দুর্গাপুরে সৌদি প্রবাসী ও যুবদলের সাবেক সভাপতিকে মারধর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী আবু সুফিয়ান সহ অন্যান্যদের ওপর ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে ওই ইউনিয়নের বিএনপি নেতা মোঃ আলাল মিয়া গংদের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন আবু সুফিয়ান সহ অন্যান্য ভুক্তভুগিরা।

এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরে আবু সুয়িান বলেন, গত শনিবার (০২ নভেম্বর) বিকেলে কুমুদগঞ্জ বাজারে, বিএনপি’র ইউনিয়ন দলীয় কার্যালয়ে আমাকে ডেকে নিয়ে ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে বিএনপি নেতা, মো. আলাল মিয়া, মো. জলিল মিয়া, মো. কাজল মিয়া সহ আরো ৬-৭ জন স্বার্থান্বেষী দলীয় নেতারা, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ওপর অতর্কিত হামলা চালায়। ওই আমার ডাক চিৎকারে আমার ভাই মাওঃ আবুল হোসাইন এবং ভাতিজা মনিরুজ্জামান বাবু এসে রক্তাক্ত অবস্থায় আমাকে উদ্ধার করে।

নেতারা, আমার আরেক ভাই সাবেক ইউপি সদস্য আবুল বাশার ও আরেক ভাতিজা হাফেজ নাঈম হোসেনকেও গুরুতর আহত করে। ওদের হাত থেকে বাঁচাতে আমার দুই ভাই এবং এক ভাতিজাকে স্থানীয়রা একটি দোকান ঘরে নিয়ে তালাবদ্ধ করে রাখে। পরবর্তিতে আমি গুরুতর অসুস্থ্য অবস্থায় দুর্গাপুর থানায় এবং স্থানীয় সেনাক্যাম্পে বিষয়টি জানাইলে সেনা সদস্যদের সহায়তায় ওই ঘর থেকে তাদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

তিনি আরো বলেন, দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় নিরব চাঁদাবাজি, জুয়ার বোর্ড, গাঁজা, ইয়াবা এমনকি রামনগর ঋষিপাড়ায় বাংলা মদ উৎপাদনের অনুমতি প্রদান করে। আমি এর প্রতিবাদ করতে গেলে আমার ওপর এই হামলা চালানো হয়। দীর্ঘ ২৩ বছর বিএনপি‘র রাজনীতি করে আজ বিএনপি‘র নেতাকর্মী দ্বারাই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আমরা হাসপাতালে চিকিৎধীন অবস্থায় আছি। এ বিষয়ে উপজেলার দলীয় নেতাদের কাছে জানিয়েছি।

আমি আমার ওপর এই অতর্কিত হামলার সুষ্ঠ বিচার দাবী করছি। সেইসাথে অত্র ইউনিয়নের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা, দলীয় প্রভাব বিস্তার না করা সহ এলাকায় নিরব চাঁদাবাজি বন্ধের দাবী জানাচ্ছি। এ সময় অন্যদের মধ্যে মাওঃ আবুল হোসাইন, আবুল বাশার, মনিরুজ্জামান বাবু, আবু ইউসুফ, নাঈম হোসাইন, আজিম উদ্দিন, আক্কাছ মিয়া, জালাল রনি সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।




নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের অবদান রাখতে হবে : পিআইবি মহাপরিচালক

ডিএনবি নিউজ ডেস্ক :

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ গত শুক্রবার রাতে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদের পরিচালনায় এ সভায় বক্তব্য দেন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন

বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাবেক সভাপতি মীর্জা সেলিম রেজা ও সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগ্রা, প্রতীক ওমর প্রমুখ।

বগুড়াকে ব্র্যান্ডিং করার আহ্বান জানিয়ে পিআইবি মহাপরিচালক বলেন, বগুড়ার অনেক ইতিহাস, ঐতিহ্য লুকিয়ে রয়েছে। অবহেলা, অনাদরে ইতিহাস-ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। এসব ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বগুড়ার বিশিষ্ট

