জামিনে ছাড়া পেলেন মাওলানা জুনায়েদ আল হাবিব

ডিএনবি নিউজ ডেস্ক:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব দীর্ঘ সাড়ে ১৭ মাস কারাভোগের পর জামিনে ছাড়া পেয়েছেন।

আজ রোববার মাওলানা জুনায়েদ আল হাবিবের ছেলে মাহমুদ আল হাবিব বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২০২১ সালের এপ্রিল ১৭ তারিখ বিকেলে মাওলানা জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে একাধিক মামলা দায়ের করা হয়।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ছিলেন তিনি।

একই সময়ে ২০১৩ সালের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছিলো। তাদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেলেও জামিন পাননি অনেকে।




দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে ও কারিতাস এর আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে শনিবার । নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম এর মিলনায়তনে ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ”পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ডিএসকের প্রকল্প সমন্বয়কারী রুপন কুমার সরকার, কারিতাস এর মাঠ কর্মকর্তা ছবি ম্রং প্রমুখ।

বক্তারা বলেন, প্রবীণরা আমাদের বোঝা নয়, তাঁদের রক্ষনাবেক্ষনে আমাদেরই এগিয়ে আসতে হবে। যে কোন দেশেই মোট জনসংখ্যার একটি বিরাট অংশ জুড়ে থাকে প্রবীণ জনগোষ্ঠী। সব ব্যাক্তিকেই বার্ধক্যের স্বাদ গ্রহণ করতে হবে। তাই প্রবীনদের অবহেলা না করে তাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গনসচেতনতা সৃষ্টির লক্ষেই এ দিবস পালনের মুল উদ্দেশ্য।




সাংবাদিক তোয়াব খান আর নেই

ডিএনবি নিউজ ডেস্ক:

দেশবরেণ্য সাংবাদিক তোয়াব খান (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলার সম্পাদক ছিলেন।

শনিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে তোয়াব খান হাসপাতালটির কার্ডিওলোজিস্ট ডা. কায়সার নাসরুল্লাহ খানের অধীনে ভর্তি ছিলেন।

ইউনাইটেড হাসপাতালে জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৬ সালে একুশে পদক পাওয়া তোয়াব খানের সাংবাদিকতা জীবনের শুরু ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে। ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন তোয়াব খান। সে সময় তার আকর্ষণীয় উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হয় ‘পিণ্ডির প্রলাপ’ নামের অনুষ্ঠান।

দৈনিক জনকণ্ঠের শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি। এরপর নতুন আঙ্গিক ও ব্যবস্থাপনায় প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন তিনি। ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।




দুর্গাপুরে আদিবাসী নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আল নোমান শান্ত, স্টাফ রিপোর্টার

নেত্রকোণার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বঙ্গবন্ধু পরিষদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী নেতা সুব্রত সাংমা‘র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (০১অক্টোবর) শনিবার দুপুরে পৌর শহরের উৎরাইল বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও এলাকাবাসী।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি মিঃ লিংকন, ঢাকা মহানগর (বাগাছাস) সভাপতি প্যাট্রিক চিসিম, ময়মনসিংহ মহানগর বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর সাবেক সভাপতি বান্টি সাংমা, সাইমন তজু , বিশাথা রাংসা, সানি রাংসা, নারী নেত্রী পিয়াসা রাংসা প্রমখ।

উল্লেখ্য,২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কুল্লাগড়া ইউনিয়নের রাশীমনি বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও আদিবাসী নেতা সুব্রত সাংমার ওপর সন্ত্রাসী হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনোও হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত চিহ্নিত ১৫ জনকে উল্লেখ করে ও অজ্ঞাত ১৫-১৬জনকে আসামী করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আল নোমান শান্ত




