কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিনাইদহ সদর আমলী আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এ মামলা করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আব্দুল আলীম নামের এক আইনজীবী মামলাটি দায়ের করেন। এ সময় আদালতের বিচারক মখলেসুর রহমান পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদী ও আইনজীবী আব্দুল আলিম বলেন, সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যা জিয়া পরিবারের সম্মান ক্ষুন্ন করেছে। বিএনপি সহ আমাদের সবার মানহানি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচার দাবিতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা চাই আইনগতভাবেই আমির হামজার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।




মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনি কার্যক্রম শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

ডিএনবি নিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রেওয়াজ অনুযায়ী তিনি মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনি কার্যক্রম শুরু করেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মাজারের উদ্দেশে রওনা হয়ে রাত সোয়া ৯টার দিকে সেখানে পৌঁছান তারেক রহমান। শাহজালালের মাজার জিয়ারতের পর তিনি খাদিমনগরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

দুই মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যান। সেখানে কিছু সময় অবস্থানের পর শহরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করেন।

২২ বছর আগে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে অংশ নিতে এসে তারেক রহমান তখন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। সে সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করতেন। মায়ের অনুসৃত সেই পথ ধরেই দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর এবার তারেক রহমান দেশে ফিরে একইভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ২৫ ডিসেম্বর দেশে ফেরেন।




মঞ্চের আসন ছেড়ে জুলাইযোদ্ধাকে কাছে ডেকে নিলেন তারেক রহমান

ডিএনবি নিউজ ডেস্ক :

রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রোববার (১৮ জানুয়ারি) এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত মতবিনিময় সভায় মঞ্চের প্রটোকল ভেঙে জুলাইযোদ্ধাদের কাছে ডেকে নেন।

বেলা সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তারেক রহমান। অনুষ্ঠানের এক পর্যায়ে দেখা যায় এক অনন্য মানবিক দৃশ্য।

মঞ্চে নিজের নির্ধারিত আসন ছেড়ে মঞ্চের কোনায় আসেন বিএনপির এই শীর্ষ নেতা। সে সময় তিনি জুলাই বিপ্লবে এক আহতকে কাছে ডেকে নেন। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’।

পরপর এই দুটি মতবিনিময় সভার মাধ্যমে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিজ্ঞতা শোনা এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরার উদ্যোগ নিয়েছে বিএনপি।




প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ নোয়াখালীর কবিরহাট উপজেলায়

ডিএনবি নিউজ ডেস্ক :

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫) কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করেছে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বিরুদ্ধে একটি ডাকাতি, দুটি চুরি, একটি অস্ত্র মামলা ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। শনিবার রাত ৮টার দিকে কালিরহাট বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি নির্বাচনী বৈঠক চলছিল। এ সময় মিজান সেখানে উপস্থিত হয়ে নিজেকে দলের ত্যাগী কর্মি দাবি করেন এবং বৈঠকে উপস্থিত নেতাকর্মিদের সঙ্গে গালাগাল ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে চলে যান।
পরে কালিবাজারের উত্তরে কাজী বাড়ির সামনে তাকে আটক করে কয়েকজন ব্যক্তি লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ সড়কে ফেলে রাখা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, নিহত মিজানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি লাঠি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও টিপ চুরি উদ্ধার করা হয়েছে।
নরোত্তমপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, আমরা আমাদের অফিসে বসে নির্বাচনী কথাবার্তা বলছিলাম। সেখানে মিজান এলে কথাকাটাকাটি হয়। পরে সেখান থেকে সে চলে যায়। পরে শুনি কে বা কাহারা তাকে হত্যা করে মরদেহ রাস্তার ফেলে যায়। মিষ্টি বিতরণের বিষয়টি আমার জানা নেই।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, গণপিটুনিতে ডাকাত নিহত হওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদে ইরানের চিঠি

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:

জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকিগুলোকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং এর স্পষ্ট নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী নতুন হুমকির পর নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবকে লেখা এক চিঠিতে এসব বেপরোয়া হুমকির নিন্দা জানান। তিনি বলেন, শক্তি প্রয়োগের প্রকাশ্য হুমকি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন। এ বিষয়ে দৃঢ় ও স্পষ্ট নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরাভানি।

ইরাভানি চিঠিতে আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এসব বেপরোয়া হুমকির কঠোর নিন্দা জানাচ্ছে এবং জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো সশস্ত্র হামলা বা আগ্রাসী কার্যকলাপের বিরুদ্ধে বৈধ আত্মরক্ষার স্বাভাবিক ও অখণ্ড অধিকার পুনরায় জোর দিয়ে উল্লেখ করছে। ইরানের সার্বভৌমত্ব, অখণ্ডতা, জনগণ বা গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ যদি আরও কোনো আগ্রাসী কর্মকাণ্ডের মুখে পড়ে, তবে ইরান এই অধিকার দৃঢ় ও আনুপাতিকভাবে প্রয়োগ করবে।

তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নিরাপত্তা পরিষদ বিশেষকরে এর দায়িত্বশীল সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রকাশ্য হুমকিকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন হিসেবে স্পষ্ট ও দৃঢ়ভাবে নিন্দা জানানো হোক; যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সনদ ও আন্তর্জাতিক আইনের অধীনে তার দায়িত্ব পালনের আহ্বান জানানো হোক; সব ধরনের হুমকি ও শক্তি প্রয়োগ বন্ধ করতে বলা হোক এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তার দায়িত্ব এমনভাবে পালন করতে বলা হোক, যা জাতিসংঘের উদ্দেশ্য ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি দ্বিমুখী নীতি পরিহার করে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে নিরাপত্তা পরিষদের এক স্থায়ী সদস্য এবং তার আঞ্চলিক মিত্র ইহুদিবাদী ইসরায়েলের দায়মুক্তি ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রকাশ্য অবহেলার ফলে সৃষ্ট পরিস্থিতির আরও অবনতি রোধ করা যায়।

জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেন, এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে তা কেবল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে আরও দুর্বল করবে না, বরং যে নিরাপত্তা পরিষদের ওপর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, সেই পরিষদের বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব ও বৈধতাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে। শক্তি প্রয়োগ বা এর হুমকি নিষিদ্ধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি সার্বজনীন বাধ্যবাধকতা এবং এর লঙ্ঘন উপেক্ষা করা বা ন্যায্যতা দেওয়া যায় না। এ ধরণের লঙ্ঘন অনিবার্যভাবে সেই আন্তর্জাতিক আইনি ব্যবস্থার ওপর গুরুতর ও স্থায়ী আঘাতের সমতুল্য।#

সূত্র: পার্সটুডে




বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল

ডিএনবি নিউজ ডেস্ক :

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপি‘র আয়োজনে আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদযোহর স্থানীয় ঈদগাহ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি সহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, কখনোই দেশ ছেড়ে যাননি। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।




এবার সব রেকর্ড ভাঙল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা

ডিএনবি নিউজ ডেস্ক :

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হলো তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এতে কয়েক মিলিয়ন (দশ লাখে এক মিলিয়ন) মুসল্লি অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। এত বড় জানাজার উদাহরণ দেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টা ৫ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

জানাজার আগে খালেদা জিয়ার একমাত্র ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন এবং মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন। তার কাছে কেউ কোনো ঋণ পেলে যোগাযোগ করতে বলেন। এছাড়া খালেদা জিয়ার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তারেক রহমান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা জানাজার জন্য নির্ধারিত হলেও লোক সমাগম ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ফার্মগেট, বিজয় সরনি, আগারগাঁও, কারওয়ানবাজার, বাংলামোটর, তেজগাঁও পর্যন্ত লোকে লোকারণ্য ছিল। বানের স্রোতের মতো চার দিক থেকে সাধারণ মানুষ আসতে থাকে জানাজার দিকে। প্রচণ্ড শীত উপেক্ষা করে গতকাল থেকেই ঢাকামুখী মানুষের ঢল নামে।

জনশ্রুতি আছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাও ছিল স্মরণকালের বৃহৎ। তবে সব রেকর্ড ছাপিয়ে খালেদা জিয়া স্থান করে নিয়েছেন ইতিহাসের পাতায়। এতো বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও ভালোবাসায় এর আগে কোনো নেতা বিদায় নিতে পারেননি।




‘স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের এক অবিচল অধ্যায় শেষ’

ডিএনবি নিউজ ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ শোক বিবৃতিতে বলেন, তাঁর ইন্তেকালে আমরা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি এবং জাতির ইতিহাসে এক মহীরুহ নেত্রীর সকল অবদান গভীরভাবে স্মরণ করছি।

বিবৃতিতে তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামের এক মহাকাব্য। তিনি গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে এসে বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের নাম হয়ে ওঠেন। তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করেন। তিনি কখনোই নিজের জীবনের স্বার্থকে দেশের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেননি; বরং ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন।

নেতৃদ্বয় আরও বলেন, আমরা জানি—তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। রাজনৈতিক নিপীড়ন, অন্যায় কারাবাস ও দীর্ঘমেয়াদি চিকিৎসা-বঞ্চনার ফলে তাঁর শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কঠোর নিপীড়ন, অন্যায় কারাবাস ও অব্যাহত নির্যাতনের শিকার হলেও কখনোই দেশ ও উম্মাহর কল্যাণের আকাঙ্ক্ষা কিংবা গণতান্ত্রিক সংগ্রাম থেকে পিছপা হননি। শেষ পর্যন্ত তিনি ছিলেন সেই নেত্রী, যিনি ধর্ম, দেশ ও মানুষের অধিকারকে সমান গুরুত্ব দিয়ে সম্মান করেছেন।