ব্যক্তিদের সামনে এনে জেলার ব্র্যান্ডিং করতে হবে। মহাপরিচালক আরো বলেন, ৫ আগষ্টের বিপ্লব একদিনে হয়নি। দীর্ঘ সময় দেশের মানুষ জুলুম-নির্যাতন সহ্য করে এই আন্দোলনের ভিত গড়েছিল। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে সেই আন্দোলন পূর্ণতা পেয়েছে।




যাত্রীকে জিম্মি করে বাসে ডাকাতি, গ্রেপ্তার ৩

ডিএনবি নিউজ ডেস্ক :

সিরাজগঞ্জ থেকে যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে ৪৩ যাত্রীকে জিম্মি করে ঢাকার ধামরাইয়ে নিয়ে আসার ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কালামপুর আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দা সজিব (২৫), মো. মিজানুর রহমান (২৫) ও ফজলু (২৮)।

শনিবার (২ নভেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা গত ২৫ অক্টোবরও অপর একটি বাস ডাকাতিতে জড়িত ছিলো।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অবস) মো. জসিম উদ্দিন এসব তথ্য জানান।

জসিম উদ্দিন জানান, গত ৩১ অক্টোবর পঞ্চগড় থেকে ৪৩ যাত্রীসহ ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে যাত্রীর ছদ্মবেশে সাত ডাকাত বাসটিতে ওঠেন। ভোর ৫টার দিকে টাঙ্গাইল বাইপাস এলাকায় ডাকাতরা চালক হারুনের গলায় ছুরি ধরে তাদের একজন সজিব নামে একজনকে চালকের আসনে বসায়। এছাড়া সুপারভাইজারের গলায় তারা ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। একপর্যায়ে বাসটি মির্জাপুর-কাওয়ালীপাড়া সড়কে নিয়ে যায়। ভোর ৭টার দিকে বাসটি ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় নিয়ে আসে। একপর্যায়ে বাসটি সেখানে একটি খাদে পড়ে যায়। এরইমধ্যে তারা যাত্রীদের কাছ থেকে ৮০ হাজার টাকা, মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেয়। বাসটি দুর্ঘটনার শিকার হলে হেলপার কৌশলে বাসের জানালা দিয়ে লাফিয়ে নেমে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন এগিয়ে আসতে আসতে ডাকাতরা পালিয়ে যায়। তবে স্থানীয়রা দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা বাসচালক সজিবও তাদের সঙ্গী বলে জানায়। তাকেও আটক করা হয়।

এছাড়া তারা গত ২৫ অক্টোবর হওয়া বাস ডাকাতির সঙ্গেও জড়িত বলে স্বীকারোক্তিতে জানিয়েছে। জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত চারটি ছুরি, লুট করা ৩,২৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




পশ্চিমা আগ্রাসন প্রতিরোধে মোহাম্মদপুরে মানববন্ধন

ডিএনবি নিউজ ডেস্ক :

রাজধানীর মোহাম্মাদপুরের বসিলা রোড সংলগ্ন আন নূর ইসলামিয়া নৈশ মাদরাসার ছাত্র সংসদের উদ্যোগে পশ্চিমা আগ্রাসন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১নভেম্বর) দুপুরে মুহাম্মাদ ইয়ামিনের পরিচালনায় বসিলা রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ মানববন্ধনে বক্তারা বলেন- মানবাধিকার ভালো জিনিস কিন্তু মানবাধিকারের নামে যদি মানবাধিকার পরিষদের প্রস্তাবিত ওই কার্যালয় থেকে সমকামিতা ও ইসলাম সমর্থন করে না এমন কর্মকাণ্ড সমাজে ছড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা মেনে নেবো না। আমরা চাই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় না হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা মাহমুদুল হাসান, সংগঠন সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়ামিন, মুহাম্মদ নাইম, মুহাম্মাদ আশরাফ প্রমূখ।




