
যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আফগানিস্তান ইরানের পাশে থাকবে: জবিউল্লাহ মুজাহিদ
ডিএনবি নিউজ আন্তঃ ডেস্কঃ
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানের ভ্রাতৃপ্রতিম দেশ; দুই জাতির ভাষা, সংস্কৃতি ও বহু মূল্যবোধ অভিন্ন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, জবিউল্লাহ মুজাহিদ রোববার ইরানের সাহাব নেটওয়ার্কের পশতু রেডিওকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সম্ভাব্য মার্কিন হামলা প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ করলে আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন করবে।
মুজাহিদ আরও বলেন- এর আগের মার্কিন হামলার সময়ও শেষ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান বিজয়ী হয়েছিল; দেশটি আবারও যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে সক্ষম হবে। সম্ভাব্য বিজয়ের কারণ হিসেবে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে।
আফগানিস্তান-ইরান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, কাবুল ও তেহরানের সম্পর্ক বর্তমানে সর্বোত্তম অবস্থায় রয়েছে এবং পারস্পরিক সম্মানের পরিবেশে দুই পক্ষ যোগাযোগ বজায় রাখছে।
মুজাহিদ বলেন- বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে আফগানিস্তান ও ইরান একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার; আস্থা ও সহযোগিতার ভিত্তিতে এ সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও জোরদার হয়েছে। তিনি বলেন, এই পরিবেশ আরও বিস্তৃত হবে এবং পারস্পরিক আস্থা অধিকতর সুদৃঢ় হবে।#
সূত্র: পার্সটুডে
