


দুর্গাপুরে এই প্রথম শৌচাগার পরিচ্ছন্ন কর্মীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন
ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে শত বছরের মধ্যে হরিজন সম্প্রদায়ের (সুইপার) এক মেয়ে বেবী বাস্পর ২০২২ সনের এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহন করায় হরিজন সম্প্রদায়ের মধ্যে আনন্দ বিরাজ করছে। বেবী স্থানীয় জহুরা জালাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
এ নিয়ে বেবী বাস্পর এর মা মালা বাস্পর জানান, আমরা হরিজন সম্প্রদায়ের মানুষ। আমাদের সম্প্রদায় থেকে কেউ পড়াশোনা করবে এটা ভাবতেও পারিনা। বেবী পরীক্ষা দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বীত।
পরীক্ষার্থী বেবী বাষ্পর জানান, আমার মা ইউএনও অফিসের ঝাড়ুদার। আমরা নীচু সম্প্রদায়ের লোক বিধায় আমাদের সবাই নীচু চোখে দেখে। আমার ইচ্ছা আমি প্রশাসনের একজন বড় কর্মকর্তা হবো। আমি চাকরি করে আমার সম্প্রদায়ের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে সহায়তা করবো। আমার বাবা নির্মল বাষ্পর আমায় ছোট রেখেই মৃত্যুবরণ করেছেন, আমার এক ভাই সেও বেকার। খুব কষ্টে আমাদের সংসার চলছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ বলেন, বেবী বাস্পরের মা ইউএনও অফিসের ঝাড়ুদার। তার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে শুনে খুবই ভালো লাগলো। সে অত্যন্ত বিনয়ী এবং মেধাবী। আমরা তার সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করছি।

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না: মির্জা ফখরুল
ডিএনবি নিউজ ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এবার আমরা অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছি যে, এ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। একটি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মুক্ত সাংবাদিকতা এ সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা-লিখায় বাধা তৈরি করেছে। সাংবাদিক হত্যা, নির্যাতন এসব এখন অহরহ হচ্ছে। যার কারণে কেউ সাহস করে আর সত্য লিখছে না।
তিনি বলেন, আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবন যাত্রার দিক থেকে অনেক ভালো ছিলাম। তারপরেও পাকিস্তান সরকার যেহেতু আমার অধিকার ও সম্পদহরণ করতো সে কারণে আমরা যুদ্ধ করেছি। কিন্তু এখন তার থেকেও খারাপ অবস্থায় আছি। এখন দেশে এক লাখ ৯২ হাজার কোটিপতি রয়েছে। গরিব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে। ৪২ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে রয়েছে।

আইজিপি হচ্ছেন র্যাব ডিজি আবদুল্লাহ আল-মামুন
ডিএনবি নিউজ ডেস্ক:
বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নতুন আইজিপির তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও আবদুল্লাহ আল-মামুন অনেকটাই এগিয়ে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ ছাড়া র্যাবের পরবর্তী মহাপরিচালকের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। র্যাবের ডিজির তালিকায় পুলিশ সদর দপ্তরে কর্মরত একজন অতিরিক্ত আইজিপির নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।
বর্তমান আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এরপরই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব নেবেন। তিনি র্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর বিসিএস অষ্টম ব্যাচে যোগ দেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগামী ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা। গত বছরের ১৮ অক্টোবর আবদুল্লাহ আল-মামুন গ্রেড-১ পদে পদোন্নতি লাভ করেন।
পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন।
অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি (অপারেশনস), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত আইজিপির (এইচআরএম) দায়িত্ব দেওয়া হয়।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা।

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানীর প্রতিবাদে নাগরিক সভা অনুষ্ঠিত