দুর্গাপুরে বনবিভাগের গাছ করাত কলে, জানেন না বন কর্মকর্তা দেওয়ান আলী

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে বন বিভাগের শাল-গজারি গাছ কেটে বিক্রি করছে ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, বিট কর্মকর্তা ও বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে চলছে গাছ কর্তন। তবে বিষয়টি জানেন না বলে দাবি করেছেন দুর্গাপুর বন কর্মকর্তা দেওয়ান আলী।

স্থানীয়রা জানান, দুর্গাপুর উপজেলার কুল্লাগাড় ইউনিয়নের বিজয়পুর, মাইজপাড়া ও মাধবপুর এলাকায় রয়েছে বনবিভাগের বিশাল সেগুন ও গজারী বাগান। প্রতিবছর বর্ষা ও শীতকালীন সময়ে বিভিন্ন অজুহাতে কাটা হয় বাগানের গাছ। তবে অধিকাংশই বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে হয়ে থাকে। এ বছরও বন বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে কাটা গাছগুলো ক্রয় করেছেন ডাকুমারা এলাকার কাঠ ব্যবসায়ি শাহআলম ও দুলাল মিয়া। এ নিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাইজপাড়া এলাকার বাগান থেকে বেশ কিছু শাল-গজারি গাছ কেটে ডাকুমারা এলাকায় এক করাত কলের পিছনে এনে রাখেন শ্রমিকরা। এছাড়া মাধবপুর গ্রামের আব্দুল করিমের বাড়ীর সামনে এনে রাখা হয়েছে বেশ কিছু সদ্য কাটা গজারী গাছ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গাছকাটা শ্রমিক জানান, আজ নিয়ে তিন দিন ধরে পাঁচজনে মিলে প্রায় ৫০টি গাছ কেটেছেন। বিভিন্ন বাগান থেকে বাকি আরও ৫০টি‘র মতো গাছ কাটবেন। রাতের আঁধারে গাছ গুলো কেটে এলাকার বিভিন্ন বাড়ীতে রাখা পর্যন্ত তাদের দায়িত্ব। আরেক গ্রæপ রয়েছে ওই বাড়ী গুলো থেকে নদীর পাড়ে এনে দেয়। পরে গাড়ীতে করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায়।

কাকড়াকান্দা গ্রামের সমাজকর্মী আমিনুল ইসলাম বলেন, রাতের অন্ধকারে প্রায় সময়ই সরকারি সেগুন- গজারী গাছ গুলো কাটা হয়। গাছগুলো কেটে করাত কলে সাইজ কাঠ বানিয়ে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। এই গাছ কাটার সাথে বন-বিভাগের অসাধু কর্মকর্তারা জড়িত আছেন। বন-বিভাগের লোকদের জিজ্ঞেস করলে তারা ওয়াকসনের গাছ কাটা হচ্ছে বলে জানান।

ডাকুমারা এলাকার করাত কলের মালিক ফরিদ আলী বলেন, বৃহস্পতিবার সকালে করাত কলে আসার সময় ডাকুমারা এলাকার কাঠ ব্যবসায়ী শাহআলম ও দুলাল বেশ কিছু গজারী গাছ ঠেলাগাড়ীতে করে নিয়ে যাওয়ার সময় আমি বাঁধা দেই এবং পরবর্তিতে বন-কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং এলাকাবাসীকে অবগত করি।

সরকারি গাছ কাটা নিয়ে কাঠ ব্যবসায়ী সাহালমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সরকারি গাছ ক্রয়ের কথা অস্বীকার করেন পরে, সাংবাদিক পরিচয় পেয়ে এ নিয়ে পরে কথা বলবেন বলে জানান।

দুর্গাপুর বন কর্মকর্তা দেওয়ান আলী বলেন, বিষয়টি আগে জানতাম না। ঝড়ে পড়ে গিয়েছিলো এমন কিছু গাছ কেটে দুর্গাপুর রেঞ্জ অফিসে আনার কথা ছিলো। গাছ কাটার বিষয়টি জানার পর গাছ কাটতে বিট অফিসার আব্দুর রহিমকে নিষেধ করে দিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তি ব্যবস্থা নেবো।




