সর্বাঙ্গ ব্যথা, ওষুধ দেবো কোথায়, হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা: ডেপুটি স্পিকার

ডিএনবি নিউজ ডেস্ক:-

ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমরা এই দেশেরেই মানুষ, এতএব আমরা একটু সদয়ভাবে যদি নিজেকে চিন্তা করি, সেবার মানসিকতা নিয়ে যদি এগোতে পারি তাহলে ভালো হবে।

নেত্রকোনার দুর্গাপুরে শনিবার (০৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ-সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হান,  ওসি কামরুল হাসান প্রমুখ।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, রাষ্ট্রের সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে, তার মধ্যে স্বাস্থ্য সেবাটা একটা পরে। এই স্বাস্থ্যের অবস্থা এতো ভয়াবহ, এটা আসলে খুবই দুঃখজনক। আমরা দুঃখজনক বলে যদি বসে থাকি তাহলে হয়তো হবে না। আমি কথাই বলি সর্বাঙ্গ ব্যথা, ওষুধ দেবো কোথায়। হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা।

তিনি বলেন বলেন, এই এলাকার এমপি হিসেবে দেড় মাস হয়েছে আমি দায়িত্ব নিয়েছি। আমি চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে যেন স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারি। পাশাপাশি এর মধ্যেই আমরা চেষ্টা করবো যারাই আছেন এই হাসপাতালে, কমবেশি অভিযোগ আছে। দেখেছি এর আগেও দুর্নীতি দমন কমিশনের একটা অভিযান হয়েছে হাসপাতালের জন্য, এটা বদনামের বিষয়। যিনি এখন দায়িত্বে আছেন, এছাড়াও যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন আমরা যদি তার মাপকাঠিতে আরেকটু এগিয়ে যাই, তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

চিকিৎসা সেবার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি আউটডোরে প্রবেশ করে দেখলাম রোগীদের কিছু কমন ঔষধ দেওয়া হচ্ছে। যে ক’জনকে দেখছি, সবার হাতেই একই ঔষধ। এ বিষয়ে সতর্ক হতে হবে।

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, রোগীদেরকে আপনারা মা-বোন ভাই ও সন্তান হিসেবে বিবেচনা করেন, তাহলে ভালো হয়। যারা যতদিন দায়িত্বে থাকবেন, তাদের জন্য শ্রেষ্ঠ সময় হয় এই প্রত্যাশা রাখছি।