
আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রত্যয়ে দুর্গাপুরে পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোণার দুর্গাপুরে পেশাগত মানোন্নয়ন ও আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রত্যয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২২ জুলাই (বুধবার) সকালে উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। মফস্বল অঞ্চলের সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই প্রান্তিক মানুষের সুখ-দুঃখের চিত্র ফুটে ওঠে।” । তিনি পিআইবির এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান। অনুস্থানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সঠিক ও তথ্যবহুল সংবাদ পরিবেশন একদিকে যেমন সমাজকে সঠিক পথ দেখায়, অন্যদিকে তেমনি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “সাংবাদিকতায় প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ও কৌশলের সংযোজন ঘটছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বুনিয়াদি শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা চাই প্রতিটি সাংবাদিক যেন আধুনিক ও আন্তর্জাতিক মানের সাংবাদিকতায় দক্ষ হয়ে ওঠেন। তিন দিনব্যাপী চলমান এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালার বিভিন্ন সেশনে সাংবাদিকতার মৌলিক নীতি, সংবাদ লিখন কৌশল, অনুসন্ধানী রিপোর্টিং, গণমাধ্যমের আইন ও নৈতিকতা এবং ডিজিটাল সাংবাদিকতার প্রাথমিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামী ২৪ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হবে।