দুর্গাপুরের মানষিক ভারসাম্যহীন পাগলির আশ্রয় মিলল সরকারি আশ্রয় কেন্দ্রে

আল নোমান শান্ত : স্টাফ রিপোর্টার

নেত্রকোণার দুর্গাপুরে রাস্তায় ঘুরে বেড়ানো অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন পাগলির আশ্রয় মিলল সরকারি আশ্রয় কেন্দ্রে। (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগীতায় সমাজসেবার আশ্রয় কেন্দ্র গাজীপুরের পুবাইল পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেকদিন যাবত মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক মহিলা কৃষ্ণেরচর এলাকায় ঘুরাফেরা করে। সে দোকানপাট,স্কুল শিক্ষার্থীসহ পথচারীদের কাদা মাটি ছুড়ে মারে। এমন অবস্থায় আতংকে থাকতো এলাকাবাসী। এদিকে বৃহস্পতিবার সকালে মানুষের শরীরে কাঁদা ছিটানো মারধর করতে থাকলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানান এলাকাবাসী। পরে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠালে পুলিশ পাগলি টিকে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সমাজসেবা ও থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন উপজেলা নির্বাহী অফিসার। পরে বিকেলে উপজেলা প্রশাসন,সমাজসেবা,থানা পুলিশ ও সকলের সহযোগিতায় সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

স্থানীয় জাহিদ নামের এক ব্যাক্তি জানান, সকালের দিকে কৃষ্ণেরচর বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক মহিলা কাঁদা ছিটাচ্ছে। মানুষ ফেরাতে গেলেও মানুষকে মারধর করছে এরপর বিষয়টি স্থানীয়রা সাংবাদিক ও ইউএনও স্যারকে অবগত করে। পরে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই মানবিক কাজটি করার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, সাংবাদিক ও স্থানীয়দের মাধ্যমে ভারসাম্যহীন মহিলাটির বিষয়ে জানতে পেরে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর সরকারী সকল নিয়ম কানুন অনুসরন করে বিকেলে পাগলিটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত গাজীপুরের পুবাইল আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।




আজ বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে সংবর্ধনা দেবে ধর্ম মন্ত্রণালয়

ডিএনবি নিউজ ডেস্ক:

বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে আজ সংবর্ধনা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউণ্ডেশন। সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

রোববার (২৫ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম।




দুর্গাপুরে এমপি জালাল তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার এর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কবর জিয়ারত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মরহুমের বাসভবন চত্বরে জালাল উদ্দিন তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ আয়োজিত আলোচনা সভায় আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল এর সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, পৌর যুবলীগ সভাপতি মো. নজরুল ইসলাম, আ‘লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মো. শাহীনুর আলম সাজু, মো. আলতাবুর রহমান কাজল, আ‘লীগ নেতা মো. জামাল উদ্দিন, ডা: আব্দুল হান্নান, রহিত মেম্বার, আনোয়র হোসেন বুলবুল প্রমুখ।

বক্তারা বলেন, উত্তর ময়মনসিংহের সিংহ পুরুষ, কিংবদন্তী আওয়ামীলীগ নেতা, তিন তিন বারের এমপি মো. জালাল উদ্দিন তালুকদারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি আমাদের মাঝে না থাকায় আমরা এখন রাজনৈতিক অবিভাবকহীন হয়ে পড়েছি। আপোষহীন এই নেতার প্রকৃত হত্যা রহস্যের জট খুলে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রæত বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি এবং আগামী ২৫ অক্টোবরের উপজেলা আ‘লীগের সম্মেলনে মরহুমের পুত্র শাহ্ কুতুব উদ্দিন তালুকদার কে দলীয় সভাপতি করার জন্য রাজনৈতিক উচ্চ পর্যায়ে দাবী রাখেন।

উল্লেখ্য: ২০১২ সালের এই দিনে সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। এই হত্যা মামলার প্রকৃত রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ প্রশাসন।



পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত বেড়ে ৩২

ডিএনবি নিউজ ডেস্ক :

