঘটনার সাথে আমি কোনভাবেই জড়িত না। মিনি বাসটি চুরির জানলে বিদ্যুত সংযোগ দিতাম না। তবে ভাঙারি সুরুজ এর সাথে এ বিষয়ে কি কথা হয়েছে সবকিছুই আমার কাছে রেকর্ড রয়েছে।

পলাতক ভাঙারি সুরুজের বাড়িতে গেলে স্ত্রী রেজিয়া এ ঘটনার সাথে ইউপি মেম্বার জড়িত আছেন বলে জানান। সোমবার বিকেলে সুরুজ এর বড়ি থেকে একটি ব্যাটারী ও এঙ্গেল, বাসের অন্যান্য মালামাল উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোতালেব জানান, ঘটনাটি এলাকার মানুষের মাঝে সন্দেহ তৈরী হলে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ তদন্ত করে এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে। এ মিনিবাস চুরির সাথে যারা জড়িত তাঁদেরকে আইনের আওতায় আনা উচিত। এটি এলাকার জন্য অত্যন্ত লজ্জাজনক ঘটনা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম জানান, মিনিবাস চুরি করে কে বা কাহারা ওই এলাকায় এনেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে দুজনকে আটক করে কোর্টের মাধ্যমে ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মিনিবাসটির মালিক এসেছিলেন। চুরির ঘটনাস্থল শ্রীপুর মডেল থানার আওতায় হওয়ায় তাৎক্ষণিত ভাবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিনা। তবে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি নিশ্চিত করেন।




সিলেটে কোয়ারেন্টিন থেকে পালানো ২ প্রবাসীর জেল-জরিমানা

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন মঙ্গলবার রাতে তাদের এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা জেলার বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রাম ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের বাসিন্দা। তাদের বয়স ৩৫ থেকে ৪২ বছর।

মেজবাহ উদ্দিন বলেন, গত ২২ মার্চ যুক্তরাজ্য থেকে ফেরার পর ওই দুই প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট শহরের দরগাগেইটে হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু প্রতিবেদন আসার আগেই তারা হোটেল থেকে পালিয়ে যান। তারা দুইজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।

“মঙ্গলবার রাতে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তারা জরিমানা পরিশোধ করেছেন। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

এর আগে গত ২০ মার্চ শহরের আম্বরখানার হোটেল ব্রিটানিয়া থেকে এক পরিবারের নয় সদস্য কোয়ারেন্টিন থেকে পালিয়ে জকিগঞ্জস্থ গ্রামের বাড়ি চলে যায়। তাদের ফোন করে ডেকে এনে প্রাপ্তবয়স্ক ছয়জনকে তিন হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।




কলকাতায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে দমকলের ৮ ইঞ্জিন

ডিএনবি নিউজ ডেস্ক: কলকাতার স্ট্র‌্যান্ডরোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গেছে, এন সি দত্ত রোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চারতলায় আগুন লাগে। ইতোমধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা ভবনকেই। স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকলকে খবর দেন এবং বহুতলের ভিতরে থাকা সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছে।

প্রসঙ্গত, সেই সময় বহুতলের ঘরগুলোতে অল্প কয়েকজন উপস্থিত ছিলেন। সজাগ থাকায় দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন সবাই। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সবাইকে নিরাপদে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে পুলিশ সূত্রে।

সূত্র: এবিপি আনন্দ, আজকাল




আজ লকডাউনের ঘোষণা আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ডিএনবি নিউজ: দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। নতুন করে এই অবস্থা সামাল দিতে বিভিন্ন টাইপের লকডাউনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সাধারণ চলাফেরা ও লোক সমাগমের ক্ষেত্রে সরকার নতুন করে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

