অন্তর্বর্তীকালীন সরকারে আলেম প্রতিনিধি : এগিয়ে ড. আ ফ ম খালিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারে আলেম প্রতিনিধি থাকার আলোচনায় এগিয়ে আছেন ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

একাধিক সূত্র এ সম্ভাবনার কথাটি জানা গেছে। সূত্রটি জানায়, আলেম সমাজের প্রতিনিধি হিসাবে ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেনের নাম ইতোমধ্যে তালিকাবদ্ধ হয়েছে।

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া আরও যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে তারা হলেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জেনারেল মাহফুজ, গৌতম দেওয়ান (ক্ষুদ্র নৃগোষ্ঠী), ব্যারিস্টার সারা হোসেন, ধীরাজ মালাকার (মুক্তিযোদ্ধা+সংখ্যালঘু), ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন (আলেম সমাজের প্রতিনিধি)।

উল্লেখ্য, ড. আ ফ ম খালিদ হোসেন-এর পুরো নাম হচ্ছে আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন। ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়িতে জন্ম নেওয়া ড. খালিদ একজন বাংলাদেশি সুন্নী দেওবন্দি ইসলামি স্কলার। মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ওমরগণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান। এছাড়া, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক। বিশ্ব মুসলীম লীগের মুখপাত্র দ্যা ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সীরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০ টি। এছাড়াও তিনি ৪টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক।




সারাদেশে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা

গত সোমবার সরকার পতনের পর থেকেই ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পুলিশকে দেখা যায়নি। তিন দিন ধরে শহরে ট্রাফিক পুলিশ না থাকায় এক প্রকার বিশৃঙ্খল অবস্থায় যান চলাচল করছে। এতে করে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে রাজধানীতে যানজটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছিল।

এ ছাড়াও মঙ্গলবার সকাল থেকেই পুলিশের কর্মবিরতি চলায় এটি আরো তীব্র আকার ধারণ করে।

এ অবস্থায় সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত শহরে যানবাহন চলাচল শৃঙ্খলা ফিরাতে দেশের বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

রাজধানীতে ট্রাফিকের অনুপস্থিতিতে সড়কে গাড়ি চলাচলের ক্ষেত্রে সৃঙ্খলা বজায় রাখতে চরমোনাই পীরের নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহস্রাধিক সেচ্ছাসেবী ও তাদের একাধিক অঙ্গ সংগঠন আজ ৭ আগষ্ট, বুধবার, রাজধানীর বিভিন্ন পয়েন্ট এ ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

এছাড়া দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর ও পৌরসভা এলাকায় পুলিশের থানা, ক্যাম্প, গুরুত্বপূর্ণ স্থাপনা, মন্দির, গির্জা ও প্যাগডায় নিরাপত্তা নিশ্চিত করতে সেচ্ছাসেবী হিসেবে গতকাল থেকে কাজ শুরু করেছে তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ দেশবাসীকে বর্তমান সংকটময় মুহূর্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

একই সঙ্গে তাদের দলের নেতাকর্মীরা দিন -রাত ২৪ ঘণ্টা সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় পাহারা দিচ্ছেন।




মুক্তিযুদ্ধকালীন সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার জন্য রিট

ডিএনবি নিউজ ডেস্ক :

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ছাড়া বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণার রিটের শুনানি বৃহস্পতিবার (১ আগস্ট) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, সংবিধানে বলা হয়েছে, ‘আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণ-মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি লক্ষ্য করিতে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা-বিধান আমাদের পবিত্র কর্তব্য।’

তিনি আরও বলেন, এখানে ‘আমরা’ শব্দটি চারবার ব্যবহার করা হয়েছে। সুতরাং রাজাকার বাদে তখনকার সব নাগরিকই মুক্তিযোদ্ধা ছিল মর্মে ঘোষণা আবশ্যক ও নির্দেশনা প্রয়োজন।