দুর্গাপুর মুজাহিদ কমিটি ও ফজলুল উলুম কারীমিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

ডিএনবি নিউজ ডেস্কঃ

বাংলাদেশ মুজাহিদ কমিটি দুর্গাপুর উপজেলা শাখা ও ফজলুল উলুম কারীমিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) বাদ এশা ফজলুল উলুম কারীমিয়া মাদ্রাসা খরস এর মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে বাংলাদেশ মুজাহিদ কমিটি, দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ মাওলানা আলী আকবর সাহেবের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুর্গাপুর উপজেলার সভাপতি মাওলানাআজিজুল হক এর সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েখে চরমোনাই নায়েবে আমিরুল মুজাহিদীন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা মামুনুর রশিদ রব্বানী, সিনিয়র সহ সভাপতি-জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গাজীপুর জেলা, মাওলানা মুফতি নুরুল ইসলাম হাকিমী, সভাপতি – ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা, মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ, সহ সভাপতি-জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ নেত্রকোনা জেলা, মাওলানা সাইফুল ইসলাম মুহতামীম-হিফজুল উলুম মাদ্রাসা, বারহাট্টা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এসময় আশপাশের উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসুল্লি ও চরমোনাই পীরের ভক্ত-মুরিদানের উপস্থিতে মাঠ কানায় কানায় ভরে যায়।
বক্তব্য শেষে চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।




গাইবান্ধায় এইচপিভি টিকা নিয়ে ১৬ ছাত্রী অসুস্থ

ডিএনবি নিউজ ডেস্ক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর একটি বিদ্যালয়ের ১৬ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অক্টোবর বুধবার দুপুরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ হয়ে পড়া সবাই উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেসরকারি প্রতিষ্ঠান ডা. নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী।

তবে চিকিৎসক বলেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নয়, তারা ভয়ে অসুস্থ হয়েছে।

দুপুরে ওই বিদ্যালয়ে এইচপিভি টিকা দেওয়া হচ্ছিল। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ছাত্রীদের টিকা দেন। দুপুর দেড়টার দিকে কয়েকজন ছাত্রী টিকা নেওয়ার পর শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের অসুস্থতা বোধ করে। একে একে ১৬ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ ছাত্রীরা জানায়, টিকা নেওয়ার পরই তাদের পেট ব্যথা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দেয়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়েদ জামান জিতি বলেন, ছাত্রীরা ভয় ও আতঙ্কে অসুস্থ হয়েছে। বড় কোনো সমস্যা নেই। টিকা নেওয়ার কারণে তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।




গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

ডিএনবি নিউজ ডেস্ক :

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় ভোরে তুলারামপুর এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে তিনজন গরু চুরি করতে যায়। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তাদের চিৎকারে গ্রামবাসী চোরদের ধাওয়া করে গণপিটুনি দিলে তিনজন নিহত হয়। তাদের কাছে থাকা মোবাইল ফোনে কথা বলে গ্রামের লোকজন জানতে পারেন- এদের মধ্যে দুজনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে।

সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনজনের মধ্যে দুজনের পরিচয় প্রাথমিকভাবে জানা গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।




নরসিংদীর শীর্ষস্থানীয় আলেম হাফেজ মাওলানা আহমদ আলীর ইন্তেকাল

ডিএনবি নিউজ ডেস্ক :

নরসিংদী জেলার শীর্ষস্থানীয় আলেমেদ্বীন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সে মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম হাফেজ মাওলানা আহমদ আলী ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জামাতা মুফতি সাকিবুল ইসলাম কাসেমী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
এর আগে গতরাত থেকে তিনি বুকে ব্যথা অনুভব করলে আজ ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’