গতকাল রোববার রাতে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। সেখানে আজ সোমবার দেশের কিছু এলাকার জন্য এ ধরনের ঘোষণা ‘আসতে পারে’ বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আগামীকাল (আজ) হয়ত বিভিন্ন টাইপের লকডাউনের ঘোষণা আসবে। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি- এসব এলাকায় যাওয়া-আসা বন্ধ করা, বিয়ে-শাদী অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পিকনিক এগুলোও বন্ধ করা, যেখানে জনসমাগম হয় সেসব অনুষ্ঠানে বিধিনিষেধ আসতে পারে।’ সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের পক্ষ থেকে যে প্রস্তাব গেছে। এতে অনেকগুলো প্রস্তাব ছিল। সেগুলো দেখে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা জারি করবেন। তার মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের লকডাউন থাকবে।’




সারাদেশে চলছে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ হরতাল

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশে বিভিন্ন জায়গায় ১৩জনকে গুলি করে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সাধারণ মানুষেরা। ঢাকার পূর্বাঞ্চলের প্রবেশপথ সাইনবোর্ডের সানারপাড়ে সড়ক অবরোধ করেছেন মাদরাসার ছাত্রসহ সাধারণ মানুষ। আজকের হরতালে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের দূরপাল্লার যান চলাচলও বন্ধ রয়েছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরেও হরতালের সমর্থনে রাস্তায় নেমেছেন মাদরাসার ছাত্ররা। মোহাম্মদপুরের মিছিলে পুলিশের সাময়িক বাধার খবর পাওয়া গেছে। ওদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে।
রাজধানী ছাড়াও চট্টগ্রাম, সিলেট, বি-বাড়িয়া, ময়মনসিংহ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা শহরে হরতাল পালন শুরু হয়েছে। হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। এপিসি জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।




দুর্গাপুরে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডেস্করিপোর্ট:

‘‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নানা আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে এ মেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সর্বস্তরের অংশগ্রহনে বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে আলোচনা করেন, ডাঃ তানজিরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ওসি শাহনুর এ আলম, প্রমূখ। দুইদিন ব্যাপী মেলায় বিভিন্ন দপ্তরের ২৯টি স্টল স্থান পেয়েছে।

 




জাতীয় দিবস উদযাপনে অপেক্ষায় আছি: মোদি

বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) এক ভিডিও বার্তায় ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি এ প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আমি আগামীকাল জাতীয় দিবস উদযাপনে অংশ নেওয়ার জন্য অধীর অপেক্ষায় আছি, যাতে শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করা হবে। গত শতাব্দীর অন্যতম শীর্ষ নেতা বঙ্গবন্ধু, যার জীবন ও আদর্শ এখনও লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে।’

ওই বিবৃতিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যও অধীর অপেক্ষার কথাও উল্লেখ করেন তিনি।

মোদি বলেন, করোনা মহামারির এই সময়ে এমন এক প্রতিবেশী বন্ধু দেশে সফর করতে পেরে আমি আনন্দিত, যার সঙ্গে ভারতের গভীর সাংস্কৃতিক, ভাষাগত এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বিদ্যমান।

সাতক্ষীরা ও গোপালগঞ্জে মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করে মোদি বলেন, সাতক্ষীরায় পৌরাণিক যশোরেশ্বরী মন্দিরে মা কালীর প্রতিও পূজা দিতে চাই আমি। বিশেষ করে ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের সঙ্গেও মিথস্ক্রিয়া করতে চাই আমি, যেখানে শ্রী হরিচরণ ঠাকুর পবিত্র বাণীর প্রচার করেছিলেন।

তিনি বলেন, ‘গত ডিসেম্বরে ভার্চুয়াল বৈঠকের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার বিশেষ আলাপ-আলোচনা হবে। পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও অন্য ব্যক্তিদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাপ্নিক নেতৃত্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রগতির জন্য বাংলাদেশকে সাধুবাদ জানানোয় আমার সফর সীমাবদ্ধ থাকবে না; এরসঙ্গে এই অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতিও থাকবে।’

এসময় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা ও সংহতির বার্তাও সফরে দেয়া হবে।