দীর্ঘ চার বছর পর আজ ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিএনবি নিউজ ডেস্ক:

দীর্ঘ চার বছর পর আজ (শনিবার) ময়মনসিংহ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) দুপুর ১টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে নামার কথা রয়েছে।

শেখ হাসিনার আগমন ঘিরে ময়মনসিংহে উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন সকল আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করেছে। নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা।

প্রধানমন্ত্রী বিকেলে সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন। সেখানে থেকে তিনি ১০৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৭৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

উদ্বোধনের অপেক্ষায় থাকা উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন জায়গায় ছবির ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ময়মনসিংহ সদরের চরসিরতায় ৫০ শয্যাবিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ত্রিশাল উপজেলায় এক হাজার আসনবিশিষ্ট অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, ময়মনসিংহ জেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলার চরআলগী ইউনিয়নকে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষার্থে বেড়িবাঁধ নির্মাণ, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদে নতুন হাসপাতাল নির্মাণ, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূল ভবন শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ উদ্বোধন।

এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হল নির্মাণ, শেখ রেহানা হল নির্মাণ, রোজী জামাল হল নির্মাণ, সরকারি আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট পাঁচতলা ছাত্র হোস্টেল নির্মাণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শেখ হাসিনা সর্বশেষ ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ এসেছিলেন।




ইউক্রেন যুদ্ধ রোহিঙ্গা পরিস্থিতিকে আরও কঠিন করেছে : প্রধানমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের রোহিঙ্গা সংকট থেকে মনোযোগ সরিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ (ইউক্রেনে) পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। পুরো ফোকাস (দৃষ্টি) এখন যুদ্ধ ও ইউক্রেন থেকে আসা শরণার্থীদের দিকে।

কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহের ৫ম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি৫) ফাঁকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি ও সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতারে পৌঁছান শেখ হাসিনা ও বুধবার বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেন, সমস্যা সমাধানে ঢাকা আলোচনায় নিয়োজিত থাকলেও মিয়ানমার তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ইতিবাচক নয়।

আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি গ্রহণ করেন। সাক্ষাৎকারের একটি সংক্ষিপ্ত অংশ ইতোমধ্যেই সম্প্রচার করা হয়েছে এবং পূর্ণাঙ্গ অংশটি আল জাজিরাতে আগামী শনিবার (১১ মার্চ) জিএমটি ৪টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) সম্প্রচার করা হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমারে নিপীড়ন, হত্যা ও ধর্ষণের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও পরিস্থিতির উন্নতির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে যখন রোহিঙ্গা নিপীড়ন শুরু হয়, রোহিঙ্গারা নির্যাতন, হত্যা ও ধর্ষণের শিকার হয় তখন আমরা তাদের জন্য দুঃখ অনুভব করেছি। এরপর আমরা সীমান্ত খুলে দিয়েছি, আমরা তাদের আসতে দিয়েছি। এছাড়াও, আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের সকলের জন্য আশ্রয় ও চিকিৎসা দেই।

তিনি আরও বলেন, পাশাপাশি আমরা মিয়ানমারের সঙ্গেও কথা বলতে শুরু করি। আমরা তাদের বলি, আপনারা তাদেরকে (রোহিঙ্গা) ফিরিয়ে নিন। দুর্ভাগ্যক্রমে তারা ইতিবাচক সাড়া দিচ্ছে না। রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু এটা সত্যিই খুব কঠিন। আমরা তাদের জন্য আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করেছি। ভাসানচর একটি ভালো জায়গা, থাকার জন্য… আমরা সেখানে শিশুদের জন্য ভালো থাকার ব্যবস্থা এবং চমৎকার সুবিধার ব্যবস্থা করেছি।

রোহিঙ্গা শিবিরে জীবনযাত্রার পরিস্থিতি এবং আগুনে ১২ হাজারের বেশি রোহিঙ্গার আশ্রয় হারানো প্রসঙ্গে তিনি বলেন, আসলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। তারা (রোহিঙ্গারা) একে অপরের সাথে লড়াই করে। মাদক, অস্ত্র ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত। তারা নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত রয়েছে।