দুর্গাপুরে তাল বীজ রোপণ করেছে ‘‘রিক্সাচালক তারা মিয়া’’
ডিএনবি নিউজ ডেস্ক :
নেত্রকোনার দুর্গাপুরে বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পরিবেশ বান্ধব দুই‘শ তাল গাছের বীজ রোপণের উদ্যোগ নিয়েছে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত ‘‘রিক্সাচালক তারা মিয়া’’। বুধবার দিনব্যাপি পৌরশহরের বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ বীজ রোপন করা হয়।
রিক্সাচালক তারা মিয়া বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমার স্বল্প আয় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও শশ্মানঘাটে তাল বীজ রোপনের কর্মসূচি হাতে নিয়েছি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সিনিয়র প্রভাষক আকবর আলী আকন্দ, নুর আহমেদ তালুকদার, শামীম আহমেদ, আবু সাদেক প্রমুখ।

সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই: চরমোনাই পীর
ডিএনবি নিউজ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মুসলিম উম্মাহ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ঢাবিতে ছাত্র-ছাত্রীদের নামাজের জায়গা ভেঙ্গে দেয়া হয়েছে। ইসলামী শিক্ষাকে ঐচ্ছিক করে দিয়ে ইসলামী শিক্ষা ধ্বংসের পাঁয়তারা চলছে। অপরদিকে ডারউইনের মতবাদ শিক্ষা সূচিতে পাঠ্য হিসেবে অর্ন্তভূক্ত করে জাতিকে নাস্তিক বানানোর চক্রান্ত চলছে।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ ও জাগ্রত বিবেক, নায়েবে নবী। সমাজ ও রাষ্ট্রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ দীনে হক তথা কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে আলেমদেরকেই নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, রাষ্ট্র্রের অবস্থা অত্যন্ত করুন। সুশাসনের অভাবে মানুষ অসহায় জীবন যাপন করে। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পেতে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। অত্যাচারিত অসহায় ও মজলুম মানুষের আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। এ প্রচলিত সমাজ ব্যবস্থার পরিবর্তন করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ওলামায়ে কেরামগণকেই নেতৃত্ব দিতে হবে। সমাজের নেতৃত্ব দেয়ার দায়িত্ব আলেমদের।
‘আজ যেখানে আলেম সমাজ তথা আল্লাহভীরু জনপ্রতিনিধি নেতৃত্ব দিচ্ছেন সেখানকার মানুষ অনেক ভাল আছেন। আজ যদি রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আলেম সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, তখন সব শ্রেণি ও পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ওলামায়ে কেরামগণ পিছিয়ে থাকায় নেতৃত্ব দিচ্ছেন দুর্নীতিবাজ নেতানেত্রীগণ। ফলে যা হবার তাই হচ্ছে। এ উপলব্ধি যত তাড়াতাড়ি আলেমগণ করতে পারবেন, ততই সমাজ, রাষ্ট্র ও জনগণের কল্যাণ হবে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি আলেম সমাজের অবদান রাখতে হবে।’

সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা
ডিএনবি নিউজ ডেস্ক:
সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনি আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার সাজেদা চৌধুরীর নির্বাচনি এলাকা ফরিদপুর-২ আসনকে শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও একাদশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ১১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের-২১২ ও ফরিদপুর-২ আসনটি ওই দিন (১১ সেপ্টেম্বর) শূন্য হয়েছে।
প্রসঙ্গত, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা।

২ লাখ ইভিএম কিনতে প্রস্তাব উঠছে
ডিএনবি নিউজ ডেস্ক:
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে ইসির হাতে দেড় লাখ ইভিএম রয়েছে। যার ফলে আরও প্রায় ২ লাখ ইভিএম প্রয়োজন।
আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কমিশনের বৈঠকে এ- সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাবের খসড়া তোলা হবে। কমিশনের মতামত নিয়ে প্রস্তাবটি চূড়ান্ত করার পর তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জানা গেছে, ইভিএমের নতুন প্রকল্প প্রস্তাব বৈঠকের আলোচ্য সূচিতে রাখা হয়েছে। আলোচনায় প্রস্তাবটি অনুমোদন হলে পরিকল্পনা কমিশনে পাঠানো হবে প্রকল্প অনুমোদনের জন্য।
জাতীয় নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। যার ফলে প্রকল্প দ্রুত পাস না হলে ১৫০ আসনে ইভিএমে ভোট করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় আর থাকবে না নির্বাচন আয়োজনকারী সংস্থাটির হাতে।