দুর্গাপুরে যুব ইউনিয়নের কমিটি গঠন, রমজান আলী সভাপতি, সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক

ডিএনবি নিউজ ডেস্ক :

“কর্মসংস্থান ও ভোটাধিকারের দাবিতে জেগে উঠো তারুণ্য” এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়নের দশম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে কাউন্সিল শেষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এতে রমজান আলী সরকারকে সভাপতি, সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মীর আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলপুর্বে বিকেলে স্থানীয় শহীদ মিনারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। পরবর্তিতে উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী সরকার এর সঞ্চালনায়, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, যুব ইউনিয়নের জেলা কমিটির সভাপতি জয় কুমার দে পুলক এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেনসহ উদীচী, ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি ও ছাত্র ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীগণ।

দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে যুবসমাজের অধিকার, কর্মসংস্থান, গণতন্ত্রচর্চা, সাংগঠনিক বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়।




সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ডিএনবি নিউজ ডেস্ক :

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। এরমধ্যে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।

এসময় সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যানে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।