তিনি জানান, আজ রাত ১০টায় হাফেজ মাওলানা আহমদ আলী রহ. -এর নিজ হাতে সাজানো ইলমি বাগান জামিয়া ইসলামিয়া দারুল উলুম গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্স ময়দানেই প্রবীণ এই আলেমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযার নামাজে ইমামতি করবেন তার একমাত্র সাহেবজাদা হাফেজ নেয়ামতুল্লাহ। এরপর মরহুমের অসিয়ত অনুযায়ী গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্স কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
হাফেজ মাওলানা আহমদ আলী রহ. মৃত্যুকালে এক ছেলে, তিন মেয়ে, অসংখ্য শাগরেদ ও গুণমুগ্ধ রেখে গেছেন। তার মৃত্যুতে নরসিংদীর আলেম সমাজ ও দ্বীন দরদি মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নরসিংদী জেলার সর্বজন শ্রদ্ধেয় এ আলেমেদ্বীন ছিলেন দ্বীনি আন্দোলন-সংগ্রাম ও বুদ্ধিবৃত্তিক পদক্ষেপের অগ্রনায়ক। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সহ-সভাপতি তিনি।

তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে হলেও জীবনের প্রায় পুরোটা সময় তিনি কাটিয়েছেন নরসিংদীতে। নরসিংদী জেলার আঞ্চলিক শিক্ষাবোর্ড তানযিমুল মাদারিসিল কওমিয়ার সহসভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

এছাড়া তিনি নবীনগর ওলামা পরিষদের সভাপতি, নরসিংদীর মনোহরদীর প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল উলুম বড় মির্জাপুর মাদরাসার শায়খুল হাদিসের দায়িত্ব পালনসহ বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি নরসিংদীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ ও রেইছা আজীজিয়া কারীমিয়া কওমিয়া মাদরাসা নবাববাড়ীরও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এক সময়।
তার মৃত্যুতে নরসিংদী জেলার ইলমি অঙ্গনে অপূরণীয় এক শূন্যতা তৈরি হলো।




দুর্গাপুরে চালু হলো ‘কৃষকের বাজার’ পণ্য কিনে হাসিমুখে ফিরছে ক্রেতা

ডিএনবি নিউজ ডেস্ক :

উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় নেত্রকোনার দুর্গাপুরে চালু হয়েছে কৃষকের বাজার। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌর শহরের কাঁচা বাজারে এই কৃষক বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

উদ্বোধনকালে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিরাজ করছে। যার কারণে নি¤œ আয়ের মানুষের কষ্ট পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এই অবস্থায় বাজারে যে সিন্ডিকেট রয়েছে তা নিয়ন্ত্রণ করতে এবং সাধারন মানুষের কষ্ট লাঘব করার জন্য আমরা কৃষকের বাজার চালু করেছি। এখন আমরা কৃষকদের আহবান জানাবো যেন তারা এখান থেকেই বিক্রি করেন এবং ক্রেতারা কেনেন। পাশাপাশি যেন কোনো সিন্ডিকেট না হয় সেদিকে লক্ষ্যে রাখতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা মনিটরিং করবে। আমরা পর্যায়ক্রমে এটি আরো ব্যাপক আকারে করার চেষ্টা করেছি।

স্থানীয় কৃষক রুবেল মিয়া বলেন, আমাদের উৎপাদিত পণ্য আমরা সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারছি এতেই আমরা খুশি। যারা কিনতে আসছেন তাঁরাও অনেক খুশি।

পণ্য কিনতে আসা রহিমা বেগম বলেন, বর্তমান বাজারে সবকিছুর যে দাম, তা কেনার ক্ষমতা আমাদের মতো মধ্যবিত্তদের অনেকেরই সামর্থ্য নেই। উপজেলা প্রশাসনের আয়োজনে এই কৃষক বাজার থেকে ন্যায্যমূল্যে কিনতে পেরে খুবই খুশি।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সুরুজ আলী, আব্দুল খালেক ও আবুল হাশেম বলেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে আমাদের বাজারে এসে আর বেশি কিছু ক্ষমতা নেই। যা আয় হয় তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর। আজকে উপজেলা প্রশাসন এমন একটি উদ্যোগ নেওয়ায় আমরা খুবই আনন্দিত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপ-সহকারি কৃষি অফিসার আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, শেখ সাব্বির, রেদোয়ান প্রমুখ।