দুর্গাপুরে পিকনিক বাস উল্টে নিহত ১ আহত ৩৭

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে একটি পিকনিকের বাস উল্টে ১ জন নিহত ও অন্তত ৩৭ জন আহত হয়েছে। বুধবার সকালে এ দ‚র্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসার ছাত্র হিমেল শেখ (১২) বলে নিশ্চিত করেছেন লক্ষিপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা রুস্তম আলী।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদের মধ্যে বেশিরভাগই মাদরাসার শিশু শিক্ষার্থী।

মুক্তাগাছার ওই মাদরাসার সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম জানান, আমরা মুক্তাগাছা থেকে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে পিকনিক করার জন্য দুর্গাপুরে রওনা হই। সকাল ১০টার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে উল্টে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষীপুর মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষার্থী হিমেলের। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার ও চিকিৎসা পরিচালনা করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার, ডা. মাকসুদা আক্তার রিমি বলেন, সকাল থেকেই দুর্ঘটনার রোগি হাসপাতালে আসা শুরু করেছে। এদের মধ্যে গুরুতর আহত সারা আক্তার (৫) নামের এক শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ১১ জন কে, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।




দুর্গাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ডিএনবি নিউজ ডেস্ক :

সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলী‘র আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও রাজীব-উল-আহসান, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গনি তালুকদার, উপজেলা আ‘লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে দিবস কেন্দ্রীক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কে জানি শীর্ষক প্রামান্য চিত্র, চলচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা শেষে ও উপজেলা শিল্পকলা একাডেমি‘র এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।




পবিত্র শবে বরাত উপলক্ষে ভিন্ন আয়োজন বায়তুল মুকাররমে

ডিএনবি নিউজ ডেস্ক:

পবিত্র শবে বরাতে (১৪৪৪ হিজরি) দোয়া মাহফিল, কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ সোমবার (৬ মার্চ) ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে বরাত (১৪৪৪ হিজরি) উপলক্ষ্যে আগামীকাল (৭ মার্চ মঙ্গলবার) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির বিবরণীতে বলা হয়েছে-

মঙ্গলবার সন্ধ্যা ৬.৪০ মিনিটে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করবেন জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ রুহুল আমীন।

রাত ৮.৫০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় ‍বিষয়ে আলোচনা করবেন মহাখালী গাউছুল আযম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।

রাত ১২.৩০ মিনিটে নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করবেন শাহজাদা লেন জামে মসজিদ, বাদামতলীর খতিব শায়খুল হাদিস মুফতী নজরুল ইসলাম কাসেমী।

রাত ৩.১৫ মিনিটে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতী মো: মিজানুর রহমান।

আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ভোর ৫.৩০ মিনিটে।




সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনও ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

আজ রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।

এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিউমার্কেট থানার ইন্সপেক্টর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর সাইন্সল্যাবে একটি ভবনে আগুন লাগার খবর আমরা পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ।




সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হাসান আর নেই

ডিএনবি নিউজ ডেস্ক :

উপজেলার সদর ইউনিয়নের আগাড়পাড়া গ্রামের আলহাজ্ব রজব আলী মাষ্টার এর ছোট ছেলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উত্তরা নাট্য গোষ্ঠীর সভাপতি আনোয়ার হাসান (৫০) বুধবার রাত এক টায় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি …রাজিউন)। মৃত্যু কালে পিতা, দুই ভাই, স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে স্থানীয় এমপি মানু মজুমদার, সিপিবি কেন্দ্রীয় নেতা ডাঃ দিবালোক সিংহ, উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার, ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্দা সোহরাব হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সাবেক চেয়ারম্যার শাহীনুর আলম সাজু, দুর্গাপুর প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন তার প্ররিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।