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে আবারও কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রংপুর থেকে আসা ডুবুরি দলের প্রধান মিজানুর রহমান এসব তথ‌্য নিশ্চিত করে জানান, রোববার সর্বশেষ ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে প্রথম দিনের মতো উদ্ধারকাজ স্থগিত হয়। আবার সকাল থেকেই আমরা উদ্ধার কাজে নেমেছি। এখন পর্যন্ত আরও আট জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া, জরুরি তথ্য কেন্দ্রে নিখোঁজদের তালিকায় আরও ২৫ জনের নাম যুক্ত হয়েছে।

এদিকে, রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে নিহত ২৪ জনের পরিচয় নিশ্চিতের তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্র।

তালিকা অনুযায়ী ২৪ জনের মধ্যে ২৩ জনই হিন্দু ধর্মাবলম্বী বলে নিশ্চিত করেন তথ্য কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এসিল্যান্ড ইমরানুজ্জামান। নিহতদের মধ‌্যে একজন মুসলিম। তার নাম  হাশেস আলী (৭০)। তার বাবা মৃত আহম্মদ আলী। বাড়ি পঞ্চগড়ের বড়শশী বোদার কুমার পাড়ায়।

নিহতদের মধ‌্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, শ্যামলী রানি (১৪), লক্ষী রানি (২৫), অমল চন্দ্র (৩৫) শোভা রানি (২৭), দিপঙ্কর (৩) পিয়ন্ত (২.৫)  রুপালি ওরোফে খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫) ধনবালা (৬০) সুনিতা রানি (৬০), ফাল্গুনী (৪৫) প্রমিলা দেবী, জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানি (২৫),  সানেকা রানি (৬০), সফলতা রানি (৪০) বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানি ওরফে শিমুলি (৩৫),  উশোশি (৮) তনুশ্রী (৫), শ্রেয়সী, প্রিয়ন্তী(৮)। তাদের সবার বাড়ি পঞ্চগড়ে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া, আহতদের প্রত্যেকের পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে সন্ধ‌্যায় আউলিয়া ঘাট থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন তারা। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পরই ডুবে যায়।




২০ জেলার নদীবন্দরে সতর্ক সংকেত

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকাসহ ২০ জেলার নদীবন্দরকে সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বজ্রপাতেরও আভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসে ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী, দিনাজপুর,পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।




দুর্গাপুরে সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ডিএনবি নিউজ ডেস্ক:

         নেত্রকোনার দুর্গাপুরে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার এর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার দিনব্যপি শোক র‌্যালি, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গরীবদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়

         এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহনে মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুম জালাল উদ্দিন তালুকদারের সুযোগ্য কন্যা ও দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ‘লীগ এর কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর জাতীয় পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, জেলা আ‘লীগের যুগ্ন সম্পাদক ও নেত্রকোনা পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি, কলমাকান্দা উপজেলা আ‘লীগের সভাপতি চন্দন বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আ‘লীগের সভাপতি ও সাবেক মেয়র মাওলানা আব্দুস সালাম, উপজেলা আ‘লীগের সহ:সভাপতি উসমান গণি তালুকদার, শ.ম জয়নাল আবেদীন, এডভোকেট মজিবুর রহমান, আলী আসগর, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আ‘লীগ নেতা আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।

           বক্তারা বলেন, উত্তর ময়মনসিংহের সিংহ পুরুষ, কিংবদন্তী আওয়ামীলীগ নেতা, তিন তিন বারের এমপি মো. জালাল উদ্দিন তালুকদারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি আমাদের মাঝে না থাকায় আমরা এখন রাজনৈতিক ভাবে অবিভাবকহীন হয়ে পড়েছি। এই হত্যা মামলার সুষ্ঠ তদন্ত নিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। আপোষহীন এই নেতার প্রকৃত হত্যা রহস্যের জট খুলে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রæত বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

        উল্লেখ্য: ২০১২ সালের এই দিনে সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। এই হত্যা মামলার প্রকৃত রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ প্রশাসন।