দুর্গাপুরে সীমান্তবর্তী আদিবাসীরা বর্ডার হাট চান

নেত্রকোনার দুর্গাপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে বসবাস করা আদিবাসী নারীরা মানবেতর জীবন যাপন করছেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেই চলছে তাদের জীবন জীবিকা। এ কষ্ট থেকে পরিত্রাণের জন্য সীমান্তবর্তী হাট চান পাহাড়ি আদিবাসীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এপারে বাংলাদেশের উত্তর ভবানীপুর গ্রাম, ওপারে ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা উপ-শহর। দুই দেশের সীমান্তসংলগ্ন গ্রাম দুইটির আশপাশে দীর্ঘদিন কোনো বর্ডার হাট না থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে যেতে হতো দূরের কোনো গঞ্জে বা শহরে।

এ দুর্ভোগের কারণে এসব এলাকার সীমান্তে চোরাচালানের ঘটনাও বেড়ে গিয়েছিল অস্বাভাবিক হারে। কিন্তু সে দুর্ভোগ বা চোরাচালানের দৃশ্যপট এখন সবই পাল্টে গেছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে শাকসবজি, মাছ, মুরগী, বুট, কাঁচা সুপারি, সিগারেট আর ওপার থেকে বিস্কুট, চিনি, ডাল, লবন, কসমেটিক ও জিরা আনা নেয়ার কাজ করে কোন রকম দিন পার করছে স্থানীয় আদিবাসী নারীরা।

আদিবাসী নারী প্রেমলা হাজং বলেন, ‘মলা তো গুরিব মানুষ, উন্য বিবুসা কুরিবো ট্যাংকা কুবায় পায়’ (আমরা গরীব মানুষ, জীবন জীবিকার জন্য অন্য ব্যবসা করতে টাকা কোথায় পাবো) মাঝে মধ্যে খুব কষ্টে পড়তে হয় আমাদের, ওপারের দোকানিরা সুযোগ বুঝে আমাদের মালগুলো বাকিতে রাখতে চায়।

আমরা একদিন কাজ না করলে আমাদের না খেয়ে থাকতে হয়। বেচাকেনা শেষে কোন দিন ৫০০, কোন দিন ৪০০ টাকা লাভ হয়। এদিয়েই কোন রকম চলে আমাদের সংসার।

মাটি কাটার কাজে নারী শ্রমিকদের চেয়ে পুরুষদের চাহিদা বেশি থাকায় আমরা এ ব্যবসা করছি। মালামাল পারাপারের জন্য কাউকে কোন টাকা দিতে হয় কিনা জিজ্ঞাসা করলে জানান, আগে টুকরি প্রতি বাংলাদেশ সীমান্তে ১০০ টাকা দিতে হতো, এখন ওদের চোক ফাঁকি দিয়েই আমাদের জীবিকা নির্বাহ করছি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজিবি বলেন, আমরা অত্যন্ত সতর্কভাবে সীমান্তে টহল দিচ্ছি, আমাদের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় আদিবাসীরা জীবন জীবিকার তাগিদে যে কাজটি করে খাচ্ছে, তা দোষের কিছু নয়। তবে কোন প্রকার মাদক পেলে কাউকে ছাড় দেই না। মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি।

এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান প্রতিনিধিকে বলেন, আমি এই উপজেলায় নতুন এসেছি, বর্ডার হাট ও এই এলাকা দিয়ে এলসি খোলাসহ নানা বিষয়ে ইতোমধ্যে দু‘দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে বলে জেনেছি।

আশাকরি অল্প কিছু দিনের মধ্যে এসব প্রস্তাবনা বাস্তবায়িত হবে। এতে সীমান্তবর্তী খেটে খাওয়া আদিবাসী শ্রমিদের দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে।




ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ১ কোটি ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার এক বিবৃতিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে এ সহায়তার ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন।