বিবৃতিতে বিশেষভাবে বলা হয়, এই শোকঘন মুহূর্তে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সঙ্গে বেগম খালেদা জিয়ার গভীর সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের কথা স্মরণ করছি। আলেমসমাজের প্রতি তাঁর সম্মান, ভালোবাসা এবং ইসলামী প্রতিষ্ঠান গঠনে রাষ্ট্রীয় সহায়তার মনোভাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃদ্বয় বলেন, আমরা এই মহীয়সী নারীর আত্মার মাগফিরাত ও জান্নাতের জন্য দোয়া করি। তাঁর জীবনসংগ্রাম, সহিষ্ণুতা ও বিচক্ষণ নেতৃত্বের শিক্ষা জাতি কখনো বিস্মৃত হবে না।

মহান আল্লাহ তায়ালা শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এই শোক বহনের তাওফিক দান করুন।




রাজধানীর এভারকেয়ারে তারেক রহমান

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা শেষে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠান শেষে মাকে দেখতে যান তিনি।

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ৩০০ ফিট ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশের আকাশে প্রবেশের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন তারেক রহমান। তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!




ইরান কোনোভাবেই হুমকি ও চাপের কাছে নতি স্বীকার করবে না: ইরাভানি

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক- 

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জোর দিয়ে বলেছেন, ইরান আন্তর্জাতিক কূটনীতিতে অটল থাকবে এবং হুমকি ও চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি জানান, ইরান ন্যায়ভিত্তিক কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বর্তমানে আস্থা পুনরুদ্ধারের দায়িত্ব ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার উপর বর্তায়।

গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব সংক্রান্ত বৈঠকে তিনি বলেন, “নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে একটি সুস্পষ্ট, সচেতন ও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর সমাপ্তি ধারা রয়েছে। এই প্রস্তাব ১৮ অক্টোবর ২০২৫ তারিখে মেয়াদ শেষ করেছে এবং ওই তারিখের পর থেকে এর কোনো আইনি কার্যকারিতা বা বাস্তবায়নমূলক দায়িত্ব নেই। সুতরাং, ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় নিরাপত্তা পরিষদের ভূমিকা চূড়ান্তভাবে শেষ হয়েছে।”

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, তিনি আরও জানান— ইরান কূটনৈতিক সব প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল, কিন্তু প্রতিপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি জোর দিয়ে বলেন, “ইরান কোনোভাবেই জবরদস্তি ও হুমকির কাছে মাথা নত করবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে।”

ভেনিজুয়েলার সংসদ অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় আইন পাস

ওয়াশিংটনের হুমকির প্রেক্ষাপটে ভেনিজুয়েলার সংসদ সর্বসম্মতিক্রমে নৌযান চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা রক্ষার আইন পাস করেছে। এই আইন অর্থনৈতিক অবরোধ ও অবৈধ আন্তর্জাতিক পদক্ষেপ মোকাবিলার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে।

আইনটিতে নৌপথ, বাণিজ্যিক নৌবহর এবং ভেনিজুয়েলার বৈদেশিক বাণিজ্য সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারকে একতরফা নিষেধাজ্ঞা, সীমান্তপারের হুমকি ও দেশের অর্থনৈতিক স্বার্থবিরোধী শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করা হয়েছে।

ভেনিজুয়েলার সংসদ সদস্যরা এই আইনকে জাতীয় সার্বভৌমত্ব জোরদার এবং আন্তর্জাতিক জলসীমায় দেশের বৈধ অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

যুদ্ধক্ষেত্র থেকে ১০ হাজার ইউক্রেনীয় সেনার পলায়ন

রাশিয়ার সাথে সংঘর্ষের এক প্রেক্ষাপটে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ-সমর্থিত বাহিনীর দ্রুত অগ্রগতির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে প্রায় ১০,০০০ ইউক্রেনীয় সেনা যুদ্ধক্ষেত্র থেকে সরে এসে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

তুরস্কে লিবিয়ার বিমান দুর্ঘটনা

তুরস্কে একটি লিবীয় বিমান বিধ্বস্ত হয়েছে। এতে লিবিয়ার কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ আলী আল-হাদ্দাদ।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিমানটি আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং আঙ্কারা অঞ্চলে জরুরি অবতরণের অনুরোধ জানায়। তবে এরপর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা গেছে, লিবীয় প্রতিনিধি দলটি তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য আঙ্কারা সফরে গিয়েছিল।

গাজায় শহীদের সংখ্যা বৃদ্ধি

গাজা থেকেও উদ্বেগজনক খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজা উপত্যকায় ইসরাইলি শাসকগোষ্ঠীর গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭০ হাজার ৯৪২ জন ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭১ হাজার ১৯৫ জন আহত হয়েছেন।#

সূত্র: পার্সটুডে