দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত

দক্ষিণ লেবাননের রণাঙ্গনে যুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনা সংঘাতকে করে তুলেছে আরও উত্তেজনাপূর্ণ।

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ইহুদিবাদী সূত্রগুলোর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে একটি ড্রোন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ লেবাননে ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। সীমান্ত-এলাকায় সংঘর্ষ জোরদারের মধ্যে এই ঘটনা ঘটেছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনী তাদের এক সেনা নিহত ও তিন জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে।

এদিকে হিজবুল্লাহ’র সূত্রগুলো সম্প্রতি লেবাননের আবাসিক এলাকাগুলোয় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর দিয়েছে। এইসব হামলায় অন্তত ৩৪ লেবাননি শাহাদাত বরণ করেছেন।

যুদ্ধের ময়দানের সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনাদের ৯৮ নম্বর ডিভিশন সীমান্তবর্তী শহর বিনতে যোবাইল, মারুন আর রাস ও এইনাসাসহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ ও অগ্রযাত্রা জোরদার করেছে; এইসব এলাকায় গত কয়েক দিনে হিজবুল্লাহ’র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে হানাদার ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ হয়েছে।

এরিমধ্যে ইসরায়েলি বাহিনী গতকাল (সোমবার) ঘোষণা করেছে যে তাদের বাহিনী বিনতে যোবাইল শহর ঘেরাও করে ফেলেছে, যদিও রণাঙ্গনে যুদ্ধ অব্যাহত রয়েছে বলে খবর আসছে।

হিজবুল্লাহ’র মহাসচিব এক ঘোষণায় সীমান্ত-সংলগ্ন শহরগুলো থেকে ইহুদিবাদী নাগরিকদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সূত্র: পার্সটুডে




কুমিল্লার দেবিদ্বারে দেয়াল ধ্বসে সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধ্বসে পড়ে সিফাত (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর কওমি মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী সিফাত উপজেলার বড়শালঘর এলাকার মাসুম রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ছোট আলমপুর কওমি মাদরাসাটির একটি পুরনো দেয়াল ভেঙে নতুন করে নির্মাণের কাজ করছিলেন মাদরাসা কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় মিস্ত্রিদের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের দিয়ে পুরনো দেয়ালটি ভাঙার কাজ করাচ্ছিলেন। হঠাৎ কাজ করতে থাকা শিক্ষার্থী সিফাতের ওপর ধসে পড়ে দেয়ালের বড় একটি অংশ। এ সময় অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা গিয়ে সিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বারের ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। যতটুকু জেনেছি মিস্ত্রিদের পাশাপাশি শিক্ষার্থীরাও দেয়াল ভাঙার কাজ করছিল। হঠাৎ বড় একটি অংশ সিফাতের ওপর পড়লে এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।