তিনি বলেন, “কক্সবাজারে রোহিঙ্গা এবং স্থানীয় গোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বজায় রাখতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিধ্বংসী ঘটনার আলোকে আমি আজ আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের বিদ্যমান মানবিক সহায়তার অতিরিক্ত ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরুরি সহায়তা ঘোষণা করছি।”

গত সোমবার বিকালে উখিয়ার বালুখালীর ৮-ডব্লিউ ক্যাম্পে আগুন লাগে। পরে পাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। সরকারি হিসাবে, এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। তবে জাতিসংঘ শরণার্থী সংস্থা ১৫ জনের তথ্য দিয়েছে।

এ অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৯ হাজার ৩০০ বসত ঘর এবং আনুমানিক ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দুই শতাধিক বসত বাড়ি ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের তিনদিন পর বিবৃতিতে প্রিয়জন হারাদের প্রতি সমবেদনা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই অগ্নিকাণ্ডের প্রভাবে ১২০,০০০ এরও বেশি মানুষ, খাদ্য বিতরণ কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলো ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি বলেন, অতিরিক্ত এই সহায়তা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে খরচ হবে। ২০১৭ সাল থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ২৬০ মিলিয়ন এরও বেশি অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দকৃত তহবিল এর সাথে সংযুক্ত হচ্ছে যা এবং স্থানীয় গোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হচ্ছে।




বিশাল মালবাহী জাহাজ আটকে বন্ধ হয়ে গেছে সুয়েজ খাল

বিবিসি জানিয়েছে, ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, দুই লাখ ২০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি উত্তরদিকে ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। এতে ওই এলাকায় মালবাহী জাহাজগুলোর জট তৈরি হয়।

‘এমভি এভার গিভেন’ নামের এই জাহাজটিকে সরিয়ে নিতে সহায়তা করার জন্য অনেকগুলো টাগ বোট কাজে লাগানো হয়েছে। কিন্তু এটিকে সরাতে কয়েকদিন লেগে যেতে পারে এমন আশঙ্কাও কাজ করছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে সুয়েজ বন্দরের একটু উত্তরে ঘটনাটি ঘটে।

পানামায় রেজিস্ট্রিকৃত এভার গিভেন চীন থেকে মালবাহী কন্টেইনার নিয়ে নেদারল্যান্ডের বন্দর শহর রোটেরডামে যাচ্ছিল। প্রযুক্তিগত ব্যর্থতার কারণে জাহাজটি আটকা পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৮ সালে নির্মিত এই জাহাজটি তাইওয়ানের পরিবহন কোম্পানি এভারগ্রিন মেরিন পরিচালনা করে। এটি আড়াআড়িভাবে অগভীর জলে আটকা পড়ায় অন্যান্য জাহাজের পথও বন্ধ হয়ে গেছে। এতে উভয়মুখি বেশ কয়েকটি কন্টেইনারবাহী জাহাজও আটকা পড়ে আছে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে আটকা পড়া জাহাজ এভার গিভেনের একটি ছবি পোস্ট করা হয়েছে। এর সরাসরি পেছনে থাকা জাহাজ মের্স্ক ডেনভারের ওপর থেকে কেউ একজন ছবিটি তুলেছে। এই ছবিতে আটকে পড়া জাহাজটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে আর এর সামনের দিকের তীরে একটি ছোট খননকারী যন্ত্র বালু পরিষ্কার করছে বলে মনে হয়েছে।

পূর্ণ জোয়ারের সময় জাহাজটিকে আড়াআড়ি অবস্থান থেকে সোজা করা না গেলে মাল নামিয়ে তা করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে কয়েকদিন লেগে যেতে পারে।

সুয়েজ খাল লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। এই খালটির কারণেই এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ উন্মুক্ত হয়েছে। এটি এশিয়া ও আফ্রিকাকে যুক্তকারী সরু ভূখণ্ড সুয়েজের ভেতর দিয়ে গিয়েছে। ১৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথটিতে তিনটি প্রাকৃতিক হ্রদ আছে।